দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান


এবি সিদ্দীক ভুঁইয়া :বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ‘বিজিবি দিবস-২০২১’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরের অনুষ্ঠানে যোগ দেন। এ সময় বিজিবি সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজ তিনি প্রত্যক্ষ করেন। একটি সুসজ্জিত দল তাকে অভিবাদন জানায়। বিজিবি সদর দপ্তরে ‘বিজিবি সম্মেলন কেন্দ্র’-এর উদ্বোধন করেন তিনি।বিজিবি সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘মনে রাখবেন, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড একটি সুশৃঙ্খল বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। এতে নিজেদেরই ক্ষতি। চেইন অব কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা বাহিনীর সদস্যদের অবশ্য কর্তব্য।’ তিনি বলেন, ‘আমার বিশ্বাস, জাতির পিতার প্রত্যাশিত আধুনিক সীমান্ত রক্ষী বাহিনী হিসাবে বিজিবি এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তে অতন্দ্র প্রহরী হিসাবে বিজিবি অগ্রযাত্রা অব্যাহত রাখবে। আপনারা ঐতিহ্যবাহী বর্ডার গার্ড বাংলাদেশ-এর গর্বিত সদস্য।’ তিনি বলেন, এ বাহিনীর ২২৬ বছরের গৌরবময় ইতিহাস রয়েছে। ১৭৯৫ সালে রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে প্রতিষ্ঠার পর থেকে কালের পরিক্রমায় এ বাহিনী আজ একটি সুসংগঠিত সীমান্ত রক্ষী বাহিনীতে পরিণত হয়েছে। আগামী ২০৪১ সাল নাগাদ বিজিবির সদস্য সংখ্যা ৯২ হাজারে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ শুরুর প্রথম প্রহরেই এ বাহিনীর সদস্যরা পাকসেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পিলখানা থেকে তৎকালীন ইপিআরের বেতার কর্মীরা বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ওয়ারলেসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেন। এ কারণে পাকবাহিনীর হাতে তৎকালীন ইপিআরের সুবেদার মেজর শওকত আলীকে প্রাণ দিতে হয়েছে। তিনি বলেন, ইপিআরের প্রায় সাড়ে ১২ হাজার বাঙালি সৈনিক সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। ৮১৭ জন শাহাদতবরণ করেন। তিনি বলেন, ইপিআরের দু’জন বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং শহিদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ আমাদের গর্বের প্রতীক। ইপিআরের আটজন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম এবং ৭৭ জন বীর প্রতীক মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শন করে বিজিবির ইতিহাস সমৃদ্ধ করেছেন। শাহাদতবরণকারী সদস্যদের অবদান শ্রদ্ধার সঙ্গে তিনি স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পরপরই বিডিআরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে সরকার গঠনের এক মাস ১৯ দিনের মাথায় ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যা দ্রুত সমাধান করি। তিনি বলেন, ১৯৭২ সালের ৩ মার্চ তৎকালীন ইপিআরের পরিবর্তে বিডিআর (বাংলাদেশ রাইফেলস) নামকরণ করেন বঙ্গবন্ধু। পরে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ আইন-২০১০ পাশের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এ বাহিনীকে পুনর্গঠন করে। তিনি বলেন, বিজিবিকে একটি যুগোপযোগী ও আধুনিক বাহিনী হিসাবে গড়ে তুলতে আমরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছি। এ বাহিনীকে আরও গতিশীল করার লক্ষ্যে সমগ্র বাংলাদেশের দায়িত্বপূর্ণ এলাকা পুনর্বিন্যাস করে পাঁচজন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে পাঁচটি রিজিয়নে বিভক্ত করা হয়েছে। বিজিবিকে আধুনিক সীমান্ত রক্ষী বাহিনী হিসাবে রূপান্তরের লক্ষ্যে ‘বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন ২০৪১’ এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নানান সীমাবদ্ধতা সত্ত্বেও সীমান্তের নিরাপত্তা রক্ষাসহ চোরাচালান, মাদক পাচার ও নারী-শিশু পাচার রোধে বিজিবির কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।

বিজিবির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমানে বিজিবির কার্যক্রম আগের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এ কারণে একটি স্বতন্ত্র এয়ার উইং সৃজনের মাধ্যমে রাশিয়া থেকে কেনা দুটি অত্যাধুনিক এমআই-১৭১ই হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে এ বাহিনীকে একটি ‘ত্রিমাত্রিক বাহিনী’ হিসাবে গড়ে তোলা হয়েছে। বিজিবি এখন জল, স্থল ও আকাশপথে দায়িত্ব পালনে সক্ষম। তিনি বলেন, কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ২০১৫ সাল থেকে বিজিবিতে ১৮ জন মহিলা সৈনিক ভর্তি করা হয়েছে। তারা সফলভাবে মৌলিক প্রশিক্ষণ শেষে ইউনিটে যোগ দিয়েছেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিজিবি সদস্যদের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পদক বিতরণ করেন। অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম উপস্থিত ছিলেন।বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক আরও জোরদার হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বলেন, নভেম্বরে তার ফ্রান্স সফরের আলোচনা এবং ফলাফল নিয়ে তিনি সত্যিই খুব খুশি। আগামী দিনগুলোতে এ সম্পর্কের গতি বজায় থাকার বিষয়ে তিনি আশাবাদী। রোববার সকালে গণভবনে তার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মারিন শুহ বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।শেখ হাসিনা আরও বলেন, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধন রয়েছে। ফ্রান্স সরকার ও জনগণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন করেছিলেন। ফ্রান্সের রাষ্ট্রদূত শুহ বলেন, তার সরকার কোভ্যাক্সের অধীনে ১ দশমিক ২ মিলিয়ন কোভিড-১৯ টিকা সরবরাহ করবে। আগামী ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্ব নিতে যাচ্ছে ফ্রান্স এবং একই মাসে তার দেশ এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে একটি ইন্দো-প্যাসিফিক শীর্ষ সম্মেলন করতে চলেছে। তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক সামিটে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হবে।

Top