দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষার ওপর আলোচনা করার জন্য খতিব ও ইমামদের প্রতি আহ্বান - Alokitobarta
আজ : রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষার ওপর আলোচনা করার জন্য খতিব ও ইমামদের প্রতি আহ্বান


মোহাম্মাদ নাসির উদ্দিন:আগামীকাল শুক্রবার (৯ আগস্ট) দেশব্যাপী সব মসজিদে জুমার খুতবায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষার ওপর আলোচনা করার জন্য খতিব ও ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।বৃহস্পতিবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন সংগঠনের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজেদুর রহমান।বিবৃতিতে তারা বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টায় লিপ্ত রয়েছে, যার সঙ্গে ইসলাম ও মুসলমানদের কোনো সম্পর্ক নেই। কেননা, ভিন্ন ধর্মাবলম্বী কোনো সম্প্রদায়ের জান-মালের ক্ষতি সাধন এমনকি ভয়-ভীতি প্রদর্শনও ইসলামে সুস্পষ্টভাবে নিষিদ্ধ।

নেতারা বলেন, জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল মানুষের জান-মাল ও ইজ্জত রক্ষা করা প্রতিটি মুসলিমের জন্য অবশ্যকরণীয়।তারা বলেন, আগামীকাল শুক্রবার দেশব্যাপী সব মসজিদে জুমার খুতবায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষার ওপর আলোচনা করার জন্য আমরা সম্মানিত খতিব ও ইমামদের প্রতি আহ্বান জানাচ্ছি। তাছাড়া নিয়মিত নামাজে আগত মুসল্লিদেরও জামাতের আগে বা পরে বিশেষ ঘোষণার মাধ্যমে এ ব্যাপারে সচেতন করার আহ্বান জানাচ্ছি।

Top