অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে


মো.মুরাদ হোসেন:জাতীয় নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বক্তব্য স্ববিরোধী। এতে নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হওয়া নিয়ে শঙ্কা বাড়ছে। দুর্নীতিরিবোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে রোববার এসব কথা বলেছে।প্রসঙ্গত, শনিবার এক অনুষ্ঠানে সিইসি বলেন, সব দলের অংশগ্রহণ না থাকলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। টিআইবি মনে করে, এ ধরনের বক্তব্যের মানে হলো-সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সিইসির ‘হাল ছেড়ে দেওয়া’। প্রকারান্তরে যা পক্ষপাতিত্বমূলক মানসিকতা। কারণ মাত্র দু’দিন আগেই তিনি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, বিএনপির মতো দল অংশ না নিলে নির্বাচন অসম্পূর্ণ থেকে যেতে পারে। বারবার সিইসির অবস্থান পালটানো সন্দেহজনক ও বিভ্রান্তিমূলক।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের দলীয় চিন্তার ঊর্ধ্বে থেকে নির্বাচনে কাজ করার নির্দেশনা দিয়েছেন সিইসি। পাশাপাশি যখন তিনি বলেন, কে নির্বাচনে এলো, কে না এলো গুরুত্বপূর্ণ নয়। জনগণ ভোট দিতে এলেই নির্বাচনের একটা বড় সফলতা। এ ধরনের বক্তব্যে দলীয় পক্ষপাতিত্বের প্রতিফল হয়েছে। এতে দেশবাসীর মধ্যে হতাশা বাড়াচ্ছে।বিবৃতিতে আরও বলা হয়, সিইসি সাংবিধানিক সংস্থার প্রধান। কিন্তু তার এমন অবস্থান থাকলে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা কতটা পূরণ হবে, তা নিয়ে আশঙ্কার যথেষ্ট কারণ আছে। ইফতেখারুজ্জামান বলেন, জনগণ ভোট দিলেই বড় সফলতা-এটি যেমন সঠিক, তেমনি সিইসির জানার কথা, ভোটে জনগণের অংশগ্রহণ, উপযোগী পরিবেশ তৈরি এবং প্রতিযোগিতার ক্ষেত্র সমান করা অপরিহার্য।’ স্ববিরোধী ও পক্ষপাতদুষ্ট অবস্থান পরিহার করে নির্বাচনকালীন সরকারের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যাতে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারে, নির্বাচন কমিশনকেই তা নিশ্চিত করতে হবে।

Top