জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ায় ৮৪টি সিদ্ধান্তের মধ্যে মৌলিক ১৪টি বিষয়ে আপত্তি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ায় ৮৪টি সিদ্ধান্তের মধ্যে মৌলিক ১৪টি বিষয়ে আপত্তি


মোহাম্মাদ আমিনুল ইসলাম:জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ায় ৮৪টি সিদ্ধান্তের মধ্যে মৌলিক ১৪টি বিষয়ে আপত্তি (নোট অব ডিসেন্ট) দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরমধ্যে রয়েছে-প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকা, তত্ত্বাবধায়ক সরকারের গঠন, রাষ্ট্রপতির ক্ষমতা, আইনসভার উচ্চকক্ষে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি এবং রাষ্ট্রের মূলনীতি উল্লেখযোগ্য। সবচেয়ে বেশি আপত্তি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা কয়েক দল। এর মধ্যে ৯টি আপত্তি রয়েছে। ৪টিতে আপত্তি দিয়েছে সিপিবি ও বাম দল, ১টিতে জামায়াতে ইসলাম এবং ২টি অন্যান্য ইসলামী দল। এর মধ্যে আবার কমন আপত্তি রয়েছে। আপত্তি দেওয়ার ক্ষেত্রে কোনোটিতে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত এবং আবার কোনোটিতে আংশিক। তবে জাতীয় নাগরিক পার্টির কোনো আপত্তির তথ্য মেলেনি। সংশ্লিষ্টরা বলছেন, ইস্যুগুলোতে দলগুলোর আরও কাছাকাছি আসা উচিত। ঐকমত্য না হলে এগুলোর বাস্তবায়ন অনিশ্চিত। জানতে চাইলে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার রোববার যুগান্তরকে বলেন, আলাপ-আলোচনার ভিত্তিতে এই সুপারিশগুলো চূড়ান্ত হয়েছে। তবে কোনো কোনো দল নোট অব ডিসেন্ট দিয়েছে। তিনি বলেন, যেসব ইস্যুতে আপত্তি এসেছে, সবগুলোও মৌলিক বিষয়। এগুলো বাস্তবায়ন না হলে এত মানুষের আত্মত্যাগ অর্থহীন। তিনি আরও বলেন, আশা করি এগুলো বাস্তবায়ন হবে। কারণ যারা আপত্তি দিয়েছে, তারাও দেখেছে, অধিকাংশ দল বা মানুষ একমত। ফলে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তারা সুবিচার করবে বলে আমার ধারণা। আর কোনো কারণে এটি বাস্তবায়ন না হলে তা হবে দুঃখজনক।

প্রসঙ্গত জুলাই সনদ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩৫টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে ৬৭টি বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দুই পর্বের আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। তবে ১৪টি নোট অব ডিসেন্ট পাওয়া গেছে। এগুলো নিয়ে তৈরি করা হয়েছে জুলাই সনদের সমন্বিত খসড়া। শনিবার তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। আর সনদ বাস্তবায়নের আইনিভিত্তি নিয়ে তাদের সঙ্গে আরেক দফা বৈঠক হবে। এরপরই চূড়ান্ত হবে বহুকাঙ্ক্ষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’।

১. সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি’ উল্লেখ থাকবে। ২৪টি দল এতে একমত হয়েছে। এক্ষেত্রে নোট অব ডিসেন্ট দিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং গণফোরাম। ২. রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে উল্লেখ করা হয়, আইনসভার উভয় কক্ষের (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। তবে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ৪৮ (৪)-এ বর্ণিত যোগ্যতা এবং প্রার্থী কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না। ২৮টি দল এতে একমত হয়েছে। নোট অব ডিসেন্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৩. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৩) সংশোধনীর প্রস্তাব করা হয়। এক্ষেত্রে কারও পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজ এখতিয়ারবলে রাষ্ট্রপতি ৬টি পদে নিয়োগ দিতে পারবেন। এর মধ্যে-জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য, তথ্য কমিশন, বাংলাদেশ প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য রয়েছে। ৩১টি দল এতে একমত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনে আপত্তি দিয়েছে বিএনপি, এনডিএম, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ লেবার পার্টি, ১২ দলীয় জোট এবং এলডিপি। ৪. প্রধানমন্ত্রী একইসঙ্গে দলীয় প্রধান হতে পারবেন না-আপত্তি দিয়েছে বিএনপি, এনডিএম, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট। ৫. নতুন সংসদ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী যে তারিখে দায়িত্ব নেবেন, সেই দিনই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হবে। এক্ষেত্রে ত্রয়োদশ সংশোধনীর অনুচ্ছেদ ৫৮(গ) (২) ব্যবস্থা বহাল থাকবে। এক্ষেত্রে আপত্তি দিয়েছে বিএনপি, বাংলাদেশ লেবার পার্টি, এনডিএম, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। তারা চায় তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া সংসদের হাতে থাকবে। ৬. ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত দেশে দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা থাকবে। এর নিম্নকক্ষ (জাতীয় সংসদ) এবং উচ্চকক্ষ (সিনেট)। সিনেটে একশ সদস্য থাকবে। ৩২টি দল একমত। আপত্তি জানিয়েছেন সিপিবি। ৬. নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষের ১০০ জন সদস্য নির্বাচিত হবেন-আপত্তি জানিয়েছে বিএনপি ও এনডিএম। ৭. রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের সাধারণ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সময় একই সঙ্গে উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশ করবে। তালিকায় কমপক্ষে ১০ নারী প্রার্থী থাকতে হবে-২৭ দল একমত। নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি এবং এনডিএম। ৮. সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস করতে হবে। উল্লেখিত বিধান অন্তর্ভুক্তির লক্ষ্যে সংবিধানের পঞ্চম ভাগে প্রয়োজনীয় সংযোজন ও সংশোধন করা হবে। তাছাড়া সংবিধানের অন্যান্য ভাগেও কিছু কিছু সংশোধন করা হবে। এছাড়া পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কিত বিধান অন্তর্ভুক্তির জন্য সংবিধানের পঞ্চম ভাগে সংশোধন করা হবে-এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে সিপিবি, এনডিএম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং আম জনতার দল। ৯. সাধারণ নির্বাচনে দলগুলো ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেবে। তবে এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে প্রত্যেক সাধারণ নির্বাচনে ন্যূনতম ৫ শতাংশ বর্ধিত হারে নারী প্রার্থী মনোনয়ন অব্যাহত রাখবে-২৬ দল এতে একমত। নোট অব ডিসেন্ট দিয়েছে আম জনতার দল, সিপিবি এবং বাসদ। ১০. ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একজনকে ন্যায়পাল পদে নিয়োগের জন্য চূড়ান্ত করবে। এরপর রাষ্ট্রপতি তাকে পরবর্তী ৫ বছরের জন্য নিয়োগ দেবেন। এতে আপত্তি দিয়েছে বিএনপি, এনডিএম, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট। ১১. সরকারি কর্ম কমিশন (পিএসসি) তার দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারবে। আপত্তি দিয়েছে-বিএনপি, এনডিএম, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট।

১২. মহাহিসাব-নিরীক্ষক (সিএজি) তার দপ্তরের কাজের জন্য প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারবে-আপত্তি দিয়েছে বিএনপি, এনডিএম, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট। ১৩. দুর্নীতি দমন কমিশন (দুদক) তার কাজের জন্য প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারবে-আপত্তি দিয়েছে বিএনপি, এনডিএম, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট। ১৪. বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে উন্মুক্ত সরকারের অংশীদারের (ওপেন গভর্নমেন্ট পাটনারশিপ) পক্ষভুক্ত হতে পারবে-২৩টি দল একমত হয়েছে। তবে নোট অব ডিসেন্ট দিয়েছে-জাকের পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি (বিএসপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং গণতান্ত্রিক বাম ঐক্য।

Top