শান্তই থাকছেন টেস্ট দলের অধিনায়ক - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল

শান্তই থাকছেন টেস্ট দলের অধিনায়ক


প্রতিবেদক,আলোকিত বার্তা:আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন আগের অধিনায়কই। ২০২৫-২০২৭ চক্রে শ্রীলঙ্কা সফর দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাওয়া বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।আগের মতো সহ-অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। এক বছরের জন্যই এই দুজনের নেতৃত্বে আস্থা রাখার কথা জানিয়েছে বিসিবি।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ সদস্যের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক এবাদত হোসেন চৌধুরির ফেরা। দীর্ঘ প্রায় দুই বছর পায়ের চোটে মাঠের বাইরে ছিলেন এই পেসার। ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে চোট পাওয়ার পর তাকে অস্ত্রোপচার করাতে হয়। এরপর দীর্ঘ পুনর্বাসন শেষে ঘরোয়া ক্রিকেট দিয়ে ফেরেন। বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলার পর জাতীয় দলে ফিরলেন এবাদত।তাকে ঘিরেই পেস আক্রমণ সাজানো হয়েছে। দলে তার সঙ্গে আরও আছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।

দলে জায়গা ফিরে পেয়েছেন লিটন কুমার দাসও। পাকিস্তান সুপার লিগে খেলার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজে ছিলেন না। সেই সিরিজে অংশ নিয়ে পরে চলে যাওয়া নাহিদ রানাও দলে ফিরেছেন। দলে আছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, যিনি এখনো অভিষেকের অপেক্ষায় আছেন। এই স্পিনারের সঙ্গে স্পিন বিভাগে আরও থাকছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

অন্যদিকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব। জয় ব্যাট হাতে দীর্ঘদিন রান খরায় ভুগছেন। ২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৬ রান করলেও এরপর ১৭ ইনিংসে আর ফিফটির দেখা পাননি।

তানজিম সাকিব অভিষেক ম্যাচে ৪১ রান করলেও বোলিংয়ে ছিলেন নিষ্প্রভ, ফলে এবার বাদ পড়েছেন। বাঁহাতি স্পিনার তানভির ইসলামও কোনো ম্যাচ না খেলেই স্কোয়াড থেকে ছিটকে গেলেন।

আগামী ১৩ জুন শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। ১৭ জুন গলে শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয়টি মাঠে গড়াবে ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে।

একনজরে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অনিক, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন চৌধুরি, হাসান মাহমুদ, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ।

Top