প্রকৃত ইতিহাস জানলে শিশু-কিশোররা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকৃত ইতিহাস জানলে শিশু-কিশোররা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, তেমনি দেশের জন্য এবং দেশের মানুষের কল্যাণে কিছু করার একটা আগ্রহ তাদের মধ্যে সৃষ্টি হবে। তাদের মধ্যে একটা চেতনা আসবে। এটা আমাদের জন্য খুবই দরকার। এজন্য দেশের বিজয় ও অর্জনের প্রকৃত ইতিহাস শিশু-কিশোরদের সামনে তুলে ধরতে হবে। রোববার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব : মহাজীবনের মহাপট’ শীর্ষক বাংলাদেশের সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিংয়ের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। প্রদর্শনীটির আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।শেখ হাসিনা আরও বলেন, আমরা অনেক দিবস পালন করলেও সেই দিবসের মাহাত্ম্য ও ইতিহাস কী-তা আমাদের নতুন প্রজন্ম জানতে পারে না। কিন্তু প্রজন্মের পর প্রজন্ম প্রকৃত ইতিহাস জানলে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত হবে। কাজেই দেশের সঠিক ইতিহাস প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার বিষয়ে আমাদের আরও নজর দেওয়া দরকার। এতে নতুন প্রজন্মের মেধা, জ্ঞান, শৈল্পিক মন ও মনন বিকশিত হবে। তাহলে তারা ধন-সম্পত্তির পেছনে কেবল ছুটে বেড়াবে না। তিনি বলেন, ১৯৭৫ সালের পর ২১ বছর তরুণ প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। বরং ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছিল। ফলে অনেকেই পরিপূর্ণ বা সঠিক ইতিহাস জানতে পারেনি। যে সাহস নিয়ে নিরস্ত্র বাঙালি অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে-সেই বিজয়ের সঠিক ইতিহাস প্রজন্মের পর প্রজন্মের জানা উচিত। তিনি বলেন, আমাদের দেশের কবি, শিল্পী, সাহিত্যিকরা তাদের লেখনীর মধ্য দিয়ে তাদের তুলির আঁচড়ে, কবিতা-গানের মাধ্যমে বঙ্গবন্ধুর নামটিকে চিরভাস্বর করে রেখেছেন। সেজন্য ষড়যন্ত্রকারীরা চাইলেও নামটি মুছতে পারেনি। এজন্য সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিল্পীর তুলির আঁচড়ে স্ক্রল পেইন্টিংয়ে আমাদের সংগ্রাম থেকে অর্জনের ইতিহাস ফুটে উঠেছে। শুধু বর্ণমালা পড়েই নয়, শিল্পীর তুলিতেও মানুষ সেটা দেখতে ও উপলব্ধি করতে পারবে। জানতে ও শিখতে পারবে। তিনি বলেন, আমাদের কবি, শিল্পী, সাহিত্যিক যে যেখানে আছেন- তারা যেসব কাজ করে যাচ্ছেন সেসব আপনারা করে যাবেন। অন্তত আমি এটুকু বলতে পারি প্রধানমন্ত্রী হিসাবে নয়-জাতির পিতার কন্যা হিসাবে দেশের মানুষের কল্যাণে যা যা করার সেসব করে যাব। আমাদের শিল্প, সাহিত্য বা সংস্কৃতির চর্চা যাতে অব্যাহত থাকে সেজন্য যতটুকু সহযোগিতা দরকার অবশ্যই আমি তা করব। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব : মহাজীবনের পট’ স্ক্রল পেইন্টিংয়ের জন্য শিল্পী শাহজাহান আহমেদ বিকাশকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।শেখ হাসিনা বলেন, শিল্পকর্ম স্ক্রল পেইন্টিংয়ে জাতির পিতার জন্মস্থল টুঙ্গিপাড়া, জাতির পিতার স্মৃতি জাদুঘরে অনলাইন প্রদর্শনী এবং সমগ্র বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রদর্শনের উদ্যোগ বর্তমান সরকার নেবে। তিনি আরও বলেন, এটা করা খুব কঠিন কাজ নয়। কারণ ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট’ থেকে ‘সংগ্রাম থেকে স্বাধীনতা’ কর্মসূচি সারা বাংলাদেশ আমরা করেছি। করোনাভাইরাসের কারণে সেটি অনেক জায়গায় বন্ধ হয়ে গেলেও এ রকম একটি আয়োজন সরকারের রয়েছে। তিনি বলেন, সরকারে না থাকলেও ট্রাস্টের পক্ষ থেকে এটি করা সম্ভব। প্রকৃতি আমাদের এত সুন্দর একটা দেশ দিয়েছে সেখানে প্রাকৃতিকভাবেই আমাদের সবার মাঝে শৈল্পিক চেতনা রয়েছে এবং এর বিকাশ হওয়া দরকার। ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকায় দেশের অনেক উন্নতি আওয়ামী লীগ সরকার করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ সময়ে মানুষের জীবনমান পালটেছে, হতদরিদ্রতা কমেছে। শিক্ষা-দীক্ষার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। উন্নতির ছোঁয়া গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে।অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রদর্শনীর আয়োজন সহযোগী বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’র পক্ষে ম্যানেজিং পার্টনার শিল্পী আফজাল হোসেন, বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি শিল্পী জামাল আহমেদ, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে স্ক্রল পেইন্টিংটির শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ১৫০ ফুট দীর্ঘ স্ক্রল পেইন্টিংটি বাংলাদেশে সম্পাদিত সর্ববৃহৎ পটভূমিতে জাতির পিতার জীবনভিত্তিক চিত্রকর্ম। মাটি থেকে তৈরি বার্নট অ্যাম্বার রংয়ের মাধ্যমে মাটি থেকে উঠে আসা ইতিহাসের মহানায়ককে চিত্রিত করা হয়েছে।অনুষ্ঠানের শুরুতে মুজিববর্ষের থিমসঙ ও স্ক্রল পেইন্টিংয়ের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি পরিবেশিত হয়। প্রদর্শনীটি ১৫ দিন ধরে চলবে।