আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা আসছে ডিসেম্বরে দেশে সহিংসতা ও নাশকতা চালাতে পারে।গত ১২ দিনে চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে যুক্ত থেকে ষড়যন্ত্র করছেন বলে মনে করছে সরকার। এ ধরনের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ জন্য দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি পুলিশ বাহিনীর ভেতরে নজরদারি চালানো হচ্ছে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মাঠ পর্যায়ের সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত কয়েক দিনে গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান ও রাকিবুল হাসান।এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিমসহ একই দিনে শুধু রাজধানীতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায়ও গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

গত কিছু দিনে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে সংসদ সদস্যদের বাড়ি ও একটি হাসপাতালে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায়ও হামলা ও আগুনের ঘটনা ঘটে। নড়াইলে হামলায় বিএনপির দুই নেতা নিহত হন। এসব ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বলছেন, পলাতক শীর্ষ নেতাদের নির্দেশনা ও অর্থায়নে এসব নাশকতা চালানো হচ্ছে।গোয়েন্দাদের আশঙ্কা, ডিসেম্বরেও বড় ধরনের নাশকতার চেষ্টা হতে পারে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাজনৈতিক নেতারা হামলার লক্ষ্য হতে পারেন। এ পরিস্থিতিতে পুলিশ প্রশাসনে রদবদলও করা হয়েছে। গত বুধবার নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়। অন্য জেলাগুলো হলো– খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ।এর আগে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনার পর ওই জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়। পরে ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে সংযুক্ত করা হয়।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটে সীমান্তবর্তী ৩২ জেলায় নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরে নাশকতার চেষ্টা করতে পারেন–এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুনামগঞ্জ ও দিনাজপুরের হিলি সীমান্তে নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও সৌরবিদ্যুৎ চালিত সার্চলাইট ব্যবহার করছে বিজিবি। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায়ও টহল চলছে।

সম্প্রতি পুলিশের এক ভার্চুয়াল বৈঠকে সীমান্তবর্তী জেলায় আরও সতর্কতা বাড়াতে এসপিদের নির্দেশ দেওয়া হয়। সীমান্ত দিয়ে বিস্ফোরক, অস্ত্র, ককটেল তৈরির সরঞ্জাম যাতে আসতে না পারে, সেজন্য কড়া নজরদারি রাখতে বলা হয়। এ ছাড়া অনুপ্রবেশের চেষ্টা করলে ঠেকানোর নির্দেশ দেওয়া হয়।

পুলিশের চার কর্মকর্তা গ্রেপ্তার:গত ১৪ নভেম্বর থেকে গত বুধবার পর্যন্ত পুলিশের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গত বুধবার রাতে গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। ২০১৫ সালের জানুয়ারিতে ঢাকার খিলগাঁওয়ে জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগ রয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে,পল্টন থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি। ৩৩তম বিসিএসের এই কর্মকর্তা ২০২৪ সালের ৫ আগস্টের আগে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন।এর আগে ১৪ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। মামলায় তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

ঢাকায় বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গত সোমবার গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, ডিসেম্বরের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি, জাতীয় দিবস ও উৎসব সামনে রেখে পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের সুরক্ষা দেওয়াই এ পরিকল্পনার লক্ষ্য। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে পুলিশ সতর্ক ও দৃঢ় অবস্থানে থাকবে।

পুলিশের অভ্যন্তরীণ নজরদারি বিষয়ে কামারুম মুনিরা বলেন, সবার কর্মকাণ্ডের ওপর নজর রাখা হচ্ছে। কারও বিরুদ্ধে সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত বুধবার বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা পতিত ফ্যাসিস্টদের সঙ্গে যুক্ত থেকে ষড়যন্ত্র করছেন। তাদের কয়েকজনের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। বাকিরাও কঠোর নজরদারিতে রয়েছেন।

পুলিশ সদরদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত তথ্য বিনিময় এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

পুলিশের আরেক কর্মকর্তা জানান, পরিস্থিতি অনুযায়ী কৌশলী পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজন হলে পরবর্তী ধাপে রাবার বুলেট ব্যবহার করা হতে পারে। তবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার বিষয়ে নির্দেশনা রয়েছে।

ককটেলে আইনজীবী আহত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণে এক আইনজীবী আহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আইনজীবী ও স্থানীয় লোকজন দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল রাতে রাজধানীতে পৃথক স্থানে আলিফ পরিবহন ও বিহঙ্গ পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গতকাল এ তথ্য জানান। এর মধ্যে শুধু গোপালগঞ্জে ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

চট্টগ্রামে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন

চট্টগ্রাম নগরীর বড়পোল এলাকায় পুলিশ বক্সে এবং পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকায় ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভূমি অফিসে এবং গতকাল ভোর ৫টার দিকে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে রেস্ট হাউসের সামনে এ ঘটনা ঘটে।

অন্যদিকে, নেত্রকোনা পৌর শহরের হোসেনপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খানের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাব পুড়ে গেছে।

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে আট হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ২৫ নেতার নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও আট হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বলেন, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে নওগাঁর রাণীনগরে বিএনপির একটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

জেলায় জেলায় গ্রেপ্তার:চট্টগ্রামের বাঁশখালীতে থানার আধা কিলোমিটারের মধ্যে প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়া পারভেজ হোসেন (২০) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে শহরের কলাতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বি এম হারুন-অর-রশিদকে বুধবার রাতে আটক করে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বগুড়ার নন্দীগ্রামে বুধবার রাতে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই রাতে রাজবাড়ীর পাংশায় ছাত্রলীগ ও যুবলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Top