দাম বাড়বে - Alokitobarta
আজ : শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাম বাড়বে


মোহাম্মাদ মুরাদ হোসেন :মধু :বিদেশ থেকে মধু আমদানির ন্যূনতম মূল্য বাড়ানো হয়েছে।ফলে মধুর দাম বাড়তে পারে।

স্মার্টওয়াচ : স্মার্টওয়াচের আমদানি শুল্ক ২৫ শতাংশ করা হয়েছে। এ কারণে তরুণদের কাছে জনপ্রিয় এই পণ্যটির দাম বাড়তে পারে।

রড : এমএস রডের কাঁচামাল স্ক্র্যাপ শিটের সুনির্দিষ্ট কর টনপ্রতি ৩০০ টাকা এবং এমএস পণ্যের কর ৪০০ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া রড তৈরির কাঁচামাল ফেরো ম্যাঙ্গানিজ ও ফেরো সিলিকা ম্যাঙ্গানিজের সুনির্দিষ্ট কর বাড়ানো হয়েছে। এতে বাজারে বাড়তে পারে এমএস পণ্যের দাম।

ইট : ইট প্রস্তুতকারকদের অগ্রিম আয়কর দ্বিগুণেরও বেশি হারে বাড়ানো হয়েছে। এতে বাজারে ইটের দাম বাড়তে পারে।

মাছ : তাজা, শুকনা, ঠান্ডা, হিমায়িত মাছ আমদানিতে এতদিন ভ্যাট ছিল না। বাজেটে মাছ আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট বসানো হয়েছে। এতে ভারত-মিয়ানমার থেকে আনা মাছের দাম বাড়তে পারে।

কাজু বাদাম : দেশে কাজু বাদামের চাষ বাড়ছে। তাই কাজু বাদাম আমদানিতে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হচ্ছে।

টায়ার-টিউব : কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টরের টায়ার-টিউব আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট বসানো হয়েছে। এ কারণে টায়ার-টিউবের দাম বাড়তে পারে।

তেলের গাড়ি : তেলের গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতাসম্পন্ন গাড়ির করভাগ ১৩২.৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫৫.৮৮ শতাংশ করা হয়েছে। এতে তেলের গাড়ির দাম বাড়তে পারে।

ওয়াশিং মেশিন : দেশে উৎপাদনকে উৎসাহিত করতে বিদেশি ওয়াশিং মেশিন আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এতে বিদেশি ওয়াশিং মেশিনের দাম বাড়বে।

ট্রান্সফরমার : স্থানীয়ভাবে গড়ে ওঠা শিল্পকে শক্তিশালী করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে। এতে ট্রান্সফরমারের দাম বাড়তে পারে।

শিট : দেশে উৎপাদিত কোলড রোলড এবং কোটেড কয়েল ও শিট শিল্পকে সুরক্ষা দিতে আমদানি পর্যায়ে ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে। এতে শিল্পে ব্যবহৃত এই দুই পণ্যের দাম বাড়তে পারে।

সিগারেট : সম্পূরক শুল্ক বাড়ানো না হলেও সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছে। এতে বাজারে সব ধরনের সিগারেটের দাম বাড়বে। সবচেয়ে বেশি দাম বাড়বে প্রিমিয়াম সিগারেটের।

মদ : রাজস্ব আদায় বাড়াতে মাদক শুল্কের পাশাপাশি দেশে উৎপাদিত বিলাতি মদে লিটারপ্রতি ৫০০ টাকা সুনির্দিষ্ট শুল্ক আরোপ করা হয়েছে। এতে মদের দাম বাড়তে পারে।

নিকোটিন পাউচ : সিগারেটের বিকল্প হিসাবে তরুণ প্রজন্মের কাছে নিকোটিন পাউচ জনপ্রিয় হয়ে উঠছে। বাজেটে ১০ গ্রাম নিকোটিন পাউচের দাম ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও দাম বাড়তে পারে-আমদানিকৃত ভুট্টা; সুগন্ধি ও ওষুধ তৈরি, কীটপতঙ্গ ও ছত্রাক বিনাশ অথবা সমজাতীয় কাজে ব্যবহৃত তাজা, শুকনা, চূর্ণ বা গুঁড়া অবস্থায় আমদানিকৃত বৃক্ষ বা বৃক্ষের অংশ; আয়রন ওর; রাবার বেয়ারিং; টু-ইন-ওয়ান; ছবি বাঁধাইয়ের কাজে ব্যবহৃত ফ্রেম; গ্যাস সিলিন্ডারে ব্যবহৃত পাইপ; কনটেইনার; অপ্রক্রিয়াজাত তামাক; কপার তার ও টিউব; মোটর; পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার; তাজা ও শুকনা সুপারি, সাদা চকলেট, রেললাইনে ব্যবহৃত পাথর, কটন ফেব্রিক্স, ফোম, সিরামিক টাইলস, ওয়াশ বেসিন, তালা-চাবি, ইলেকট্রিক ক্যাপাসিটর, বাইসাইকেল ও এর যন্ত্রাংশ, লুব্রিকেটিং অয়েল, জিপসাম প্লাস্টার, টলুইন, কম্প্রেসার অয়েল, রাবার কনভেয়ার বেল্ট, ব্রিক-ব্লক, নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বনডাই অক্সাইড, ম্যাট্রেস, স্লিপিং ব্যাগ, লাইটার।

Top