দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের শনিবার তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এই আহ্বান জানান। শুরুতেই আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।
আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে নতুন বছরে নতুন আশা ও প্রত্যাশায় নয়া উৎসর্গীকৃত চেতনায় নবতর পথযাত্রার সূচনা করতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত, আধুনিক ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে এদেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে দেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সঙ্গে সঙ্গতি রেখে সব কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন ও সমৃদ্ধির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে উন্নয়ন ও অগ্রগতির পথরেখায় ইতিবাচক ধারায় আরও বলিষ্ঠ ও বেগবান করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।