দক্ষ জনপ্রশাসন গড়ে তোলা তার সরকারের লক্ষ্য
মু এবি সিদ্দীক ভুঁইয়া :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষ জনপ্রশাসন গড়ে তোলা তার সরকারের লক্ষ্য। দেশবাসীকে উন্নত ও সুন্দর জীবন দেওয়ার লক্ষ্যে তার সরকারের অঙ্গীকার তিনি পুনর্ব্যক্ত করেন। নবীন বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমি চাই তরুণ কর্মকর্তারা তাদের মনন ও বুদ্ধিমত্তাকে কার্যকরভাবে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করবেন। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও তারা বিশেষ দৃষ্টি দেবেন।সোমবার সকালে বিসিএস ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সাভারে লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে (বিপিএটিসি) আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনসহ আরও পাঁচটি প্রশিক্ষণকেন্দ্রও এ অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিল। প্রধানমন্ত্রী আরও বলেন, এ বদ্বীপ অঞ্চলের একেক জায়গার সমস্যা একেক রকম। সেগুলো নিরূপণ করে সমাধানের ব্যবস্থা করতে হবে। উন্নয়ন সব সময় যাতে টেকসই হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। দারিদ্র্যের হার ৪০ থেকে ২০ ভাগে নামিয়ে আনার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ দরিদ্র থাক, সেটা আমি চাই না। ইতোমধ্যে হতদরিদ্র ভূমি ও গৃহহীনদের মাঝে বিনামূল্যে ঘরবাড়ি করে দেওয়া হয়েছে। কোনো এলাকায় গৃহ ও ভূমিহীন ব্যক্তি সরকারের গৃহনির্মাণ করে দেওয়ার তালিকা থেকে বাদ পড়েছে কি না, তা খুঁজে দেখার জন্যও সংশ্লিষ্ট সবার প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবায় নিবেদিত, দক্ষ ও পেশাদারি মনোভাবসম্পন্ন জনপ্রশাসন গড়ে তোলা আমাদের একমাত্র লক্ষ্য। তিনি চান জনগণ যেন সবকিছুতে সম্পৃক্ত থাকে। এজন্য মন্ত্রণালয়ের নামটিও তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় করে দিয়েছেন। জাতির পিতার বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার (স্পেশাল ব্রাঞ্চের) রিপোর্ট নিয়ে প্রকাশিত বই ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন, বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’-এর সিরিজ বইগুলো এবং জাতির পিতার লেখা ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটি নবীন কর্মকর্তাদের পড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, এ সিরিজগুলোয় যদি একটু চোখ বোলানো যায়; তাহলে বাংলাদেশের ইতিহাসকে জানা যাবে, সংগ্রাম সম্পর্কে জানা যাবে, সর্বোপরি সমগ্র বাংলাদেশ সম্পর্কে জানা যাবে। অন্যদিকে ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থ থেকে সেখানকার নারীর ক্ষমতায়ন বা নারীদের অবস্থা বা সমাজের অনগ্রসর লোকদের অবস্থা, কৃষক-শ্রমিকের অবস্থা সম্পর্কে জাতির পিতার অনুধাবন ও মূল্যায়ন সম্পর্কে জ্ঞানলাভ সম্ভব।
নবীন প্রশাসনিক কর্মকর্তাদের সেবা ও জনকল্যাণের মানসিকতা নিয়েও কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এদেশটা আমাদের-কাজেই এদেশের মানুষের কল্যাণ করাটা সবার সাংবিধানিক দায়িত্ব। সেই ধারাটা সব সময় মনের মধ্যে থাকতে হবে। মানুষের সেবক হতে হবে। জনগণের সেবক হতে হবে। কেননা জনগণের সেবা করাটাই সব থেকে বড় কথা। সেভাবেই আপনারা কাজ করে যাবেন। তিনি বলেন, তৃণমূলের মানুষ ভালো থাকলে দেশের অর্থনীতির অগ্রগতি হবেই। এটা কেউ থামাতে পারবে না। আর এটা চিন্তা করেই আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কোর্সে বিশেষ কৃতিত্ব অর্জনকারী তিন কৃতী শিক্ষার্থীর হাতে পদক ও সনদ তুলে দেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছ থেকে প্রথম স্থান অধিকারী শেখ রায়হান আকবর রেক্টর’স পদক গ্রহণ করেন। এছাড়া জোবায়দা ফেরদৌস দ্বিতীয় এবং আবদুল্লাহ আল রাজী তৃতীয় হন। ছয় মাসব্যাপী এবারের কোর্সে ৪৬১ জন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১১৯ জন নারী।