বড় ঋণ গ্রহীতারাই খেলাপি বেশি,ব্যাংক খাতে সংকট ঘনীভূত - Alokitobarta
আজ : শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বড় ঋণ গ্রহীতারাই খেলাপি বেশি,ব্যাংক খাতে সংকট ঘনীভূত


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : খেলাপি ঋণের চাপে ব্যাংক খাতে নানামুখী সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে।এদের মধ্যে বিতরণ করা ঋণের পরিমাণ ১৩ লাখ ৩৬ হাজার ১০০ কোটি টাকা। খেলাপি হয়েছে ৫ লাখ ৭৬ হাজার কোটি টাকা, যা তাদের নেওয়া ঋণের ৪৩ দশমিক ১৪ শতাংশ। অর্থাৎ কোটি টাকার বেশি গ্রহীতাদের নেওয়া ঋণের মধ্যে প্রায় অর্ধেকই খেলাপি হয়ে পড়েছে। বৃহস্পতিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।এ সংকটের জন্য বড় দায় ইচ্ছাকৃত খেলাপি ও একশ্রেণির করপোরেট গ্রুপের। এছাড়া যারা কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন তাদের মধ্যে খেলাপি বেশি। বিশেষ করে ৫০ কোটি টাকার উপর থেকে খেলাপির হার বেশি।এক হিসাবে দেখা গেছে, ব্যাংক থেকে কোটি টাকার বেশি ঋণ নিয়ে খেলাপি হয়েছেন ৪২ হাজার ৪৭৫ জন গ্রাহক। প্রতিবেদনে দেখা যায়, গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৫ হাজার কোটি টাকা, যা ব্যাংক খাতের জন্য খুবই উদ্বেগজনক। এসব খেলাপি গ্রাহকদের বড় অংশই দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত। তারা খেলাপি হয়ে পড়ায় ব্যাংক খাতে যেমন সমস্যার সৃষ্টি হয়েছে, তেমনি ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। ব্যাংকগুলোর সম্পদের মানের অবনতি ঘটেছে। বেড়ে গেছে সার্বিক ঋণ ঝুঁকির মাত্রা। প্রতিবেদনে বলা হয়, ব্যাংকগুলোর ঋণ ব্যবস্থাপনায় দুর্বলতা এবং ঋণগ্রহীতার ঋণ পরিশোধে সক্ষমতার অভাব দেখা দিয়েছে। যা দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার দুর্বলতা বেরিয়ে এসেছে। সংকট নিরসনে আর্থিক স্থিতিশীলতা এবং ব্যাংকিং খাতের সুস্থতা বজায় রাখতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া এই হার কমিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রতিবেদনে এমন মতামত দেওয়া হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঋণ মানে ব্যাপক অবনতি ঘটেছে। বিশেষ করে বড় অংকের ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে অবনতির মাত্রা বেশি। ওই সময়ে ৫০ কোটি টাকার উপরে ঋণ খেলাপির হার ২৬ শতাংশ থেকে বেড়ে ৫১ শতাংশ হয়েছে। ৪০ কোটি টাকার বেশি থেকে ৫০ কোটি টাকার ঋণ খেলাপির হার ১৩ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৪৬ দশমকি ৮ শতাংশে উন্নীত হয়। ৩০ কোটি টাকার বেশি থেকে ৪০ কোটি টাকার ঋণের খেলাপির হার ২০ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ৪০ দশমিক ৫ শতাংশ হয়েছে। ২০ কোটি টাকার বেশি থেকে ৩০ কোটি টাকার ঋণের খেলাপির হার ২২ দশমকি ১ শতাংশ থেকে বেড়ে ৪০ দশমকি ৫ শতাংশ হয়েছে। ১০ কোটি টাকার বেশি থেকে ২০ কোটি টাকার ঋণে খেলাপির হার ১৬ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৪৮ দশমিক ১ শতাংশ হয়েছে। ১ কোটি টাকার বেশি থেকে ১০ কোটি টাকার ঋণে খেলাপির হার ১৫ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ২৭ দশমিক ৯ শতাংশ হয়েছে। এছাড়া ১ কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহীতাদের মধ্যে খেলাপি হার ১০ দশমকি ৩ শতাংশ থেকে বেড়ে ১৫ দশমিক ২ শতাংশ হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, ছোট ঋণ গ্রহীতাদের খেলাপি ঋণ বেশি বাড়েনি। কোটি টাকার বেশি অংকের খেলাপি ঋণই বেড়েছে বেশি। এর মধ্যে ৫০ কোটি টাকার উপরের গ্রাহকদের খেলাপি ঋণ সবচেয়ে বেশি বেড়েছে।

Top