দুর্নীতি-অর্থ পাচার রোধ ও সুশাসন জরুরি - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দুর্নীতি-অর্থ পাচার রোধ ও সুশাসন জরুরি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন মহান বিজয়ের ৫১তম বার্ষিকী আজ। দীর্ঘ ৯ মাসের যুদ্ধ সংগ্রামের পর এই দিনেই একটি অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের মনোবল ও সাহসের কাছে আত্মসমর্পণ করে।লাল-সবুজের রংতুলিতে ৫৬ হাজার বর্গমাইলের মানচিত্র। তবে এটি কিনতে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে দেশের মানুষকে। ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে এই মাতৃভূমি বাংলাদেশের সঙ্গে জড়িয়ে আছে আবেগ, ভালোবাসা ও স্বপ্ন। স্বাধীনতার পর এ পর্যন্ত অনেক অর্জন রয়েছে।ইতোমধ্যে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি মিলেছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশ হওয়ার পথে। সামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অর্থনীতিতে এগিয়েছে অনেক। মাথাপিছু আয় ৩ হাজার ডলারের কাছাকাছি। কিন্তু এখনো বড় সমস্যা বৈষম্য।দেশের ৫২ শতাংশ সম্পদ ৫ শতাংশ মানুষের কাছে। এর উল্লেখযোগ্য অংশ দেশের বাইরে পাচার হয়েছে। আর এই বৈষম্যের পেছনে সবচেয়ে বড় কারণ দুর্নীতি। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) সর্বশেষ প্রতিবেদন অনুয়ায়ী, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২তম।বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে এবং মানুষের অধিকার আদায়। কিন্তু গত ৫১ বছরে অর্থনৈতিক মুক্তি পথে দেশ অনেক এগোলেও দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি প্রতিরোধ করে সুশাসন প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বণ্টন। দুর্নীতি ও অর্থ পাচার রোধ, আর্থিকসহ সব খাতে সুশাসন প্রতিষ্ঠা, ভোটাধিকার, গণতন্ত্র এবং মানবাধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ জরুরি।জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ৫১ বছরে দেশের অর্থনীতিতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। স্বাধীনতার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। অর্থাৎ বাংলাদেশে কিছু থাকবে না। সেখান থেকে উঠে এসেছে বাংলাদেশ।এর মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, প্রাথমিক শিক্ষা এবং নারীশিক্ষাসহ অর্থনৈতিক ও সামাজিক সূচকে বড় অর্জন হয়েছে। এছাড়া ইতোমধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণে সুপারিশ মিলেছে। সেখানে মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে বেশ ভালো অবস্থান। তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। কারণ অর্জনের পাশাপাশি অর্থনীতিতে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো রপ্তানি।

তিনি বলেন, বর্তমানে আমাদের রপ্তানি খাত গার্মেন্টনির্ভর। কোনো কারণে বিশ্ববাজারে পণ্যটি মার খেলে অর্থনীতিতে বিপর্যয় আসবে। এ খাতে রপ্তানিতে পণ্যের বহুমুখীকরণে জোর দিতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে। কারণ কয়েক বছর ধরে আমাদের বিনিয়োগ বাড়ছে না। করোনায় তা আরও কমে গেছে। এ অবস্থায় বিনিয়োগ আকর্ষণে বিশ্বব্যাংকের ডুয়িং ইজ বিজনেস (সহজে ব্যবসা করা) রিপোর্টসহ বেশকিছু সূচকে ভালো করতে হবে।জানা গেছে, অর্থনীতির আকারে বর্তমানে বিশ্বে ৩৯তম বাংলাদেশ। ইতোমধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশ থেকে উত্তরণের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। বিশ্বব্যাংক থেকে স্বীকৃতি মিলেছে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার। এসব অর্জন বাংলাদেশের সক্ষমতার পাশাপাশি মর্যাদাও বাড়িয়েছে।