বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ
আলোকিত বার্তা:বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কৃতি সন্তান, সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রবিবার (২ আগস্ট) বাদ জোহর নিজ গ্রামের বাড়ির মসজিদ প্রাঙ্গণে রহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি, বীর মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাযায় অংশ নিয়ে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য দোয়া করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
জানাযা শেষে মাওলানা বাবর উপস্থিত আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং সমাজ ও দেশের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছাত্রনেতা নেয়ামুল হাসান নাঈম, রহমতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সেক্রেটারি মো. আব্বাস উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ।