ফের বাড়ল জ্বালানি তেলের দাম - Alokitobarta
আজ : সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বাড়ল জ্বালানি তেলের দাম


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : বিএনপি সরকার ৫ মাসের মধ্যে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এবার ডিজেল লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১১৫ টাকা থেকে ১৩৫ টাকা, অকটেন ২০ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল প্রতি লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন প্রতি লিটারে ২০ টাকা বাড়িয়ে এখন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।রোববার রাত ১২টায় সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।জ্বালানি বিভাগ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত ছয় মাসে অনেক বেড়েছে। তাই তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে।এর আগে গত ১৮ এপ্রিল ডিজেল, অকটেন, পেট্রোলসহ সব ধরনের জ্বালানি পণ্যের দাম ১৫ থেকে ১৬ দশমিক ৬৭ শতাংশ বাড়ানো হয়েছিল। অর্থনীতিবিদ এবং জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, তেলের দাম বৃদ্ধির এই সিদ্ধান্তের পর দেশের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে। বাড়বে সব ধরনের জিনিসপত্রের দাম। জীবনমানের ব্যয় বাড়বে।

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে জ্বালানি তেলের সরবরাহ এবং দাম নিয়ে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এক বৈঠক হয়। সেখানে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য রহমান অমিত, জ্বালানি সচিব এবং বিপিসির চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বৈঠকে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ চড়া যাচ্ছে। এতে করে বড় খেসারত দিতে হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোর। বর্তমান আন্তর্জাতিক বাজার দর বিবেচনায় প্রতি লিটার ডিজেলে বড় ধরনের লোকসান হচ্ছে। এর ফলে দৈনিক লোকসান দাঁড়াচ্ছে প্রায় ১৩০ থেকে ১৩৫ কোটি টাকা। মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বিপিসি নিজস্ব তহবিল থেকে ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান দিয়েছে।এর মধ্যে এপ্রিলেই লোকসান ৭ হাজার ৮৬৬ কোটি এবং জুনে ৬ হাজার ১৯৮ কোটি টাকা। সেপ্টেম্বরে লোকসান ৫ হাজার কোটি টাকা ছাড়াতে পারে। যুদ্ধ শুরুর আগে চলতি বছরের শুরুতে জ্বালানি তেলের দাম দুদফায় কমেছিল। ফেব্রুয়ারিতে ডিজেল ১০০, কেরোসিন ১১২, পেট্রোল ১১৬ ও অকটেন ১২০ টাকা হয়। মার্চে দাম অপরিবর্তিত ছিল।

Top