সংসদে সংরক্ষিত মহিলা আসনের ভোট ১২ মে
মোহাম্মাদ মুরাদ হোসেন:ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল।এটা নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনেই দাখিল করতে হবে।জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণার কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।এ নির্বাচনে ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি,জামায়াতে ইসলামী জোট ১৩টি ও স্বতন্ত্র সংসদ-সদস্যরা একটি পাবেন।তিনি বলেন,গত ৬ এপ্রিল আমাদের নির্বাচন কমিশনের সভায় আলোচনার ভিত্তিতে সংরক্ষিত মহিলা আসনের তফসিল ঘোষণা করা হলো।
তিনি আরও বলেন, মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে বসেই এ বাছাই কার্যক্রম পরিচালনা করবেন। যদি কেউ আপিল করার ইচ্ছা পোষণ করেন তবে তিনি ২৬ এপ্রিল আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। আর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংরক্ষিত মহিলা আসন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার তথ্য জানিয়ে ইসি সচিব বলেন,এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন নির্বাচন ব্যবস্থাপনা-২ অণুবিভাগের দায়িত্বরত মইনুদ্দিন খান। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন নির্বাচন পরিচালনা অধিশাখার দায়িত্বরত মনির হোসেন। এছাড়া চারজন পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
সংরক্ষিত মহিলা আসন বণ্টনের বিষয় জানিয়ে তিনি বলেন, এ নির্বাচনে বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) জোট করেছে। এ জোট ৩৬টি আসন পাবে। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস জোট করেছে। এ জোট ১৩টি আসন পাবে। ৬ জন স্বতন্ত্র প্রার্থী একজোট হয়ে ১টি আসন পাচ্ছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং রুমিন ফারহানা বলেছেন, ওনারা এককভাবেই থাকবেন, কোনো জোটে যাবেন না। একক সংসদ-সদস্য হিসাবে তারা সংরক্ষিত আসনের ভাগিদার হবেন না।