মুন্সিগঞ্জে ৯ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার
মুন্সিগঞ্জ :টানা ৪১ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে নয় শিশু-কিশোর শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।সংগঠনটি ‘৪১ দিনের নামাজ প্রজেক্ট’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর এ পুরস্কার বিতরণ করে।শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর ১০ থেকে ১৬ বছর বয়সী ৩২ জন শিশু-কিশোরের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সদস্যরা। এছাড়া নামাজ আদায়ের চেষ্টার স্বীকৃতি হিসেবে ২৯ জনকে সম্মাননা ক্রেস্ট এবং দুজনকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।ব্যতিক্রমী এ আয়োজন করে আধারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডভিত্তিক সংগঠন ‘আধারা মানব কল্যাণ ফাউন্ডেশন’।
আধারা মানব কল্যাণ ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আধারা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মো. শহীদুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন মো. হাফিজুল বেপারী, মো. নাজমুল মিজি, মো. রোশাদ বেপারী, মো. ইমরান বেপারী, মো. পারভেজ বেপারী, মো. রিয়াজ খান, মো. দিপু, ফাহিম বেপারী, জুনায়েদ বেপারী ও অন্তর বেপারীসহ অন্যরা।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে।কিশোর ও তরুণ প্রজন্মকে মসজিদ ও নামাজের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। দেশের অন্যান্য এলাকাতেও এমন আয়োজন ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন তারা।
আয়োজন বাস্তবায়নে স্থানীয় প্রবাসীরাও আর্থিক সহায়তা দিয়েছেন।