পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনে কেউ জয়ী হওয়ার স্বপ্ন দেখলে তা বাস্তবায়ন হবে না
মু এবি সিদ্দীক ভুঁইয়া : পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনে কেউ জয়ী হওয়ার স্বপ্ন দেখলে তা বাস্তবায়ন হবে না-এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি জানিয়েছেন, অন্য প্রার্থীকে নির্বাচনি কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণ পাওয়া গেলে দায়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। এছাড়া নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মো. আলমগীর আরও বলেন, নির্বাচনি দায়িত্ব পালনে প্রশাসনের কারও যদি অবহেলা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পেশিশক্তি ব্যবহার করে বিজয়ী হব, জনগণের সেবা করব-এটা যদি কেউ মনে করে থাকে, তাহলে অত্যন্ত ভুল করছেন। কারণ এই স্বপ্ন বাস্তবায়ন হবে না।নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জানিয়ে এ কমিশনার বলেন, নির্বাচনে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা এবং তাদের প্রচারের সুযোগ করে দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। দায়িত্ব পালনে কারও অবহেলা পেলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এছাড়া নির্বাচনের দিন যদি ভোটারকে ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়, তাহলে সেই ভোট আমরা বাতিল করে দেব। যারা বুদ্ধিমান ও সচেতন, তারা এগুলো করবেন না বলে আমরা মনে করি।
ভোটে যদি কেউ বাধা দেয়, তাহলে ইসির ভূমিকা কী হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাধা দিয়ে কোনো লাভ হবে না। যে কোনো উৎস থেকে যদি তথ্য পাই যে প্রার্থীদের নির্বাচনি কাজে বাধা দেওয়া হয়েছে, ভোটারকে বাধা দেওয়া হয়েছে অথবা নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি, তাহলে প্রথমে আমরা তফশিল স্থগিত করে দিচ্ছি।তফশিলের সময়সূচিতে পরিবর্তন আনছি যাতে কেউ প্রার্থী হতে চাইলে মনোনয়ন জমা দিতে পারেন। যদি এমন হয়-ওইখানে প্রার্থী নিরাপদ নন, তাহলে পার্শ্ববর্তী জেলা বা উপজেলায় তাদের নমিনেশন সাবমিট করার সুযোগ দিই।’ এ কমিশনার বলেন, ভোটে কেউ বাধা দিলে দেশের প্রচলিত আইনে মামলা হবে। তখন দেখার বিষয়, প্রশাসন তার বিরুদ্ধে মামলা নিয়েছে কি না। কেউ যদি পেশিশক্তি প্রয়োগ করে, তাহলে ইসি তার ক্ষমতাবলে মামলা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া ও ভোট বাতিল করে দেওয়া বা প্রার্থীর (অভিযুক্ত) প্রার্থিতা বাতিল করতে পারে