পাটওয়ারীর গাড়িতে হামলার দাবি, পুলিশ বলছে ‘ভিত্তিহীন’ - Alokitobarta
আজ : শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাটওয়ারীর গাড়িতে হামলার দাবি, পুলিশ বলছে ‘ভিত্তিহীন’


আলোকিত বার্তা,সিলেট,জেলা প্রতিনিধি:সিলেটের জৈন্তাপুরে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে আবারও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা ও দুজনকে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এতে উল্লেখ করা হয়, হামলা চালিয়ে দুজনকে আহত ও গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে।তবে পুলিশ বলছে, গাড়িতে হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এনসিপির নেতাদের গাড়িবহরের আগে পেছনে পুলিশের প্রটোকল ছিল। শুক্রবার (৩১ জুলাই) রাতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি করা হয়।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে অংশ নেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু। রাতে জৈন্তাপুরে সমাবেশ শেষ করে গাড়িতে করে ফিরছিলেন এনসিপি নেতারা। এসময় ব্যাপক বৃষ্টি হচ্ছিল।রাত ১১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করা হয়, ‘আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ির কাচ ভাঙচুর করে। এতে ভাঙা কাচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন।

স্ট্যাটাসের সঙ্গে একটি ভিডিও যুক্ত করে দেওয়া হয়। সেখানে দেখা যায়, মাইক্রোবাসের গ্লাস ভাঙা ও ভেতরে একজনের হাত থেকে রক্ত বের হচ্ছে।তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা।তিনি বলেন, ‘এরকম ঘটনা ঘটেনি। সমাবেশ শেষে এনসিপি নেতাদের গাড়িবহরের সামনে ও পেছনে পুলিশের প্রটোকল ছিল। এক মিনিটের জন্যও কোথাও গাড়ি থামেনি।তিনি আরও বলেন, ‘আমি গাড়িবহরের সামনে ছিলাম। জৈন্তা গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছি। এসময়ের মধ্যে হামলার কোনো ঘটনা ঘটেনি।এর আগে মঙ্গলবার হবিগঞ্জে ও বৃহস্পতিবার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা চালানো হয়। হবিগঞ্জের ঘটনায় এনসিপি ও ছাত্রদল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সিলেটের জৈন্তাপুরে শেষ কর্মসূচি শেষ করে স্টেজ থেকে নামার দুই-তিন মিনিট পরই একটি বিকট শব্দ হয়। একটি বড় ইট গাড়ির গ্লাসে এসে পড়ে এবং গ্লাসটি ভেঙে যায়। হামলার সময় তার গাড়ির সামনে-পেছনে পুলিশের গাড়ি ছিল।প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তারেক রহমান একটি মস্ত বড় রাজনৈতিক ভুল করেছেন। এজন্য তাকে কাফফারা দিতে হবে। এমন কাফফারা দিতে হবে তিনি কল্পনাও করতে পারবেন না।’।এই ঘটনাকে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে পাটওয়ারী বলেন, ‘এই ঘটনার জন্য কোনো আদালতে যাবো না। রাজনৈতিকভাবে পরাজয় নিশ্চিত করার মাধ্যমেই এর জবাব দেওয়া হবে।

Top