জনগণকে জলবায়ু অভিবাসী হওয়ার হাত থেকে বাঁচাতে দেশের উপকূলে বেড়িবাঁধ দরকার
আলোকিত বার্তা:জনগণকে জলবায়ু অভিবাসী হওয়ার হাত থেকে বাঁচাতে দেশের উপকূলে বেড়িবাঁধ দরকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে জনগণকে জলবায়ু অভিবাসী হওয়ার হাত থেকে বাঁচাতে ‘জলবায়ু প্রশমনের’ অংশ হিসেবে উপকূলীয় অঞ্চলে পুনর্বিকীরণযোগ্য জ্বালানি সুবিধা সম্বলিত বাঁধ নির্মাণ করা দরকার।শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আর্থ সোসাইটি নামে স্থানীয় একটি বেসরকারি সংস্থা আয়োজিত দুই দিনব্যাপী ‘ক্লাইমেট ক্যাম্প-২০২১‘ এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, আমাদের জনগণকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও নদীর ভাঙন থেকে ডুবে যাওয়া এবং জলবায়ু অভিবাসী হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে উঁচু প্রশস্ত বাঁধ তৈরি করতে হবে।
ড. মোমেন বলেন, এই বাঁধগুলোর চারপাশে ম্যানগ্রোভের বনাঞ্চল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় উভয় ধাক্কা সামলানোর ক্ষেত্র হিসেবে এবং কার্বন সংকুচিত করতে কাজ করবে।তিনি বলেন, আমরা বেড়িবাঁধের জায়গাটি নিকটবর্তী গ্রিড অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করতে ও জাতীয় গ্রিডে সরবরাহের জন্য সৌর প্যানেল এবং বায়ু টারবাইন স্থাপনের জন্য ব্যবহার করতে পারি। উপকূলীয় বেড়িবাঁধে একটি মনোরম নান্দনিক সড়ক হবে, যা পর্যটনের জন্য ওখানে কর্মসংস্থান সৃষ্টি করে।পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকার যথাসাধ্য চেষ্টার কথা উল্লেখ করে বলেন, জাতীয় সংসদ এটিকে ‘প্ল্যানেটারি ইমার্জেন্সি‘ হিসেবে ঘোষণা করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারের সঙ্গে যৌথভাবে যুবসমাজ এবং সুশীল সমাজের অংশগ্রহণ বাংলাদেশের পক্ষে টেকসই সমাধানের পক্ষে সর্বোত্তম ফল আনতে পারে।