লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি পোশাকশিল্পে অস্থিরতায় ভারতের লাভ,হাতছাড়া ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা

লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই


মোহাম্মাদ মুরাদ হোসেন: সারা দেশে পুরো রেলপথে প্রায় সাড়ে ৩ হাজার লেভেলক্রসিং রয়েছে। সব কয়টিকেই ‘মৃত্যু ফাঁদ’ বলা যায়। এর মধ্যে অর্ধেকেরও বেশি অবৈধ ক্রসিং।ক্রসিংগুলোতে বছরে ৩৩ থেকে ৩৫ জনের করুণ মৃত্যু হচ্ছে। গত ১৮ বছরে (২০০৮ থেকে চলতি বছরের ২১ অক্টোবর পর্যন্ত) লেভেল ক্রসিংগুলোতে নারী-শিশুসহ প্রায় ৭০০ জন মারা গেছেন। কিন্তু রেলওয়ে এবং অবৈধভাবে লেভেলক্রসিং নির্মাণকারীদের গাফিলতির কারণে মূলত দৃশ্যমান কোনো সমাধান আসছে না।আবার বৈধ ক্রসিংগুলোর ৮৪ শতাংশেই নিরাপত্তারক্ষী নেই। অবৈধগুলো একেবারেই শূন্য। নিরাপত্তারক্ষী যেমন নেই, আবার কোথাও গেট নেই। এভাবেই যুগের পর যুগ ধরে চলছে। এর ফলে ট্রেনে কাটা পড়ে কিংবা ট্রেনের সঙ্গে সড়ক যানের ধাক্কায় মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে।এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন,রেলপথে এমন মৃত্যু কখনো মেনে নেওয়া যায় না। অবৈধ ক্রসিংগুলো বন্ধ করাসহ এমন দুর্ঘটনা শূন্যে আনতে রেলের চেষ্টা সর্বদাই রয়েছে। কিন্তু যেসব ব্যক্তি ও সংস্থাগুলো এমন নির্মম মৃত্যুর জন্য দায়ী, সেই ব্যক্তি ও সংস্থাগুলো কোনো কর্ণপাতই করছে না। রেলওয়ের পক্ষ থেকে অসংখ্যবার পত্রের মাধ্যমে সংস্থাগুলোকে দায়ী করে করণীয় বিষয়ে অবগত করা হয়েছে। যেসব সংস্থা অবৈধভাবে ক্রসিংগুলো করেছে, বন্ধ করা কিংবা ওভারপাস-আন্ডারপাস করা ওদেরই দায়িত্ব। রেলে উন্নয়ন হচ্ছে, নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন হচ্ছে। কিন্তু এমন মৃত্যু রেলের অর্জন ম্লান করছে। অবৈধ লেভেলক্রসিংগুলো বন্ধে রাজনৈতিক প্রতিশ্রুতিরও প্রয়োজন রয়েছে।

সড়ক পরিবহণ বিভাগের আওতায় অবৈধ ক্রসিংয়ের সংখ্যা প্রায় ১৩টি। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, লেভেলক্রসিংয়ে এমন মৃত্যু-দুর্ঘটনা খুবই দুঃখজনক। আমরা রেলের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। নিশ্চয় এর একটা সমাধান হবে, হওয়া উচিত। লেভেলক্রসিংগুলোয় নিরাপত্তা নিশ্চিত হলে ট্রেনের গতি যেমন বাড়বে, সাধারণ মানুষের মৃত্যুও ঠেকানো যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, রেলের ভুলে দুর্ঘটনায় সাধারণ যাত্রীদের মৃত্যুর সংখ্যা হাতে গোনা। কিন্তু লেভেলক্রসিং ও রেলপথে মৃত্যুর সংখ্যা অনেক। ক্রসিং ও লাইনে মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। সবই কাগুজে উদ্যোগ। সারা দেশে প্রায় ১৯০০ অবৈধ লেভেলক্রসিং রয়েছে। কোনোটাই উচ্ছেদ কিংবা বন্ধ করা সম্ভব হচ্ছে না। রেল কর্তৃপক্ষ বলছে, রেলের সক্ষমতা নেই। নামেমাত্র কয়েটি বন্ধ করলেও রাতের আঁধারে আবার তা চালু করে ফেলে স্থানীয়রা। রেল কর্তৃপক্ষ বলছে, সড়ক নির্মাণ সংস্থাগুলো (এলজিইডি, পৌরসভা, সওজ ও সড়ক পরিবহণ) অনুমতি না নিয়েই দিনের পর দিন রেললাইনের ওপর দিয়ে লেভেলক্রসিং করে রাস্তা তৈরি করছে। স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য, জনস্বার্থেই রেললাইনের ওপর দিয়ে রাস্তা করা হচ্ছে। অন্যদিকে রেলে কর্তৃপক্ষে ভাষ্য-সম্পূর্ণ অবৈধভাবে এসব রাস্তা করা হয়েছে। প্রতিটি অবৈধ ক্রসিংয়ের বিপরীতে মামলা-জিডিও রয়েছে। কিন্তু প্রভাবশালী ব্যক্তি ও সংস্থাগুলোকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। রেলপথ মন্ত্রণালয় থেকে গত ২ যুগে অন্তত ৫৪ বার পত্রের মাধ্যমে দায়ী ব্যক্তি ও সংস্থাগুলোকে তাগাদাপত্র দেওয়া হয়েছে। উচ্ছেদ এবং অতিপ্রয়োজনীয় হলে রেলপথের উপর-নিচ দিয়ে ওভারপাস কিংবা আন্ডারপাস করারও অনুরোধ জানানো হয়। কিন্তু রেলের এমন নির্দেশনা বা তাগাদাপত্রের কোনো কিছুই বাস্তবায়ন করেনি সংস্থাগুলো।

