জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ - Alokitobarta
আজ : শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ


নুর নবী জনী: গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারসহ সাত দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আজ শনিবার ঢাকা থেকে খুলনা,ঝিনাইদহ,কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে।লংমার্চটি রাজধানী থেকে শরীয়তপুর, ফরিদপুর,গোপালগঞ্জ,বাগেরহাট হয়ে যাবে।এর আগে গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ করে জামায়াত জোট। গতকাল শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার জানান, আজ সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করে যাত্রা করবে লংমার্চ। গোপালগঞ্জ জেলা হয়ে গেলেও সেখানে সমাবেশ করবে না ১১ দল। প্রথম দুই লংমার্চে ১১ দলের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছিলেন। তৃতীয় লংমার্চে এ দুজনের কেউ যাচ্ছেন না। এনসিপি সূত্র জানিয়েছে, দলের প্রতিনিধি হিসেবে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যাবেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও যেতে পারেন।তবে তা গতকাল রাত পর্যন্ত নিশ্চিত
হওয়া যায়নি।

গোলাম পরওয়ার সংবাদ সম্মেলনে বলেন,গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে তৃতীয় দফার লংমার্চ হবে। ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ হবে এই লংমার্চ।সংবাদ সম্মেলনে জানানো হয়, শরীয়তপুরের জাজিরার নাওডোবায় সকাল ৯টায়; বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে বেলা ১১টায়; খুলনা মহানগরীর বাবরী চত্বরে দুপুর সাড়ে ১২টায়, ফুলতলার বাসস্টান্ডের স্বাধীনতা চত্বরে বেলা ২টা; যশোরের মুড়লীর মোড়ে বিকেল সাড়ে ৩টায়; ঝিনাইদহের বাস টার্মিনালে বিকেল ৫টায় পথসভা হবে। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভা হবে রাত সাড়ে ৮টায়।

১১ দলের অন্য শরিকদের অংশগ্রহণ প্রশ্নে জামায়াত সেক্রেটারি বলেছেন,সব শরিক দল নিজ নিজ প্রস্তুতি নিচ্ছে। জামায়াত তার প্রস্তুতি নিচ্ছে। সাত দফা দাবির পক্ষে দেশব্যাপী জনমত গড়ে তোলা এবং সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা হবে।গোলাম পরওয়ার বলেন,প্রথম দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন। তিনি আরও বলেন, ঢাকা ও বৃহত্তর ফরিদপুর এবং খুলনা বিভাগের ১৯টি জেলার নেতাকর্মী ও সমর্থকরা লংমার্চে অংশ নেবেন। বিভিন্ন পর্যায়ে প্রায় দেড় হাজার গাড়ি বহরে যুক্ত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। লংমার্চের কারণে মহাসড়কে সাধারণ মানুষের কিছু অসুবিধা হতে পারে। এ জন্য আগাম দুঃখ প্রকাশ করছি। মহাসড়কের এক পাশ ব্যবহার করে কর্মসূচি পরিচালনার চেষ্টা করব, যাতে ভোগান্তি কম হয়।

Top