ফোনে আড়ি পাতা কঠিন হলো
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : কোনো সরকার কখনোই ইন্টারনেট এবং টেলিযোগাযোগ সেবা বন্ধ করতে পারবে না। এমন বিধান রেখে বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫। এর ফলে টেলিযোগাযোগ আইন বাতিল হলো।এই অধ্যাদেশে বহুল আলোচিত ন্যাশনাল টেলিকমিউকেশনস মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্ত করা হয়েছে। এখন এটির নতুন নাম রাখা হয়েছে সেন্টার ফর ইনফরমেশনস সাপোর্ট (সিআইসি)।আর সিআইসি পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।এর আগে এ অধ্যাদেশ আরও তিনবার উত্থাপন করা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। এ তিনবার স্বরাষ্ট্র, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিটিআরসির আপত্তির কারণে এটি অনুমোদন হয়নি।অবশেষে নির্বাচনের আগমুহূর্তে আলোচিত এই অধ্যাদেশ অনুমোদন করা হলো।
এ ব্যাপারে টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান বলেন,এ অধ্যাদেশ গণতন্ত্রে উত্তরণ ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগের সরকার আমলে ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট বন্ধসহ বিভিন্ন অগণতান্ত্রিক কাজ করা হয়েছে। এখন আর সেগুলো করা সম্ভব হবে না।
নতুন অধ্যাদেশে বলা হয়েছে, এখন থেকে আধা বিচারিক কাউন্সিলের অনুমোদন ছাড়া কেউ কোনো নাগরিকের ফোনে আড়ি পাততে পারবে না। এই আধা বিচারিক কাউন্সিল গঠিত হবে আইনমন্ত্রী, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এবং স্বরাষ্ট্র সচিবকে নিয়ে। সংসদীয় স্থায়ী কমিটি আইনানুগ ইন্টারসেপশন বা আড়ি পাতার বিষয়ে বছরে একটি রিপোর্ট প্রকাশ করবে জনগণের সামনে। এছাড়া নাগরিকের ইমেজ, কলের সুরক্ষা, সিম এবং ডিভাইসের তথ্য সুরক্ষার বিধান রাখা হয়েছে। এতে জাতিসংঘ, আইটিইউসহ আন্তর্জাতিক নীতির অনুসরণ করা হয়েছে।
অধ্যাদেশে অনুমোদন ছাড়া কেউ সিআইসিতে আড়ি পাতলে তা হবে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। শুধু জাতীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা, জরুরি প্রাণরক্ষা, বিচারিক প্রয়োজন (তদন্তসহ) এবং আন্তঃসীমান্তসংক্রান্ত কাজে সুনির্দিষ্ট কার্যপদ্ধতি অনুসরণ করে আড়ি পাততে হবে। সিম ও ডিভাইস রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে কোনো নাগরিককে নজরদারি বা হয়রানি করলে দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। এদিকে অধ্যাদেশে বিটিআরসিতে বেশির ভাগ লাইসেন্স প্রদানের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। বলা হয়েছে, জাতীয় পর্যায়ের কয়েকটি লাইসেন্স ছাড়া বিটিআরসি সব লাইসেন্স ইস্যু করতে পারবে। একই সঙ্গে লাইসেন্সের আবেদন থেকে শুরু করে লাইসেন্স ইস্যু করার সময় কমানো হয়েছে। টেলিযোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি একটি ‘জবাবদিহিতা কমিটি’ গঠন করবেন।
প্রেস ব্রিফিংয়ে তারেক রহমানের নিরাপত্তা ইস্যু : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাচ্ছি এবং প্রয়োজনীয় নিরাপত্তা দিতে তার দলের সঙ্গে আলাপ হয়েছে। তারা যতটুকু নিরাপত্তা চাচ্ছেন, কথা বলে সেগুলোর বিষয়ে দেখা হচ্ছে। দলই তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি দেখছে।
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : মার্কিন ফরেন কমিটির চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এই চিঠিটা কিন্তু দেখিনি। তবে আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং নির্বাচন কমিশন দল হিসাবে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাদ দিয়েছে।
ওসমান হাদি হত্যার তদন্ত : সাংবাদিকদের প্রশ্নে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিষয়টি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে। সব সিকিউরিটি এজেন্সি বিষয়টি নিয়ে কাজ করছে। পুলিশসহ অন্য এজেন্সিগুলো তদন্ত করছে। আমি বলতে পারব-কিছু গ্রেফতার আছে। মূল সন্দেহভাজন গ্রেফতার না হলেও এর আশপাশে যারা ছিল অনেককেই গ্রেফতার করা হয়েছে। শফিকুল আলম বলেন, আইন মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটার বিচার হবে।