দুর্গাপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন রোধে প্রশাসনের কঠোর অভিযান - Alokitobarta
আজ : শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন রোধে প্রশাসনের কঠোর অভিযান


রাকিবুল হোসেন শাহীন, দুর্গাপুর (রাজশাহী):খাদ্য নিরাপত্তা ও কৃষি জমি রক্ষায় রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসন মাঠে। তিন ফসলি জমির টপসয়েল কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে বুধবার নওপাড়া ইউনিয়নের আলীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩টি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো এবং খনন কাজে ব্যবহৃত ৬টি ব্যাটারি নিষ্ক্রিয় করা হয়। অভিযানের আগাম খবর পেয়ে জড়িতরা পালিয়ে গেলেও আইন অনুযায়ী মেশিন গুলো ধ্বংস করা হয়। এর আগেও গত ২৪ জুন একই এলাকায় একটি ভেকু নিষ্ক্রিয় করা হয়েছিল। পুনরায় অপরাধ করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান বলেন, তিন ফসলি জমি আমাদের অমূল্য জাতীয় সম্পদ। টপসয়েল ধ্বংস করে জমির শ্রেণি পরিবর্তন করা মানেই ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে। উপজেলা প্রশাসনের এ তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল।

Top