৩ লাখ টাকাসহ মহিপুরের পরিচিত মৎস্য ব্যবসায়ী নিখোঁজ,পরিবারে অজানা আতঙ্ক - Alokitobarta
আজ : সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ লাখ টাকাসহ মহিপুরের পরিচিত মৎস্য ব্যবসায়ী নিখোঁজ,পরিবারে অজানা আতঙ্ক


কে এম. ইয়ামিন আহমেদ:পটুয়াখালী জেলার মহিপুরের স্থানীয় বাসিন্দা ও মহিপুর মৎস্য মার্কেটের সুপরিচিত ব্যবসায়ী ‘মেসার্স মানসুর ফিস’-এর বর্তমান পরিচালক মাওলানা আবু সালেহ (৩০) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ব্যবসায়িক কাজে আমতলী গিয়ে ফেরার পথে তিনি নিখোঁজ হন। নিখোঁজের সময় তাঁর সাথে নগদ আনুমানিক ৩ লাখ টাকা ছিল।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ব্যবসায়িক উদ্দেশ্যে টাকা সংগ্রহের জন্য তিনি আমতলী গিয়েছিলেন। বিকেল আনুমানিক ৪টার দিকে স্বজনরা শেষবারের মতো তাঁর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, কিছুক্ষণের মধ্যেই মহিপুরের বাসার উদ্দেশে রওনা হবেন এবং আধা ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন।

তবে সন্ধ্যা ৭টার দিকে আবু সালেহের ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে তাঁর শাশুড়ির ফোনে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তি জানান, আবু সালেহ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন এবং তাঁকে দ্রুত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্য জানানোর পরপরই ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপর থেকে তাঁর ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

ঘটনার খবর পেয়ে আবু সালেহের চাচা শ্বশুর মোঃ খোকন মুন্সি, ফুফা শ্বশুর আঃ হাকিম এবং মেসার্স মানসুর ফিস-এর ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলমসহ স্বজনরা তাঁকে খুঁজতে বরগুনায় ছুটে যান। সেখানে গিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।উদ্বিগ্ন স্বজনরা মহিপুর ও আমতলী থানায় যোগাযোগ করলে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁর সর্বশেষ অবস্থান বরগুনা এলাকায় শনাক্ত করে। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও নিখোঁজের পর থেকে দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় পরিবার ও স্বজনরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যবসায়ীকে দ্রুত উদ্ধারে এবং ঘটনার আসল রহস্য উন্মোচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্র্যাকিং ও তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।যদি কোনো হৃদয়বান ব্যক্তি মাওলানা আবু সালেহের কোনো সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে নিকটস্থ থানা অথবা নিচে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করার জন্য আকুল অনুরোধ জানানো হচ্ছে।

Top