সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ
নিজস্ব প্রতিবেদক:দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার কতটুকু আন্তরিক এবং আদৌ সংস্কার চায় কি না, তা জাতীয় ঐক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ১১ দলীয় ঐক্য। সংস্কার চাইলে সরকার কীভাবে তা বাস্তবায়ন করতে চায়, সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, সংকট নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন, তবে মূল দায়িত্ব সরকারের। সরকার কতটুকু আন্তরিক, আদৌ সংস্কার চায় কি না, চাইলে কীভাবে চায়—তা গুরুত্বপূর্ণ। সংস্কার কীভাবে হবে, সেই প্রক্রিয়া জনগণ নির্ধারণ করে দিয়েছে। জুলাই সনদের ওপর অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতেই সংস্কার হতে হবে। সাংবিধানিক সংস্কারের বিষয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এ প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে।
হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার যে অঙ্গীকার ছিল, সেখানে এখন বিভক্তি তৈরি হয়েছে। বিএনপি সরকার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সংকট বেড়েছে।
তিনি বলেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সংকটের জন্ম দিয়েছে। সংস্কার কোনো দলের একক দাবি নয়, গোটা জাতির দাবি। এ জন্য গণভোটের রায় বাস্তবায়নে বারবার আহ্বান জানানো হয়েছে। সংসদে ও রাজপথে দাবি তোলার পাশাপাশি নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই সংসদের আলোচনা থেকে নোটিশ বাদ দেওয়া হয়েছে। এ কারণে ১১ দল রাজপথে আন্দোলন করছে।
হামিদুর রহমান আযাদ বলেন, সংকট নিরসনে বিরোধী দলের সাথে সরকারের সংলাপ হবে—এমন আলোচনা কয়েক দিন ধরে চলছে। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করেছে। এসব বিষয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সংলাপ অর্থবহ করতে ১১ দলীয় ঐক্যের দলগুলোর সাথে একসঙ্গে সংলাপের আয়োজনের জন্য কমিশনকে জানানো হয়েছে। এ বিষয়ে ১১ দলের পক্ষ থেকে আলাদা সময় বরাদ্দের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করা হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি ১১ দলের সম্মিলিত দাবি। তাই একক দল হিসেবে তারা সংলাপে অংশ নিতে চান না; জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্য একসাথে অংশ নিতে চায়। সরকার সংলাপের আয়োজন করার পর ১১ দলের শীর্ষ পর্যায়ে আলোচনার মাধ্যমে সংলাপের বিষয়গুলো নির্ধারণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এ সংলাপ দেশের সংকট নিরসনে ভূমিকা রাখবে এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়ক হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল আদিব, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল হোসেন, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।