নলছিটির রানাপাশা ইলেন ভুট্টো সড়কে ব্যাপক দুর্নীতির অভিযোগ
আলোকিত বার্তা :ঝালকাঠির নলছিটি উপজেলার ৪ নম্বর রানাপাশা ইউনিয়নের উকিল বাজার থেকে জবেত মাঝির বাড়ি পর্যন্ত ইলেন ভুট্টো সড়কের মাটি ভরাট কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ৪ লাখ টাকা বরাদ্দের এই প্রকল্পে বাস্তবে মাত্র প্রায় ৬৪ হাজার টাকার কাজ করা হয়েছে। তাদের দাবি, বেকু (এক্সকাভেটর) দিয়ে ঘণ্টাপ্রতি ১,৮০০ টাকা হিসেবে মাত্র ৩৫–৩৬ ঘণ্টা মাটি কাটার কাজ করা হয়েছে, যা বরাদ্দের তুলনায় অনেক কম।
এলাকাবাসীর আরও অভিযোগ, স্থানীয়ভাবে এ কাজে আপত্তি জানানো হলেও পরে উপজেলা পর্যায়ের এক নেতার মাধ্যমে ৩৪ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, প্রকল্পটির দায়িত্বে ছিলেন রানাপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নেছার আলী কামরুল।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এলাকাবাসীর দাবি, প্রকল্পে বরাদ্দকৃত অর্থের পূর্ণাঙ্গ ও সঠিক ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত পরিমাণ কাজ সম্পন্ন করা হোক। একই সঙ্গে তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।