নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন ব্যাহত হয়েছে , ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ
আলোকিত বার্তা:বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা ভারি বৃষ্টিতে দেশের অনেক জায়গায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন ব্যাহত হয়েছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এছাড়া ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি ফিশিং ট্রলার ডুবে যায়। এতে ৬ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। হাতিয়ার নিঝুমদ্বীপে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২০৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বান্দরবানে পাহাড়ধস এবং লামা-আলীকদম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। থানচিতে আটকা পড়েছে শতাধিক পর্যটক। নিরাপত্তা বিবেচনায় বান্দরবানে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মৌসুমি নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এ সময় দমকা হাওয়া, বজ পাত এবং তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন ওড়িশা এলাকায় স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে মঙ্গলবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বজ সহ বৃষ্টি হতে পারে। এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বুধবার রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক স্থানেও বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের আট বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে শুক্রবার এবং শুক্রবার থেকে শনিবারও দেশের অধিকাংশ অঞ্চলে বজ সহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারডুবি, ৬ জেলে নিখোঁজ, উদ্ধার ৫ : বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর গলাচিপার ১১ জেলেসহ ফিশিং ট্রলার ডুবে যায়। পরে ৫ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও অপর ৬ জেলে এখনও নিখোঁজ। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাতেই উদ্ধার হওয়া ৫ জেলেকে গলাচিপায় নিয়ে আসা হয়। সোমবার দুপুরের দিকে উদ্ধার হওয়া জেলেরা সাগরে মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর গলাচিপা থানায় খবরটি জানান বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ।
নিঝুমদ্বীপে নিখোঁজ জেলের লাশ উদ্ধার : নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর মো. মিলন (৫৫) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সি গ্রামসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুপুরের দিকে ঠেলা জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান মিলন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নদীর প্রবল স্রোতে তলিয়ে যান। পরে পানির ওপর তার জাল ভাসতে দেখে সন্দেহ হলে তারা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যার দিকে নদীর পানি কিছুটা কমে এলে মিলনের লাশ উদ্ধার করা হয়।
চট্টগ্রামে টানা বর্ষণ : নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ২০৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে টানা বর্ষণে জলাবদ্ধতার আশঙ্কায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রোববার থেকে সোমবার পর্যন্ত নগরীর জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোয় দফায়-দফায় পরিদর্শন ও তদারকি করেছেন। এই সময়ে নগরীর বেশ কয়েকটি স্থানে অল্প সময়ের জন্য পানি জমলেও কোথাও জলাবদ্ধতা তৈরি হওয়ার খবর পাওয়া যায়নি। রোববার ভোর থেকে বৃষ্টি শুরুর পর নগরীতে জলাবদ্ধতা তৈরি না হওয়ার পেছনে চসিক ও চউক কর্মকর্তাদের তৎপরতাকে বড় কারণ হিসাবে দেখছেন নগরবাসী।
এদিকে আবহাওয়া অফিস থেকে পাহাড়ধসের আশঙ্কা জানানোর পর রোববার রাত থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের কেউ নিরাপদ আশ্রয়কেন্দ্রে যায়নি।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্ত রাখতে আমাদের পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। খাল, নালা ও ড্রেন নিয়মিত পরিষ্কার রাখার সুফল এখন মিলছে। এই অর্জন ধরে রাখতে নিয়মিত মনিটরিং ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে। চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ঢাকা থেকে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন। এরপর গভীর রাত পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে নগরীর জলাবদ্ধতা প্রবণ এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও পানি চলাচল তদারকি করেন প্রকল্প পরিচালক প্রকৌশলী মাইন উদ্দিন।
বান্দরবানে পাহাড়ধস, লামা-আলীকদম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন : টানা ভারি বৃষ্টিপাতে বান্দরবানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় লামা-আলীকদম সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। একই সঙ্গে পাহাড়ধসের কারণে রুমা-বগালেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বান্দরবানে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা : বৈরী আবহাওয়ায় বান্দরবানে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় ১০ জুলাই পর্যন্ত সবগুলো পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সোমবার রাতে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস এক গণবিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধ আরোপ করেন। এদিকে বৈরী পরিস্থিতিতে রেমাক্রী-তীন্দু এলাকায় শতাধিক ভ্রমণকারী পর্যটক আটকা পড়েছেন বলে নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।