টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা


আলোকিত বার্তা:অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দুপুর ১২টার পর ঘোষিত স্কোয়াডে নতুন মুখ নেই কোনো। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের নিয়েই তৈরি করা হয়েছে বিশ্বকাপের স্কোয়াড।আগামী ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। প্রথম রাউন্ডে টাইগারদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। বি গ্রুপের অন্য দুই দল স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। প্রথম রাউন্ডে সেরা দুই দলের মধ্যে থাকলে সুপার-১২’র টিকিট পাবে বাংলাদেশ।এই টুর্নামেন্টের স্কোয়াডে কোনো নতুন মুখ না থাকলেও, ছয়জন খেলোয়াড় প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বাদ পেতে চলেছেন। তারা হলেন আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।

এছাড়া লিটন কুমার দাস ও মোহাম্মদ সাইফউদ্দিন খেলেছেন ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে। পাঁচ বছর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন না তারা। তাই এটি তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে।এর বাইরে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের কথাও বিশেষভাবে উল্লেখযোগ্য। কেননা তিনি ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

বাংলাদেশের স্কোয়াডে এর আগে বিশ্বকাপে ম্যাচে খেলার অভিজ্ঞতা থাকা ক্রিকেটার ছয়জন। তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। ২০০৩ সালের পর এবারই প্রথম তামিম ইকবালকে ছাড়া কোনো বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।

ডানহাতি পেসার তাসকিন আহমেদের ২০১৬ সালের সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিজ্ঞতা বেশ তিক্তই বলা চলে। কেননা তখন দুর্দান্ত ফর্মে থাকা তাসকিনকে ফিরে আসতে হয়েছিল বিশ্বকাপের মাঝপথ থেকেই। চাকিংয়ের অভিযোগে তাকে পুরো টুর্নামেন্টে পায়নি বাংলাদেশ।

এবারের বিশ্বকাপে অভিজ্ঞ মাহমুদউল্লাহ, সাকিব, মুশফিকদের সঙ্গে নিয়মিত পারফরমার মোস্তাফিজ, লিটন, তাসকিন, সাইফউদ্দিনদের পাশাপাশি তরুণ তুর্কি হিসেবে আছেন আফিফ, শামীম, শরিফুলরা। যার ফলে সেরা একাদশ বাছাই করাটা খুব সহজ হবে না টিম ম্যানেজম্যান্টের জন্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মুশফিকুর রহীম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।
রিজার্ভঃ রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব

Top