বরিশালে বিএনপি ক্যাডাররা আ.লীগ নেতার ছেলের পেট থেকে ভুড়ি বের করে ফেললো
পাখি আক্তার:বরিশালের গৌরনদীতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলে রাহাত হোসেন খান (২১)কে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষত-বিক্ষত করে তার পেটের ভুড়ি বের করে ফেলেছে প্রতিপক্ষ বিএনপির ক্যাডাররা। মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ শাহ আলম সরদার (৪৫) নামের এক বিএনপি ক্যাডারকে গ্রেফতার করেছে।ঘটনাটি ঘটেছে সোমবার রাত পৌনে ১০ টার দিকে উপজেলার প্রত্যন্ত অঞ্চল নলচিড়া ইউনিয়নের উত্তর কান্ডপাশা গ্রামে।
জানা গেছে,উপজেলার প্রত্যন্ত অঞ্চল নলচিড়া ইউনয়নের উত্তর কান্ডপাশা গ্রামের বাসিন্দা ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শাজাহান খানের ছেলে রাহাত হোসেন খান সোমবার রাত পৌনে ১০টার দিকে তার দুই বন্ধু ইয়াছির আরাফাত ও আকিব ফকিরকে নিয়ে মোটরসাইকেল যোগে নলচিড়া বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উত্তর কান্ডপাশা গ্রামের শাহিন আকনের বাড়ির সামনে আসলে পূর্ব থেকে সেখানে ওৎ পেত থাকা প্রতিপক্ষ বিএনপির ক্যাডার নাসির মুন্সি, বিপ্লব মুন্সি, মামুন সরদার, জেলাল,মহিউদ্দিন খানের নেতৃত্বে ১৫/২০ জন বিএনপি ক্যাডার রাহাত খানের চলন্ত মোটরসাইকেলের ওপর রামদা ও লাঠি-সোটা নিয়ে আক্রমণ চালায়। তাদের রাম দা’য়ের কোপে মোটরসাইকেলসহ রাস্তায় লুটিয়ে পড়েন রাহাত ও তার দুই বন্ধু। এক পর্যায়ে দুই বন্ধু ইয়াছির আরাফাত ও আকিব ফকির দৌড়ে পালাতে পারলেও রাহাতকে ধরে ফেলে তারা। এরপর তারা তাকে পার্শ্ববর্তী একটি নির্জন জঙ্গলের ভেতরে ধরে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষত-বিক্ষত করাসহ পেটের ভুড়ি বের করে ফেলে। পালাতে সক্ষম দুই বন্ধু ইয়াছির আরাফাত ও আকিব ফকির দৌড়ে গিয়ে এ ঘটনা রাহাতের স্বজনদের জানালে তারা ডাক চিৎকার দিয়ে লাঠি-সোটা নিয়ে হামলাকারীদের ধাওয়া করেন। তখন মুমূর্ষু অবস্থায় তারা রাহাতকে ফেলে পালিয়ে যায়। রাহাতের রড়ভাই ফরহাদ খান জানান, তার ছোটভাই রাহাতের শরীরে ধারালো অস্ত্রের ২৮টি কোপের জখম রয়েছে। হামলাকারীরা সবাই বিএনপির ক্যাডার। গত সংসদ নির্বাচনে ওই এলাকার পাকা রাস্তা কেটে এলাকায় ত্রাস সৃষ্টি করা হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির ক্যাডারদের নামে মামলা হয়। ওই মামলার আসামীরা এ মামলার জন্য রাহাতকে দোষারোপ করে আসছিল। ওই ঘটনার প্রতিশোধ নিতেই তারা রাহাতের উপর হামলা চালিয়েছে। রাহাতকে তারা মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে গেছে। রাহাতের সাথে থাকা দুই বন্ধুর কাছে খবর পেয়ে তারা ডাক-চিৎকার দিয়ে এসে রাহাতকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা বে-গতিক দেখে সেখানের কর্তব্যরত চিকিৎসকগণ তখন দ্রুত তাকে বরিশাল শের-ই০বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ওই রাতে ও গতকাল মঙ্গলবার দুপুরে ২য় দফায় রাহাতের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক।গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম ছরোয়ার জানান, আহত রাহাতের বড়ভাই ফরহাদ খান বাদী হয়ে এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে অজ্ঞাতনামাসহ ১৩ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ শাহ আলম সরদার (৪৫) নামের এক বিএনপি ক্যাডারকে গ্রেফতার করেছে। আন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।