ইসির ক্ষমতা কমল ভোটের আগেই
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : ভোট বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল পাশ হয়েছে। বিরোধী দলের সদস্যদের তীব্র আপত্তির মুখে মঙ্গলবার জাতীয় সংসদে বিলটি পাশ হয়। বিরোধী দলের অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সংশোধনীর মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছে। অবশ্য আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি। বিষয়টি নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৩ উত্থাপন করেন। বিরোধী দলের সদস্যরা বিলটি বাছাই কমিটিকে পাঠানোর প্রস্তাব দেন। যদিও মন্ত্রী তা আমলে নেননি। সংবিধান অনুযায়ী, আগামী জানুয়ারি মাসের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন কমিশন আভাস দিয়েছে, আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারি মাসের শুরুতে সংসদ নির্বাচন হবে। এর আগে আরপিওতে সংশোধনী আনা হলো। আরপিও’র সংশোধনী অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণার পর কোনো আসনের পুরো ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে না ইসি। যেসব ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ আসবে, শুধু সেসব (এক বা একাধিক) ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত করতে পারবে। এরপর তদন্ত সাপেক্ষে ফলাফল বাতিল করে ওইসব কেন্দ্রে নতুন নির্বাচন দিতে পারবে ইসি।বর্তমান আরপিও অনুযায়ী, অনিয়ম বা বিরাজমান বিভিন্ন অপকর্মের কারণে ইসি যদি মনে করে, তারা আইনানুগ নির্বাচন করতে সক্ষম হবে না, তবে নির্বাচনের যে কোনো পর্যায়ে তারা ভোট বন্ধ করতে পারত। এখন এই ক্ষমতা সীমিত করে ইসিকে শুধু ভোটের দিন সংসদীয় আসনের (অনিয়মের কারণে) ভোট বন্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে।
সংশোধিত আরপিওতে নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকদের কাজে কেউ বাধা দিলে তাকে শাস্তির আওতায় আনার বিধান যুক্ত করা হয়েছে। এ ধরনের অপরাধে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।এছাড়াও মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত সময়ের মধ্যে ক্ষুদ্র ঋণ এবং টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানির সরকারি সেবার বিল পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। আগে মনোনয়ন দেওয়ার ৭ দিন আগে এসব ঋণ পরিশোধ করতে হতো।অবশ্য ইসির কর্মকর্তাদের কেউ কেউ দাবি করেছেন, সংশোধনীতে ইসির ক্ষমতা সুনির্দিষ্ট করা হয়েছে। এতদিন আইনের এই ধারায় অস্পষ্টতা ছিল। এখন কোন কোন ক্ষেত্রে ইসি ভোট বন্ধ করতে পারবে, তা সুনির্দিষ্ট করা হয়েছে।তারা বলছেন, এই ধারায় ৯১ (এ) অস্পষ্টতা আছে। রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণার পর তা ইসির কাছে পাঠানো হয়। ইসি সচিবালয় গেজেট প্রকাশ করে। রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করার পর গেজেট প্রকাশ না করে ইসি ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে কিনা, সেটি পরিষ্কার নয়। এ কারণে বিষয়টি স্পষ্ট করার জন্য ইসি এই বিধানের সঙ্গে আরেকটি উপধারা যুক্ত করার প্রস্তাব দিয়েছিল। তারা প্রস্তাবে বলেছিল, কোনো অনিয়ম, জোর-জবরদস্তি, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এলে নির্বাচন কমিশন কোনো ভোটকেন্দ্র বা পুরো আসনের ভোটের ফলাফল স্থগিত করতে পারবে। এরপর অভিযোগ দ্রুত তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কোনো ভোটকেন্দ্র বা পুরো আসনের ভোট বাতিল করে নতুন করে নির্বাচন করতে পারবে।
