১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে বরিশাল জেলা জামায়াতের প্রস্তুতি সভা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে বরিশাল জেলা জামায়াতের প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিবেদক: আগামী ১৮ জুলাই শনিবার দুপুর ২টায় বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা ইউনিটের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান ও ড. মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, জেলা কর্মপরিষদ সদস্য আবু মুনিম ও মাসউদুর রহমান শিকদার। এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, সেক্রেটারি সাইফুল ইসলাম, মাওলানা কাওসার হোসাইন, মোশাররফ হোসাইন, মো. সাইফুর রহমান, অ্যাডভোকেট আজম খান, মো. নুরুল হক সোহরাব, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. সাইদ আহমদ ও জেলা সেক্রেটারি মো. আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা আব্দুল জব্বার। সভা পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

সভায় নেতৃবৃন্দ জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান উপস্থিত থাকবেন। এছাড়া ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় আমীরের আগমনকে কেন্দ্র করে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে জেলা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। তিনি জনগণের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতে আন্দোলনের মাঠ আরও শক্তিশালী করার আহ্বান জানান।

প্রস্তুতি সভায় সমাবেশের শৃঙ্খলা রক্ষা, প্রচার-প্রচারণা জোরদার করা এবং বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। জেলা আমীরের সমাপনী বক্তব্য ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

Top