সাধারণ নাগরিকদের সমস্যা সমাধানে নতুন উদ্যোগ হাতে নিয়েছেন বিসিসি মেয়র
সালেহ আহমেদ:সাধারণ নাগরিকদের সমস্যা সমাধানে নতুন উদ্যোগ হাতে নিয়েছেন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।এ উদ্যোগের মাধ্যমে প্রতি রোববারসহ সপ্তাহে দু’দিন বিকেল ৪টায় সরাসরি মেয়রের সাক্ষাৎ পাবেন নগরবাসী। ফলে নগরের নাগরিকরা তাদের যেকোন সমস্যা সরাসরি মেয়রের কাছে উপস্থাপন করতে পারবেন ও মেয়র তা সমাধানে কাজও করবেন।এ ধারাবাহিকতায় রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরের সদররোডের এ্যানেক্স ভবনের সম্মেলন কক্ষে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এ সময় আগত নগরবাসীর প্রত্যেকের বিভিন্ন ধরনের সমস্যার কথা মেয়র মনোযোগ সহকারে শোনেন ও তাৎক্ষণিকভাবে তা সমাধানের ব্যবস্থা করেন।পানির লাইনের আবেদনের ক্ষেত্রে জটিলতা, পানির লাইন থাকা সত্ত্বেও পানি না পাওয়া, লাইন না থাকলেও নিয়মিত বিল দেওয়ার সমস্যাসহ বিভিন্ন সমস্যা সমাধান দেন মেয়র।এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলররা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জানান, নাগরিকসেবা নিতে আসা নগরবাসীদের যাতে বিসিসির কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের কাছ থেকে হয়রানির শিকার না হয় সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।