বিতর্কিত চেয়ারম্যান খুরশিদের নিয়োগ বাতিল - Alokitobarta
আজ : সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত চেয়ারম্যান খুরশিদের নিয়োগ বাতিল


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:ব্যাংকের পরিচালনা পর্ষদের সমুদয় ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে।তিনি এখন থেকে পর্ষদের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রোববার রাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি রাতেই ইসলামী ব্যাংককে জানিয়ে দেওয়া হয়। বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকের বিতর্কিত চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল হয়ে গেল। পাশাপাশি ব্যাংকের অন্য পরিচালকের সব পদও বাতিল করা হয়েছে।

ইসলামী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ব্যাংক থেকে গ্রাহকরা ব্যাপক হারে নগদ টাকা তুলে নিচ্ছিলেন। এতে ব্যাংকটি বড় ধরনের তারল্য সংকটে পড়ে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রোববার ব্যাংকের এমডিসহ ঊর্ধ্বতন নির্বাহীদের ডেকে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। এরপরই কেন্দ্রীয় ব্যাংক সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পর্ষদ বাতিলের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে পর্ষদের দায়িত্ব পালন করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালককে নিয়োগ দেয়। এখন থেকে এক সদস্যের পর্ষদ ব্যাংকটি পরিচালনা করবে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত পর্যবেক্ষক ও ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি তাকে সার্বিকভাবে সহায়তা করবেন।কেন্দ্রীয় ব্যাংক আশা করছে এরপর থেকে ইসলামী ব্যাংকের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে।এদিকে ব্যাংকের আর্থিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে বিশেষ বৈঠক হয়েছে। রোববার বিকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের এই বৈঠকে ব্যাংকের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক থেকে ইসলামী ব্যাংক আরও তারল্য সহায়তা চেয়েছে। কেন্দ্রীয় ব্যাংক তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বলে ইসলামী ব্যাংককে জানিয়েছে।

বৈঠক শেষে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংক থেকে আড়াই হাজার কোটি টাকা দেওয়ার পর রোববার লেনদেনের পরিস্থিতির উন্নতি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের টাকা কোন খাতে খরচ করা হয়েছে সেগুলো তাদের জানানো হয়েছে। আজ (সোমবার) কেমন টাকা লাগতে পারে সে বিষয়টিও জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। বৈঠকে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডিসহ শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের পাশে আছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা পাওয়ার পর রোববার গ্রাহকদের যে সেবা দেওয়া হয়েছে (টাকা উত্তোলনের সুযোগ) আজও একই ধরনের সেবা দেওয়া হবে। পাশাপাশি গ্রাহকরা টাকা তুলতে চাইলে তুলে নিতে পারবেন।

সূত্র জানায়, বৈঠকে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার প্রবণতা বেশি, সে তুলনায় জমা হচ্ছে না। গত দুই কার্য দিবসে প্রতিদিন ১ হাজার ২০০ কোটি টাকার মতো উত্তোলন করা হয়েছে। জমা হয়েছে কিছুটা কম। যে কারণে তারল্যে কিছুটা ঘাটতি রয়ে গেছে। এ ঘাটতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের আরও সহায়তা প্রয়োজন।

ব্যাংক জানিয়েছে, তারা রেমিট্যান্স গ্রাহকদের টাকা পরিশোধে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। প্রয়োজনে ব্যাংকের নিজস্ব চাহিদার অতিরিক্ত ডলার অন্য ব্যাংকের কাছে বিক্রি করে গ্রাহকদের টাকা পরিশোধ করছেন। বর্তমানে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের টাকা তুলে নেওয়ার একটা চাপ রয়েছে। এছাড়া আরটিজিএস পদ্ধতিতেও টাকা উত্তোলনের চাপ আছে। যে কারণে তারা আর্থিক সংকটে পড়ছেন।

বৈঠকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের একাধিক টিম ইসলামী ব্যাংক নিয়ে কাজ করছে। তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করছে।ব্যাংকের যেসব সম্পদ আছে, সে তুলনায় এখনো ব্যাংক নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।এদিকে গ্রাহকদের মাত্রাতিরিক্ত টাকা উত্তোলনের ফলে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের যে চলতি হিসাব রয়েছে সেটি নেতিবাচক পর্যায়ে চলে গিয়েছিল বৃহস্পতিবার। রোববার কেন্দ্রীয় ব্যাংক ধার দেওয়ার সেটি ইতিবাচক হয়েছে। এ হিসাব নেতিবাচক হলে ওই ব্যাংকের তীব্র তারল্য সংকট রয়েছে বলে ধরে নেওয়া হয়।

Top