নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য, কিংবা নাটক করার জন্য আসিনি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য, কিংবা নাটক করার জন্য আসিনি


মোহাম্মাদ রফিকুল ইসলাম : জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা নির্বাচন করতে এসেছি। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য, কিংবা নাটক করার জন্য আসিনি। নির্বাচন করব এবং নির্বাচন করে আগামীতে ক্ষমতায় যাব সেই স্বপ্নেও আমরা বিভোর। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে যাবে সে রকম চিন্তাই আমাদের মধ্যে আছে। কাজেই নির্বাচন থেকে চলে যাব কেন। নির্বাচন করার শর্ত হিসাবে আমাদের একটাই দাবি, নির্বাচনের পরিবেশ এমন হতে হবে যেন ভোটারদের আস্থা আসে। আর কোনো দাবি আমাদের নেই।বুধবার বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, জোট-মহাজোটের বিষয়ে আমরা নির্বাচন কমিশনে কোনো দরখাস্ত করিনি। আরপিও অনুযায়ী যদি জোট-মহাজোট করতে হয়, তাহলে একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশনে দরখাস্ত দিয়ে জানিয়ে দিতে হয়। আমরা জানাইনি কারণ আমরা প্রথম থেকেই জোট-মহাজোটে যাওয়ার সিদ্ধান্তে নেই।আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, গত রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন নেতার সঙ্গে আমরা অনেকক্ষণ আলাপ করেছি, খোশগল্প করেছি। নির্বাচন কিভাবে ভালোভাবে হয়। ভোটাররা কিভাবে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কী হবে, প্রশাসনের কী ভূমিকা থাকবে, আইনশৃঙ্খলা বাহিনীর কী ভূমিকা থাকবে, নির্বাচন কমিশনেরই বা কী ভূমিকা থাকবে, আওয়ামী লীগ কর্মীদের কী ভূমিকা থাকবে- এসব নিয়ে অনেক আলোচনা করেছি।জাতীয় পার্টিকে বিশ্বাস না করলেও ভালো করে রাতে ভোজ দিয়েছেন উল্লেখ করে মো. মুজিবুল হক চুন্নু বলেন, তারা (আওয়ামী লীগ) নৈশভোজে আমাদের খেতে দিয়েছেন, আমরা খেয়েছি। পেট ভরে খেয়েছি। কাজেই আমার মনে হয় না যে, উনারা যে বলছেন বিশ্বাস করেন না; বিশ্বাস না করলে কারও বাড়িতে দাওয়াত দিয়ে এত আলাপ করে খাওয়াতেন না নিশ্চয়ই। অবিশ্বাসের কথা লোক দেখানো নাকি রাজনৈতিক বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, অবিশ্বাসের কথা আমি বলিনি। যিনি বলছেন, তিনি উত্তর দিতে পারবেন। জাতীয় পার্টি সবাইকে বিশ্বাস করে।

এ বিষয়ে জাতীয় পার্টি কী কোনো প্রশ্ন করেছে- এমন প্রসঙ্গে মো. মুজিবুল হক চুন্নু বলেন, না, আমি কথাটা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিনি। কারণ তাদের সঙ্গে যখন কথা হয়েছে, তাদের ব্যবহারে আমি আপ্লুত। তাদের কথাবার্তায় আমি খুশি যে, একথা আর জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিনি।পার্টি চেয়ারম্যান জিএম কাদের অনেক দিন ধরে মিডিয়ায় কথা বলছেন না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. মুজিবুল হক চুন্নু বলেন, উনি তো এখনো আছেন পার্টি অফিসে। জিএম কাদের সাহেব মনে করেন আপনাদের (সাংবাদিক) সঙ্গে আমার খুব একটা ভালো সম্পর্ক। তাই আমাকে বলেছেন, তুমি উনাদের সঙ্গে কথা বল। মান-অভিমান থাকবে কেন? আমরা তো নির্বাচনে যাচ্ছি, মান-অভিমান থাকলে কি নির্বাচনে যেতাম।

তিনি গণমাধ্যমের সামনে আসছেন না কেন জানতে চাইলে দলটির মহাসচিব বলেন, আসবেন না কেন? আসার মতো কোনো প্রয়োজন তো উনি দেখছেন না। আমিই তো চালিয়ে যাচ্ছি উনার পক্ষে। উনি নিজে বলছেন, কথা বলার সময় এখনো আসেনি। অবশ্যই কথা বলার সময় এলে উনি নিজে বলবেন। দলের ভেতরে কোনো বিভক্তি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি আবারও বলছি, দলে কোনো বিভক্তি নেই।রওশন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাকে বলেছেন, তিনি নির্বাচনে যেতে চেয়েছিলেন। কিন্তু জিএম কাদের যেতে দেননি। তিনি প্রধানমন্ত্রীকে আপনাদের সঙ্গে জোট না করার আহ্বান জানান। বিষয়টিকে কিভাবে দেখছেন জানতে চাইলে মো. মুজিবুল হক চুন্নু বলেন, উনাকে, উনার ছেলেকে এবং আরেকজনকে আপনাদের মাধ্যমে বারবার বলেছি। উনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে টেলিফোনে আলাপ হয়েছে। উনি নিজেই বলেছেন নির্বাচন করবেন এবং ফরম নেবেন। আমি বলেছি, আপনি নির্দেশ দিলে ফরম আমি আপনার বাসায় দিয়ে আসব। উনি বলেছেন লোক পাঠাবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন রাত ১০টা পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম। তারপর তিনি সংবাদ সম্মেলনে বললেন যে, নির্বাচনে যাবেন না। এখন দোষ কার আপনারা চিন্তা করবেন।

রওশন এরশাদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে এর কোনো অর্থ দাঁড়ায় কিনা জানতে চাইলে তিনি বলেন, না, এগুলো আমার দল কিছু মিন করে না। তিনি বিরোধী দলের নেতা, সেই হিসাবে সংসদ নেত্রীর সঙ্গে দেখা করেছেন। এরসঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। ন্যূনতম সম্পর্ক নেই। রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক। তিনি দলীয় কোনো পদ ধারণ করেন না। উনি দলের কেউ নন। দলের প্রধান পৃষ্ঠপোষক আলংকারিক পদ। নির্বাহী কোনো ক্ষমতা তার নেই।রওশন এরশাদ বলেছেন, আপনারা যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন তাতে তার কোনো সমর্থন নেই- এ ব্যাপারে মুজিবুল হক চুন্নু বলেন, আমি বুঝি দলের কেউ যদি নেতৃত্বের বাইরে যায় তাহলে অনৈক্য। দলের কোনো নেতৃত্ব তো বাইরে যায়নি।এ ঘটনায় দলের চেয়ারম্যানের সঙ্গে তার (রওশন এরশাদ) দ্বন্দ্ব প্রকাশ্যে এলো কিনা জানতে চাইলে মো. মুজিবুল হক চুন্নু বলেন, সাংগঠনিকভাবে আমি কোনো দ্বন্দ্ব দেখি না। বিরোধী দলের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন, এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমি বা জিএম কাদের যেটা বলি সেটা হলো জাতীয় পার্টির কথা। আমি জানি না, এক দলের কাছে আরেক দলের নালিশ চলে কিনা। এটা রাজনৈতিক কোনো সংস্কৃতিতে পড়ে কিনা, আমার নতুন করে স্টাডি করতে হবে।

Top