ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচারের অপচেষ্টা’
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
কর অঞ্চল-০৫, ঢাকার সার্কেল-৯৮(কোম্পানিজ)-এর প্রধান সহকারী মোঃ ইমান হোসেন-এর বিরুদ্ধে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের কাল্পনিক ও বানোয়াট অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। তবে সংশ্লিষ্ট দাপ্তরিক সূত্র ও পারিবারিক নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, আনীত অভিযোগগুলোর কোনো দালিলিক ভিত্তি নেই; বরং তার বাবা-মা এবং স্ত্রীর পৈতৃক ও বৈধভাবে অর্জিত সম্পত্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘অবৈধ সম্পদ’ হিসেবে উপস্থাপন করে একজন সৎ কর্মচারীর সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
আইনি ও দালিলিক অবস্থান:সংশ্লিষ্ট পারিবারিক নথিপত্র ও আয়কর রিটার্ন সূত্রে জানা যায়, মোঃ ইমান হোসেনের পিতা-মাতা এবং তার স্ত্রী নানজিদা শাওন রূপার নিজস্ব পারিবারিক, ব্যবসায়িক ও উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বেশ কিছু স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তি সম্পূর্ণ বৈধ এবং দেশের প্রচলিত ‘আয়কর আইন, ২০২৩’ অনুযায়ী তাদের নিজ নিজ আয়কর নথিতে যথাযথভাবে প্রদর্শিত।
আইনজ্ঞদের মতে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তির পিতা-মাতা বা স্ত্রীর নিজস্ব উৎস, সঞ্চয় বা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বৈধ সম্পদকে কোনোভাবেই সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর অবৈধ উপার্জন হিসেবে গণ্য করার আইনি সুযোগ নেই। অভিযোগপত্রে ঢাকার মোহাম্মদপুর, পূর্বাচল, ফরিদপুরসহ বিভিন্ন স্থানে ফ্ল্যাট, প্লট ও গাড়ির যে কাল্পনিক হিসাব দেওয়া হয়েছে, তার অধিকাংশই অতিরঞ্জিত ও বাস্তবতাবিবর্জিত।
মূলত বৈধ ব্যাংক ঋণ, পারিবারিক সঞ্চয় এবং পৈতৃক সম্পত্তির আয়ের মাধ্যমে অর্জিত সীমিত সম্পদকে ‘৫০ কোটি টাকার অবৈধ সম্পদ’ হিসেবে অতিরঞ্জিত প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
কর্মকর্তা ও সহকর্মীদের মতামত: ‘তার সততা ও কর্মনিষ্ঠায় সবাই মুগ্ধ’
কর অঞ্চল-০৫-এর একাধিক কর্মকর্তা, সহকর্মী ও সেবাগ্রহীতাদের সাথে কথা বলে জানা যায়, মোঃ ইমান হোসেন দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে তার দাপ্তরিক দায়িত্ব পালন করে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কর অঞ্চল-০৫-এর একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা ও সহকর্মী জানান, “মোঃ ইমান হোসেন একজন অত্যন্ত সৎ, বিনয়ী ও কর্মঠ কর্মচারী। দাপ্তরিক নিয়ম-নীতির বাইরে তিনি কখনোই কোনো কাজ করেন না। তার কাজের স্বচ্ছতা ও সততায় অফিসের সবাই মুগ্ধ। মূলত দাপ্তরিক নিয়ম কঠোরভাবে মেনে চলার কারণে এবং কোনো অনৈতিক তদবিরে সাড়া না দেওয়ায় একটি কুচক্রী মহল তার ওপর ক্ষুব্ধ হয়ে এই বেনামী ও ভিত্তিহীন অভিযোগের আশ্রয় নিয়েছে।
এছাড়া আয়কর নথির অধিক্ষেত্র (Jurisdiction) ও বদলি সংক্রান্ত যে অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে দাপ্তরিক সূত্র স্পষ্ট করেছে যে—সরকারি কর্মচারীদের বদলি ও পদায়ন সম্পূর্ণরূপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশাসনিক এখতিয়ারভুক্ত বিষয়; এখানে কোনো কর্মচারীর ব্যক্তিগত প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই। পাশাপাশি আয়কর নথি স্থানান্তর বা সংরক্ষণের বিষয়টিও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত বিধিবিধান ও অটোমেশন প্রক্রিয়া মেনেই সম্পন্ন হয়ে থাকে।
ভুক্তভোগীর বক্তব্য ও কঠোর আইনি পদক্ষেপ:
এ বিষয়ে মোঃ ইমান হোসেন বলেন, “আমি চাকরিজীবনের শুরু থেকেই রাষ্ট্রের আইন ও বিধিবিধান মেনে সততার সাথে দায়িত্ব পালন করে আসছি। আমার ও আমার পরিবারের প্রতিটি সম্পদের বৈধ উৎস ও শতভাগ দালিলিক প্রমাণ রয়েছে, যা যথাযথ কর্তৃপক্ষের কাছে আয়কর নথিতে দাখিল করা আছে। একটি স্বার্থান্বেষী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং দাপ্তরিকভাবে হয়রানি করতে এই মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এই মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি আইন ও দণ্ডবিধির মানহানি ধারায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।