দ্রুত ধর্ষণকারীর কঠোর শাস্তি নিশ্চিতের দাবিতে কুবিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের মানববন্ধন
কুবি প্রতিনিধি:ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা। রোববার (১১অক্টোবর) সকাল ১১টায় কুবি ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।এসময় তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে ধর্ষণ মামলার বিচারকার্য সম্পন্ন করা, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা, ৯০ কার্যদিবসের মধ্যে ধর্ষণ মামলার বিচারকার্য সম্পন্ন করা, পূর্ববর্তী সকল ধর্ষণ মামলার বিচারকার্য ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করার দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির সাধারণ সম্পাদক লিটন কুমার দেব বলেন, ধর্ষকদের কোন দল নেই, ধর্ম নেই। তাদের পরিচয় একটাই- তারা ঘৃণ্য অপরাধী। তাদের সামাজিকভাবে বয়কট করা উচিত। দল মত নির্বিশেষে সকলকেই ধর্ষণ প্রতিরোধে সোচ্চার হতে হবে।কর্মসূচিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কুবি শাখারসহসভাপতি দেব প্রকাশ চক্রবর্তী, আরিফ আহমেদ, যুগ্ম সম্পাদক আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাকিব হোসেন,দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল সিফাতসহ সংগঠনটির বিভিন্ন নেতাকর্মী অংশগ্রহণ করেন।