বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই - Alokitobarta
আজ : সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই


নুর নবী জনী:আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে কৃষকসহ দেশের সবার ভাগ্য বদলাতে সরকার কাজ করছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা বিএনপি আয়োজিত এ সভায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা, ৪২ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। শনিবার একদিনের সফরে কক্সবাজারে এসে দিনের অন্যান্য কর্মসূচি শেষে রাতে চকরিয়ায় পৌর বাস টার্মিনালের সামনে বিশাল জনসভায় বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী।

বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আজকে সকালে যখন ঢাকা থেকে প্লেনে উঠলাম, প্লেনে পত্রিকা থাকে। আমি পত্রিকাগুলো দেখলাম কী কী নিউজ আছে। দেখলাম সব পত্রিকা কমবেশি একটি নিউজ করেছে যে, প্রতিবছর বাজেট উপস্থাপনের পরদিন বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো কোনো জিনিসপত্রের দাম বাড়েনি। তিনি বলেন, যে বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট জনগণের পক্ষের বাজেট। এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে বিষয়গুলো ছিল, সেগুলোর ওপর থেকে ট্যাক্স কমিয়ে এনেছি।

প্রধানমন্ত্রী বলেন, প্রায় ২৫ বছর আগে তিনি যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেখেছিলেন, তার তুলনায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পর্যটন, বাণিজ্য ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এ মহাসড়ককে ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করা হবে। তারেক রহমান বলেন, এবারের বাজেট সাধারণ মানুষের জন্য করা হয়েছে। কৃষক, শ্রমিক, নিু ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু মদ, সিগারেট ও বিলাসী পণ্যের ওপর কর বাড়ানোর কারণে বিরোধী দল আপত্তি তুলেছে এবং প্রতিবাদ-বিক্ষোভ করছে।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর কর কমানো হয়েছে। কিন্তু বিরোধী দল সে বিষয়ে কোনো কথা বলছে না। এতে বোঝা যায়, সাধারণ মানুষের স্বার্থ নয়, বিশেষ একটি গোষ্ঠীর স্বার্থই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, যারা মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধির বিরোধিতা করে, তারা জনগণের কল্যাণের রাজনীতি করে না। আমরা মানুষের জন্য ক্ষতিকর পণ্যের ওপর কর বাড়িয়েছি, আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমিয়েছি।

তিনি আরও বলেন, এই বাজেটের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যারা এ বাজেটের বিরোধিতা করছে, তারা মূলত কর্মসংস্থানের বিরোধিতা করছে। তিনি বলেন, দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। যারা বিভ্রান্তি ছড়ায়, ষড়যন্ত্র করে এবং উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

লবণচাষিরা পাবেন কেজিতে ১৫ টাকা : জনসভায় বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা বিএনপির নির্বাচনি অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী উপস্থিত আছেন, ইনশাআল্লাহ এ অঙ্গীকার বাস্তবায়ন হবে। তিনি বলেন, বাজারে লবণ ৪২ টাকা কেজি দরে বিক্রি হলেও উৎপাদকরা ন্যায্যমূল্য পান না। সরকার এমন ব্যবস্থা করবে যাতে লবণচাষিরা অন্তত কেজিপ্রতি ১৫ টাকা এবং মণপ্রতি প্রায় ৬০০ টাকা মূল্য পান।

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়-এমপি কাজল : এর আগে সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ-সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, এ অঞ্চলের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ ভূমিহীন। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় একজন ভূমিহীন মানুষকেও যেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা হয়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই তিনি এ দাবি জানান।

পাতলী খাল পুনঃখননের উদ্বোধন : সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজ হাতে মাটি কেটে পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পথসভায় প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ খাল খনন করেছিলেন। পুনঃখননের ফলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবে, ১ হাজার ২০০ হেক্টর জমিতে চাষাবাদ বৃদ্ধি পাবে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।

বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী : শনিবার সকাল ৯টা ৪৮ মিনিটে একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিমানবন্দরের বাইরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে বের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে কর্মসূচির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তার এ ব্যতিক্রমী উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

টানা বৃষ্টিতেও মানুষের ঢল : টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন। দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চকরিয়ার জনসভায় অংশ নেন। জনসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ-সদস্য এবং দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন : চকরিয়া মালুমঘাট বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পাঁচ বছরে বাস্তবায়িত হতে যাওয়া কর্মসূচিটির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। শনিবার দুপুরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রমুখ। এর আগে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান : চট্টগ্রামের জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদ, কক্সবাজারের পেকুয়া উপজেলার সন্তান ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন। বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলা সদরে পৌঁছান। পরে তিনি শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং সেখানে কিছু সময় অবস্থান করে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

Top