দেশের বাজারে দাম কমবে
মোহাম্মাদ মুরাদ হোসেন : শিশু খাদ্য : আমদানিকৃত শিশু খাদ্য প্রস্তুত সামগ্রীর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে ১০ শতাংশ করা হয়েছে। এতে দেশের বাজারে শিশুখাদ্যের দাম কমবে।
মসলা : সব ধরনের মসলার ওপর ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করা হয়েছে। এতে এলাচ, দারুচিনিসহ সব ধরনের মসলার দাম কমতে পারে।
মোবাইল ফোন : স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনে প্রয়োজনীয় ২২টি উপকরণের অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে। এতে দেশে তৈরি মোবাইলের দাম কমতে পারে।
স্বর্ণালংকার : স্বর্ণালংকার বিক্রিতে ৫ শতাংশ ভ্যাট ছিল। যা স্বর্ণালংকারের বিক্রীত মূল্যের ওপর আদায় করা হতো। বাজেটে ৫ শতাংশের পরিবর্তে ভরিপ্রতি আড়াই হাজার টাকা সুনির্দিষ্ট কর বসানো হয়েছে। এতে স্বর্ণালংকারের দাম কমবে।
খেজুর : বিদেশ থেকে খেজুর আমদানিতে রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করা হয়েছে। এতে বাজারে খেজুরের দাম কমতে পারে।
ক্যামেরা : ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তুলতে উচ্চপ্রযুক্তির সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও এর যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে বাজারে সব ধরনের ক্যামেরার দাম কমতে পারে।
বৈদ্যুতিক গাড়ি : পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানিতে বর্তমানে ৯৩ শতাংশ শুল্ক-কর রয়েছে। এটি কমিয়ে ২৫ হাজার ডলার মূল্যের গাড়ির জন্য ৬৪ শতাংশ এবং ৫০ হাজার ডলার মূল্য পর্যন্ত গাড়ির শুল্ক-কর ৮০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে বাজারে ইলেকট্রিক গাড়ির দাম কমতে পারে।
হাইব্রিড গাড়ি : ১৮০০ সিসি প্লাগ ইন হাইব্রিড গাড়ির শুল্ক ৯৩.১৬ শতাংশ থেকে কমিয়ে ৭৩.৪৩ শতাংশ এবং ২০০০ সিসির গাড়ির করভার ১৩২.৩৬ শতাংশ থেকে কমিয়ে ৯৬.১০ শতাংশ করা হয়েছে। এতে প্লাগ ইন হাইব্রিড গাড়ির দাম কমতে পারে।
সিম কার্ড : সিম কার্ড ও ই-সিম কার্ড সেবার বিপরীতে ৩০০ টাকা সুনির্দিষ্ট কর ছিল। এর পরিবর্তে বাজেটে সিম কার্ডের দামের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এতে সিমের দাম কমতে পারে।
ফ্রিজ : দেশে ফ্রিজ-রেফ্রিজারেটর উৎপাদনে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। এটি কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। এতে বাজারে দেশি ফ্রিজের দাম কমতে পারে।
কম্পিউটার প্রিন্টার : কম্পিউটার প্রিন্টার আমদানিতে
১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম আয়কর ছিল। ভ্যাট প্রত্যাহার এবং অগ্রিম আয়কর ২ শতাংশ নির্ধারণ করায় বাজারে প্রিন্টারের দাম কমতে পারে।
মনিটর : ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। এতে বাজারে মনিটরের দাম কমতে পারে।
মেমোরি কার্ড : মোবাইল বা কম্পিউটারে ব্যবহৃত মেমোরি কার্ড আমদানিতে ভ্যাট প্রত্যাহার করায় আগামীতে এই পণ্যটির দাম কমতে পারে।
সার : কৃষিকাজে ব্যবহৃত জিংক সালফেট, ম্যাগনেশিয়াম সালফেটসহ ৫টি সারের ব্যবসা পর্যায়ে ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে প্রত্যাহার করা হয়েছে। এ কারণে সারের দাম কমতে পারে।
কীটনাশক : ৩ ধরনের কীটনাশক আমদানিতে আগাম কর প্রত্যাহার করা হয়েছে। এ কারণে কীটনাশকের দাম কমতে পারে।
এছাড়াও দাম কমতে পারে-কফি, হার্টের রিং; কিডনি ডায়ালাইসিস খরচ; দেশের উৎপাদিত ত্বক ফর্সাকারী প্রসাধনী সামগ্রী; সানস্ক্রিন বা স্যানট্যাগ সামগ্রী; হাত, নখ বা পায়ের প্রসাধনী সামগ্রী; পাউডার; লিপস্টিক; আইলাইনার; ইলেকট্রিক চার্জার; গার্মেন্টসের ঝুট; ইলেকট্রিক কুকার; ইন্ডাকশন কুকার; ইনফ্রারেড কুকার; ওয়াটার পিউরিফায়ায়; ওয়াটার হিটার/গিজার, পিয়ানো, ফ্লোট গ্লাস, মর্গ, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ক্রেন, পয়েন্ট অব সেলস, আমদানিকৃত মাংস, মাছ, কাঁকড়া, ফটোগ্রাফিক পেপার।