খালেদা জিয়ার ছেলে বিদেশে আমাকে হত্যার জন্য কিলার ভাড়া করে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

খালেদা জিয়ার ছেলে বিদেশে আমাকে হত্যার জন্য কিলার ভাড়া করে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, দেশবাসীর কাছে আমার একটাই প্রশ্ন; আপনারা কোন বাংলাদেশ দেখতে চান। ধ্বংসস্তূপের বাংলাদেশ দেখতে চান। নাকি উন্নত বাংলাদেশ দেখতে চান। একটি রাজনৈতিক দল আবার নতুন করে আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা স্বাধীনতা চায় না। মানুষের কল্যাণও চায় না। এটাই হচ্ছে বাস্তবতা। তিনি আরও বলেন, বারবার আমার ওপর আঘাত এসেছে। বিদেশ সফরের সময়ও কিলার ভাড়া করে হত্যার প্রচেষ্টা চালানো হয়েছে। তারপরও আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি এবং দেশের জন্য কাজ করতে পেরেছি, কাজ করে যাচ্ছি।বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ২৫তম ও শেষ অধিবেশনে সমাপনী বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি আরও বলেন, এখনো বারবার আমার ওপর হামলা হচ্ছে। শুধু দেশে না, বিদেশেও প্রচেষ্টা চালানো হয়েছে। আমি বিস্তারিত বলব না। শুধু এটুকুই জানিয়ে রাখলাম।শেখ হাসিনা বলেন, যখন আমি বিদেশে যাই সেখানেও কিলার হায়ার (ভাড়া) করে আমাকে মারার প্রচেষ্টা। সেই চেষ্টা করেছে ওই খালেদা জিয়ার ছেলে, যে লন্ডনে বসে আছে। সেসহ তাদের যারা সন্ত্রাসী তারাই। তবে আমি কখনো এ ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত নই।

সমাপনী বক্তব্য দিতে গিয়ে ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচিতে সহিংসতার ভিডিও দেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, তারা (বিএনপি) নাকি আমাকে পদত্যাগ করাবে এবং এ সরকার হটাবে। নির্বাচন হতে দেবে না, এই বলে তারা তাণ্ডব চালিয়েছে। মাননীয় স্পিকার আমি আপনার অনুমতি চাই। বিএনপি ২৮ তারিখ যে তাণ্ডব চালিয়েছে তার একটি ভিডিওচিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যাতে দেখতে পারে তারা কী করেছে।প্রধানমন্ত্রী বলেন, কোন বাংলাদেশ চায় তারা? এই সন্ত্রাসী, জঙ্গি, অমানুষগুলোর সঙ্গে কারা থাকে। এ জানোয়ারদের সঙ্গে বসব? তাদের সঙ্গে বসার কথা কারা বলে? জানোয়ারেরও ধর্ম থাকে, তাদের সেটা নেই। ওরা চুরি, লুণ্ঠন, দুর্বৃত্তপরায়ণতা ছাড়া আর কিছুই জানে না।বিএনপির সৃষ্টিকারী জিয়াউর রহমান তার (প্রধানমন্ত্রীর) বাবা-মা-ভাইদের হত্যাকাণ্ডে জড়িত বলেও উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ও তারেক জিয়া তাকে বারবার হত্যার চেষ্টা করেছে। আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে। তারা আবারও কোন অবস্থায় দেশকে নিতে চায়, সে প্রশ্নও ছুড়ে দেন তিনি।

বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের জন্য সন্ত্রাস করছে-উল্লেখ করে প্রধানমন্ত্রী গত প্রায় ১৫ বছরে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতির বিশদ পরিসংখ্যান তুলে ধরেন।রিজার্ভ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, রিজার্ভ সময়ে সময়ে বাড়ে, কমে। এটা স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কারণ আমরা খাদ্য উৎপাদন থেকে শুরু করে অন্যান্য কাজগুলো করে যাচ্ছি। আমরা সবসময় খুব সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছি। শ্রমিকদের নিুতম মজুরি ২০০৬ সালে ছিল মাত্র এক হাজার ৪৬২ টাকা। আমরা তিন দফায় বৃদ্ধি করে ৮ হাজার ৩০০ টাকায় উন্নীত করেছি। আমি জানি জিনিসপত্রের দাম নিয়ে অনেকে হা-হুতাশ করছেন। কিন্তু আমরা এই যে উৎপাদন বাড়ালাম। জনসংখ্যা কিন্তু এতগুণ বাড়েনি।তাহলে এগুলো গেল কোথায়? মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। অর্থনৈতিক উন্নতি হয়েছে। খাদ্যগুণ বেড়েছে। সেটাই হলো বড় কথা। তিনি বলেন, একমাত্র নৌকা মার্কাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দিতে পারে, আর বিএনপি পারে কেবল ধ্বংস করতে। এই বাংলাদেশকে নিয়ে আর কেউ যেন খেলতে না পারে সেজন্য আমি দেশবাসীর সহযোগিতা চাই।

শেখ হাসিনা বলেন, দেশবাসীকে বলব আপনারাই এদের ধরিয়ে দিন। আপনার গাড়ি পোড়ালে এদের ধরে আগুনে ফেলেন। যে হাত দিয়ে গাড়ি পোড়াবে সেই হাত পুড়িয়ে দিন। তাহলেই ওরা থামবে, না হলে থামবে না এবং এটা দেশের মানুষকেই ঐক্যবদ্ধ হয়ে করতে হবে। দেশের মানুষের সহযোগিতা পেলে এদের এই দুর্বৃত্তপনা কমানো যাবে, এটা আমি বিশ্বাস করি।প্রধানমন্ত্রী বলেন, মানুষকে বলব ভয়ের কিছু নেই। এরা মুষ্টিমেয় অতএব এদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে রুখে দাঁড়ানোর আমি আহ্বান জানাচ্ছি। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, মানুষের অধিকার সুরক্ষিত থাকুক সেটাই আমরা চাই, বলেন তিনি।তিনি বলেন, যখন মানুষের কল্যাণে কাজ করি তখন কে কোন দল করে সেটা আমি দেখি না। মানুষকে মানুষ হিসাবে দেখেছি। তাদের জন্য কাজ করেছি। তাদেরকেই সেবা দেওয়ার চেষ্টা করেছি। আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়েই তার সরকার পরিকল্পনা এবং শতবর্ষের ডেল্টা পরিকল্পনা-২১০০ করে দিয়েছে। সেটা বাস্তবায়িত হলে বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। ইনশাআল্লাহ আবার দেখা হবে।

Top