লেভেলক্রসিংগুলোতে বছরে ৩৫ জনের মতো মানুষের মৃত্যু হলেও এই মৃত্যুর দায় রেল কিংবা সংস্থাগুলো নিচ্ছে না। রেলওয়ের পরিকল্পনা দপ্তর সূত্র বলছে, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো-নতুন রেলপথগুলোতেও প্রকাশ্যে অবৈধভাবে লেভেলক্রসিং নির্মাণ করা হচ্ছে। দোহাজারী-কক্সবাজার ১০১ কিলোমিটার রেলপথে প্রায় ৪০টি অবৈধ লেভেলক্রসিং রয়েছে। তাছাড়া এ পথে চট্টগ্রাম থেকে দোহাজারি পর্যন্ত আরও অর্ধশতাধিক অবৈধ লেভেলক্রসিং রয়েছে। ২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজার রেলপথ চালু হওয়ার পর থেকে চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত ১১৭ জন প্রাণ হারিয়েছেন। সবই বৈধ কিংবা অবৈধ লেভেলক্রসিং দুর্ঘটনায়। সবশেষ ২০ নভেম্বর এ পথের রামুর অরক্ষিত ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।

প্রতিশ্রুতির ফুলঝুরি : রেলে লেভেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটলে প্রতিবারই একাধিক তদন্ত কমিটি গঠিত হয়। প্রতিটি তদন্ত কমিটির সুপারিশেই অবৈধ লেভেলক্রসিংগুলো বন্ধ করতে বলা হয়।একই সঙ্গে বৈধ ক্রসিংগুলোর দুপাশে আধুনিক যন্ত্রাংশ লাগানোর কথা বলা হয়।তাছাড়া রেলপথ মন্ত্রণালয় ও বিভাগ থেকে রেলপথমন্ত্রী, সচিব, ডিজি অসংখ্যবার বিভিন্ন সভা-সেমিনার এবং দুর্ঘটনার পর ঘটনাস্থল পরির্দশনে গিয়ে বলেছেন-রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকালেভেলক্রসিংগুলো আন্ডারপাস-ওভারপাস করা হবে। যে কোনো মূল্যে অবৈধ লেভেলক্রসিং বন্ধ করা হবে। ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত রেলপথে অন্তত ৬টি ওভারপাস-আন্ডারপাস করার জন্য বেশ কয়েকবার প্রাথমিক সমীক্ষাও করা হয়। কিন্তু কোনো উদ্যোগই আলোর মুখ দেখেনি।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. নাজমুল ইসলাম বলেন, রেলওয়ের আইন অনুযায়ী এলজিইডি, সওজ, সিটি করপোরেশন, সড়ক পরিবহণ, পৌরসভাসহ নানা বেসরকারি সংস্থা কর্তৃক নির্মিত লেভেলক্রসিং সম্পূর্ণ অবৈধ। প্রতিটি দুর্ঘটনায় রেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। শিডিউল বিপর্যয় ঘটছে। কখনো কখনো ট্রেনের যাত্রা পর্যন্ত বাতিল করতে হচ্ছে।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিংস্টক) ফকির মো. মহিউদ্দীন বলেন, অবৈধ লেভেলক্রসিংয়ের জন্য ট্রেনের প্রকৃত গতি উঠানো যাচ্ছে না। ট্রেন চালকরা সবসময় ভয়ভীতিতে থাকেন। যাদের জন্য দুর্ঘটনা ঘটছে সে সব সংস্থা দায় নিচ্ছে না। অবৈধ ক্রসিংগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব রেলের নয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড.এম শামছুল হক বলেন,বৈধ-অবৈধ উভয় লেভেলক্রসিংগুলোতে দুর্ঘটনায় সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। কাউকে না কাউকে এর দায়িত্ব নিতে হবে। অবৈধ লেভেলক্রসিংগুলোতে কেন প্রহরী নিয়োগ করা হচ্ছে না-এই প্রশ্ন রাখেন তিনি।

Top