নিষিদ্ধ সময়ে জাটকা ও মা ইলিশ নিধন বন্ধ হচ্ছে না
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:নিষিদ্ধ সময়ে জাটকা ও মা ইলিশ নিধন বন্ধ হচ্ছে না। জেলেদের প্রণোদনাসহ নানা উদ্যোগও কোনো কাজে আসছে না। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দেশের ছয়টি অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। কিন্তু দিন-রাত অবৈধ জালে মাছ ধরছেন জেলেরা। নৌ-পুলিশ কিংবা কোস্টগার্ডের তৎপরতাও হার মানছে জেলেদের কাছে। তাদের অভিযানে যে পরিমাণ অবৈধ জাল জব্দ হচ্ছে তা মোট পরিমাণের মাত্র ১০ থেকে ১৫ শতাংশ। প্রতিরোধকারী সংস্থার কর্মকর্তারাই এমন তথ্য দিয়েছেন। তারা বলছেন, জনসচেতনতা ছাড়া এমন অপরাধ পুরোপুরি বন্ধ করা যাবে না। জাটকা ও মা ইলিশ ধরা থেকে শুরু করে এসব বাজারজাত ও খাওয়া থেকেও বিরত থাকতে হবে। যা একমাত্র সামাজিক আন্দোলনের মাধ্যমেই সম্ভব।নৌ-পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালে ১০২৮টি মামলায় প্রায় ২ হাজার অপরাধী আটক হয়েছে। অবৈধ জাল উদ্ধার করা হয়েছে প্রায় দু’শ কোটি মিটার। আর জাটকা উদ্ধার হয়েছে প্রায় ৩ লাখ কেজি। চলতি বছরের ৮ মার্চ মুন্সীগঞ্জে প্রায় ২০ মণ জাটকা জব্দ করা হয়।এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেন, ৬টি অভয়াশ্রমে দুই মাস (১ মার্চ থেকে ৩০ এপ্রিল) ইলিশসহ যে কোনো মাছ ধরা নিষিদ্ধ করা রয়েছে। এজন্য জেলেদের পর্যাপ্ত ভিজিএফ সহায়তা প্রদান করা হচ্ছে। তারপরও জাটকা-ইলিশ ধরা হচ্ছে। নিষিদ্ধ সময়ে মাছ আহরণকারীদের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদেরও বিশেষ ভূমিকা রাখতে হবে। নিষিদ্ধ সময়গুলো যথাযথভাবে পালন করা হলে, লক্ষ্যমাত্রার চেয়ে আরও অনেক বেশি ইলিশ আহরণ করা সম্ভব হবে। বাজারেও সস্তায় ইলিশ পাওয়া যাবে।মৎস্য অধিদপ্তর ইলিশ শাখা সূত্রে জানা যায়, প্রতিবছরই জাটকা-মা ইলিশ ধরা রোধে নানা কর্মসূচি নেওয়া হয়। জেলেদের মধ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে ত্রাণ সহায়তা দেওয়া হয়। নগদ টাকা প্রদান করা হয়। দেশে সরাসরি ইলিশ আহরণের সঙ্গে জড়িত প্রায় সাড়ে ৬ লাখ জেলে। এ খাতে পরোক্ষভাবে জড়িত ২৫ লাখ মানুষ। প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। এছাড়া ১৭ জেলায় জাটকা, মা ইলিশ ধরা নিষিদ্ধ থাকে ২২ দিন, পটুয়াখালীর একটি নদীতে ২ মাস। ৫টি অভয়াশ্রমে ৯০ দিন জাটকা, মা ইলিশসহ যে কোনো মাছ ধরা নিষিদ্ধ থাকে। গত বছর নিষিদ্ধ সময়ে ৩ লাখ ৭৬ হাজার ৯৯৬ জন জেলেকে ৪০ কেজি করে চাল ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক মৎস্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, জাল ছাড়া মাছ ধরা সম্ভব নয়। জাল কোথায় উৎপাদন হচ্ছে, কীভাবে দেশে আসছে। তা রোধ করতে পারলেই সবকিছুর সমাধান হয়ে যায়। কিন্তু পুরো বিষয়টি প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকায়, কোনো উদ্যোগই সফল হয় না। স্থানীয় জনপ্রতিনিধিরা নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নেন না। কারণ জেলেপাড়া, জেলেদের নিয়েও ভোটের রাজনীতি রয়েছে।
জানা গেছে, নিষিদ্ধ সময়ে একশ্রেণির প্রভাবশালী মহল সাধারণ জেলেদের দ্বারা মৎস্য আহরণ করিয়ে টাকা কামিয়ে নিচ্ছে। জেলেদের দাদন দিয়ে-নিষিদ্ধ সময়েও মাছ আহরণ করাচ্ছে। দাদন গ্রহীতা বাধ্য হয়েই নিষিদ্ধ সময়ে মাছ আহরণ করছে। বাংলাদেশে যে পরিমাণ ইলিশ ডিম দেয়-তার মাত্র ১০ শতাংশ বাঁচলে প্রতি অর্থবছরে ৮ থেকে ১০ লাখ টন ইলিশ উৎপাদন হওয়ার কথা। গত অর্থবছরে প্রায় ৬ লাখ টন ইলিশ উৎপাদন হয়েছে। অর্থাৎ মাত্র ৬ থেকে ৭ শতাংশ ডিম বাঁচে। আর যে পরিমাণ জাটকা আটক হচ্ছে-সেটি ৫ থেকে ১৫ শতাংশ মাত্র।নদী কিংবা সাগরে বৈধ-অবৈধ জাল নিয়েও রয়েছে নানা ধরনের ছলচাতুরী। জালের ফাঁক এমন হতে হবে-যাতে সব মাছ জালে ধরা না পড়ে। জালের ফাঁক দিয়ে যাতে কিছু মাছ বেরিয়ে যায়। ইলিশের ক্ষেত্রে যাতে জাল দিয়ে মাছ ধরার সময় ৫০০ গ্রাম ওজনের ইলিশ ওই জালের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারে, তেমন জালই ব্যবহার করা যাবে। কিন্তু প্রচলিত বৈধ জালেও সব ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে না। তার ওপর অবৈধ মশারি জাল বা কাপড়ের জাল ব্যবহার হচ্ছে। নৌ-পুলিশের এক কর্মকর্তা বলেন, অপরাধীদের ক্ষমা করারও প্রবণতা রয়েছে। জরিমানা দিলে সাত খুন মাফ-আইনের এই ফাঁককে হাতিয়ার করেও জাটকা-মা ইলিশ ধরা অব্যাহত আছে।পুলিশের অতিরিক্ত আইজি, নৌ-পুলিশ প্রধান মো. শফিকুল ইসলাম জানান, জাটকা ও মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশ কাজ করে যাচ্ছে। জনসচেতনতা বাড়াতে নিয়মিত মতবিনিময় সভা নৌ-র্যালিসহ প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। বুধবারও আমরা চাঁদপুরে মতবিনিময় সভা, র্যালি করেছি। স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করছি। লাখ লাখ মিটার অবৈধ জালসহ মনের পর মন জাটকা-মা ইলিশ জব্দ করা হচ্ছে। আমরা জাল উৎপাদন ও অবৈধভাবে মাছ মজুত রাখার স্থানগুলোতে অভিযান চালাচ্ছি। শুধু আইন দিয়ে নয়-সাধারণ মানুষ সচেতন হলেই সুফল মেলবে।