তবে ইসিকে পুরো আসনের ফলাফল স্থগিত বা বাতিলের ক্ষমতা দেওয়া হয়নি। আইনে বলা হয়েছে, যেসব ভোটকেন্দ্রে (এক বা একাধিক) এসব অভিযোগ থাকবে, ইসি শুধু সেসব কেন্দ্রে ভোটের ফলাফল স্থগিত বা বাতিল করে প্রয়োজনে নতুন নির্বাচন করতে পারবে।সংশোধনীতে আরপিওর ৯১ ধারার (এ) উপধারায় ‘ইলেকশন’ শব্দের বদলে ‘পোলিং’ শব্দ প্রতিস্থাপন করার প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ‘ইলেকশন’ শব্দ দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়া বোঝায়। অর্থাৎ তফশিল ঘোষণা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত সময়টা হলো ‘ইলেকশন’। আর ‘পোলিং’ হলো শুধু ভোটের দিন। এই সংশোধনী পাশ হলে নির্বাচন কমিশন অনিয়মের কারণে শুধু ভোটের দিন কোনো ভোটকেন্দ্র বা পুরো সংসদীয় আসনের ভোট বন্ধ করতে পারবে। কিন্তু ‘ইলেকশন’ শব্দটি থাকলে ভোটের আগেও পরিস্থিতি বিবেচনা করে ইসি ভোট বন্ধ করতে পারত। তাই এখানে তাদের ক্ষমতা খর্ব হচ্ছে। তবে আইনে ‘ইলেকশন’ শব্দটির সংজ্ঞাও পরিষ্কার নয়।
বিরোধীদলের আপত্তি : বিল পাশের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ-সদস্য ফখরুল ইমাম বলেন, আরপিরও মধ্যে কতগুলো ক্লজ লাগানো হলো যার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হচ্ছে। আমরা জানি নির্বাচন কমিশন ইচ্ছা করলে যে কোনো নির্বাচন বন্ধ করে দিতে পারে। কিন্তু এই অধিকার খর্ব করা হলো। তিনি আরও বলেন, এখন ইসি কেন্দ্রগুলো বন্ধ করতে পারবে। কিন্তু পুরো নির্বাচন বন্ধ করতে পারবে না। এটা হলে এই ইসি দিয়ে আমরা কীভাবে নিরপেক্ষ নির্বাচনটা করাব।ফখরুল ইমাম আরও বলেন, আগের দিন পর্যন্ত ঋণ পরিশোধের বিধানের মাধ্যমে আমরা ঋণখেলাপিকে নির্বাচনে আমন্ত্রণ জানিয়েছি। এই আইনে যেটা হচ্ছে তাতে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন এবং এই কমিশন দিয়ে নির্বাচন করা সম্ভব হবে বলে আমি মনে করি না।
গণফোরামের সংসদ-সদস্য মোকাব্বির খান বলেন, দেশে আইন হয় ব্যক্তি, গোষ্ঠী ও সরকারের স্বার্থে। নির্বাচনের আগে আরপিও’র এমন সংশোধনী গ্রহণযোগ্য নয়। এই সংশোধনীর মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা কমল। বর্তমান সরকারের আমলে নির্বাচন ব্যবস্থা এমনভাবে ধ্বংস করা হয়েছে যে মানুষ এখন ভোট বিমুখ।
জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজী বলেন, ইচ্ছা থাকলে দেশের সংবিধান ও প্রচলিত আইনেই সুষ্ঠু ভোট করা সম্ভব। ইসির মানসিকতার ওপর নির্ভর করে নির্বাচন। শত আইন করে দিলেও মেরুদণ্ডহীন লোকদের দিয়ে কিছু হবে না।
একই দলের পীর ফজলুর রহমান বলেন, এই আইনে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছে। এটি ঠিক হয়নি। আগে যেখানে পুরো ভোট বন্ধের সুযোগ ছিল, সেটা বন্ধ করে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। বাহাত্তরের আদেশ বহাল থাকলে ইসি শক্তিশালী হতো।তিনি আরও বলেন, এতদিন আইনে ইলেকশন শব্দ ছিল। ইলেকশন বলতে নির্বাচনের তফশিল ঘোষণা থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত বোঝায়। সেটা বাদ দিয়ে পোলিং যুক্ত করা হয়েছে। এর অর্থ শুধু ভোটের দিন। ভোট বন্ধে ইসির ক্ষমতা খর্ব করা হয়েছে, তারা শুধু ভোটের দিন ভোট বন্ধ করতে পারবে। বিরোধীদের এসব সমালোচনার জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, একটি আসনে ১০০-১৪০টি পোলিং সেন্টার থাকে। আগে বলা ছিল ৩-৪টি পোলিং সেন্টারে কোনো সহিংসতা বা অনিয়ম হলে সবগুলো পোলিং সেন্টারের ইলেকশন বন্ধ করে দিতে পারবে। কিন্তু সেটা গণতন্ত্রের পরিপন্থি। সেটা জনগণের ভোটাধিকারেরও পরিপন্থি। কারণ বাকিগুলোতে তো কোনো সহিংসতা বা অনিয়ম হয়নি। এজন্য বলা হয়েছে যেখানে সহিংসতা বা অনিয়ম হয়েছে সেগুলো বন্ধ হবে। বিরোধী সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কেন উনারা বলছেন নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছে। উনাদের এই কথাটা অমূলক।মন্ত্রী বলেন, যে সংশোধনী নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেটা ১৯৭২ এর আরপিওতে ছিল না। বর্তমান নির্বাচন কমিশন এই সংশোধনীর প্রস্তাব করেছিল। কিন্তু মন্ত্রিসভায় যখন এটা যায় তখন গণতন্ত্র পরিপন্থি জায়গাটি সংশোধন করা হয়েছে। তিনি দাবি করে বলেন, ঋণখেলাপি থেকে ব্যাংকে যেন টাকা ফেরত আসে এবং অর্থঋণ আদালতের উদ্দেশ্য যেন প্রতিপালিত হয় তার জন্য এটা করা হয়েছে।