বেশি নম্বর দেওয়ার প্রলোভনে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বেশি নম্বর দেওয়ার প্রলোভনে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব


আলোকিত বার্তা,রংপুর:রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ অ্যাকাডেমির (বিএম) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে এক ছাত্রীকে মুঠোফোনে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।সম্প্রতি প্রায় ৩ মিনিট ৪০ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেন তিনি।এদিকে,ঘটনাটি প্রকাশ্যে আসার পর কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।

ভাইরাল অডিওতে শোনা যায়, ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর দেওয়া এবং বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে এক ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিচ্ছেন অভিযুক্ত শিক্ষক। তবে কথোপকথনের একপর্যায়ে ওই ছাত্রী এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং শিক্ষককে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।অভিযোগকারী ছাত্রী বলেন, বাবা-মায়ের পর শিক্ষকের অবস্থান সবচেয়ে সম্মানের। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে এ বিষয়ে কথা বলবেন বলে তিনি জানান।তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করার জন্য লিখিত আবেদন করেন। শুক্রবার ওই কলেজের সিনিয়র শিক্ষক আইয়ুব হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top