কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি


নিজস্ব প্রতিবেদক:
কুয়াকাটায় প্রকাশিত সংবাদের জেরে হামলার শিকার হওয়া দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি কে. এম. বাচ্চুকে দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে হাসপাতালে গিয়ে তারা আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক আমার দেশ-এর ব্যুরো চিফ নিকুঞ্জ বালা পলাশ, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সময়ের আলো-এর ব্যুরো চিফ এম. মোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বর্তমান-এর ব্যুরো চিফ মো. মামুন-অর-রশিদ, , কার্যনির্বাহী সদস্য জিয়া উদ্দিন বাবু, ক্রীড়া সম্পাদক আহমেদ বায়েজিদ, সদস্য লিটন বায়েজিদ ও কাজী সাইফুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।

জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে কুয়াকাটা চৌরাস্তার ডাকবাংলোর সামনে থেকে ৪-৫ জন দুর্বৃত্ত কে. এম. বাচ্চুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে তার দুই পা ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাংবাদিক কে. এম. বাচ্চুর অভিযোগ, সম্প্রতি একটি ধর্ষণচেষ্টার ঘটনা এবং অবৈধ দোকানপাট নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, ছাত্রদল ও যুবদলের কিছু কর্মী এ হামলার সঙ্গে জড়িত এবং হামলার সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Top