বর্তমানে ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম, তৈরি পোশাকে দ্বিতীয়, পাট রপ্তানিতে প্রথম ও উৎপাদনে দ্বিতীয়, কাঁঠালে দ্বিতীয়, চাল, মাছ ও সবজি উৎপাদনে তৃতীয়, ছাগল উৎপাদনে চতুর্থ, আম ও আলুতে সপ্তম, আউটসোর্সিং ও বাইসাইকেল রপ্তানিতে অষ্টম, পেয়ারা উৎপাদনে অষ্টম এবং মৌসুমি ফলে দশম অবস্থানে বাংলাদেশ। এ অর্জন শহীদদের জানান দেয়, তোমাদের আত্মত্যাগ বৃথা যায়নি। ৫১ বছর আগে যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজ সেই স্বপ্ন পূরণের নাম বাংলাদেশ।

জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বৃহস্পতিবার বলেন, বাংলাদেশে উন্নয়ন হয়েছে, বিশেষত অবকাঠামো খাতে। তবে অনেক খাতে উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। যে অঙ্গীকারের ভিত্তিতে মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলেন-বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা-তার থেকে আজ আমরা যোজন যোজন দূরে।বস্তুত আমরা যেন আজ এক পথ হারানো জাতি। এক্ষেত্রে আমার সুপারিশ হলো-নাগরিকদের ভোটাধিকার প্রতিষ্ঠা, নাগরিক অধিকারের নিশ্চয়তা প্রদান, দমনপীড়নের অবসান, মানবাধিকার সংরক্ষণ, সমতা-ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা, স্বজনতোষণের অবসান, দুর্নীতি-দুর্বৃত্তায়নের লাগাম টানা, দলীয়করণের অবসান ইত্যাদি। আর এর জন্য প্রয়োজন হবে একটি রাজনৈতিক সমঝোতা এবং কতগুলো সুদূরপ্রসারী সংস্কার।এদিকে সামগ্রিকভাবে দেশের অর্জনের তালিকা দীর্ঘ। অর্থনীতির বিভিন্ন সূচকে অভূতপূর্ব উন্নতি হয়েছে। এর অন্যতম হলো দারিদ্র্য বিমোচন। কারণ মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্য ও বস্ত্রে প্রায় স্বয়ংসম্পূর্ণ। আর শিক্ষা ও স্বাস্থ্য খাতে যথেষ্ট উন্নতি হয়েছে। শিক্ষার হার বেড়েছে। তবে এ দুই খাতে সামগ্রিক গুণগত মান আরও উন্নতি করা জরুরি।এছাড়া জিডিপি প্রবৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন, নারীর ক্ষমতায়, গড় আয়ু বৃদ্ধি এবং পদ্মা সেতু ও মেট্রোরেল এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় ভৌত অবকাঠামো অর্জনের পাল্লাকে অনেক ভারী করেছে। আরও আছে নিজস্ব স্যাটেলাইট, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন চলমান মেগা প্রকল্প। এসেছে বিশ্ব শান্তিতে নোবেলও। এখন ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত সেই দেশটি এখন বিশ্বে উন্নয়নের ‘রোড মডেল’।তবে সামনের দিনগুলোতে রয়েছে চ্যালেঞ্জ। সম্পদ, আয় এবং ভোগের ক্ষেত্রে সীমাহীন বৈষম্য রয়েছে। মোট সম্পদের প্রায় ৫২ শতাংশই উচ্চ শ্রেণির ৫ শতাংশ মানুষের হাতে। আর নিম্ন শ্রেণির ৫ শতাংশ মানুষের হাতে মাত্র দশমিক ০৪ শতাংশ। দুর্নীতি প্রতিরোধ, অর্থ পাচার বন্ধ করা, সুশাসন প্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করাই হবে মূল কাজ। এগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমানো।

জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেন, স্বাধীনতার মূল নীতি ৪টি। এগুলো হলো-গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা। কিন্তু এগুলোর কোনোটা নেই। দেশে গণতন্ত্র অনেক আগেই বিলুপ্ত হয়েছে। আর সমাজতন্ত্র কোথাও নেই। সামাজিক ন্যায়বিচার ক্ষয়সহিষ্ণু হয়েছে। সমাজের কেউ কাউকে মানছে না।আগে মানুষ ঘুস-দুর্নীতি আড়ালে করত। কিন্তু এখন প্রকাশ্যে করে। দুর্নীতিবাজ মাস্তানরা মন্ত্রী-এমপি হচ্ছে, আমরা তাদের সম্মান করছি। আর জাতীয়তাবাদের ক্ষেত্রে দুইভাগে বিভক্ত। তিনি বলেন, নিরপেক্ষতা নয়, ধর্মের পক্ষতা বেড়েছে। আগে মুসলিমরা করত, এখন ধর্মের নামে সবাই জায়গা দখল করে। তবে বেশকিছু অর্জন আছে। প্রথমত অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। মানুষের গড় আয়ু সচেতনতা বেড়েছে। শিক্ষার হার বেড়েছে। অর্থনৈতিকভাবে মানুষ অনেক সমৃদ্ধ হয়েছে। এছাড়া বিশ্বদরবারে বাংলাদেশের পরিচিতি বেড়েছে।প্রসঙ্গত, ১৯৭২-৭৩ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির আকার ছিল দশমিক ৫৮ বিলিয়ন ডলার। অর্থাৎ ১ বিলিয়নের কম। বর্তমানে তা ৪৩৫ বিলিয়ন ডলারে ছাড়িয়েছে। অর্থাৎ আলোচ্য সময়ে অর্থনীতির আকার ৭শ গুণ বেড়েছে। জিডিপি প্রবৃদ্ধি ২ দশমিক ৭৫ শতাংশ থেকে ৮ শতাংশে উন্নীত হয়েছে। ওই সময়ে জাতীয় বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা। চলতি অর্থবছরে তা ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।এর মধ্যে রাজস্ব আয় মাত্র ২৫০ কোটি টাকা থেকে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। ৫০১ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি আজ পৌঁছেছে ২ লাখ ৪৬ হাজার কোটি টাকায়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ২ কোটি ডলার। বর্তমানে তা প্রায় ৩৫ বিলিয়ন ডলার। রিজার্ভে দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ১২৯ ডলার।বর্তমানে তা ২ হাজার ৮২৪ ডলারে উন্নীত হয়েছে। আমদানি মাত্র ২৮ কোটি ডলার থেকে এ বছর শেষে ৮৮ বিলিয়ন, রপ্তানি ৩৩ কোটি থেকে ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ১৯৭২ সালে বাংলাদেশ রেমিট্যান্স (প্রবাসী আয়) আসত ৮০ লাখ ডলার। ৫ দশকে তা ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। অর্থনীতির পাশাপাশি সামাজিক সূচকেও ব্যাপক অগ্রগতি হয়েছে। মানুষের গড় আয়ু ৪৭ থেকে ৭২ বছরে উন্নীত হয়েছে। ১৯৭২ সালে দারিদ্র্যের হার যেখানে ছিল ৮৮ শতাংশ, সেখানে আজ এ হার কমে ২০ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।মূল্যস্ফীতি ৪৭ থেকে সাড়ে ৯ শতাংশে নেমেছে। জাতিগঠনের অন্যতম উপাদান শিক্ষা। ৫০ বছরে সেখানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ১৯৭২ সালে শিক্ষার হার ছিল ২০ শতাংশ। বর্তমানে তা ৭২ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে। তবে প্রাথমিক শিক্ষার উন্নতি হলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে। শিশুমৃত্যু প্রতি হাজারে ১৬০ থেকে কমে ৩ দশমিক ৮ এবং মাতৃমৃত্যুর হার প্রতি হাজারে ১৬ থেকে ১ দশমিক ৭৩ শতাংশে নেমে এসেছে।

১৯৭২ সালে ১০ হাজার ৪৯০ জন মানুষের জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসক ছিল। বর্তমানে দুই হাজার ৫৮০ জনের জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসক। ১৯৭১ সালে বাংলাদেশে জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি। ওই সময় ৪০ শতাংশ খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হতো। বর্তমানে জনসংখ্যা প্রায় ১৭ কোটি। কিন্তু কিছুটা খাদ্য আমদানি করা হলেও কোনো কোনো ক্ষেত্রে আবার খাদ্য রপ্তানিও করা হচ্ছে।ওই সময়ে দেশে খাদ্য উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ৮ লাখ টন। বর্তমানে তা বেড়ে ৪ কোটি ৫৪ লাখ টনে উন্নীত হয়েছে। এছাড়া শিল্প খাতের অনেক উন্নয়ন হয়েছে। ৫০ বছরে কৃষিকে ছাড়িয়ে গেছে শিল্প। হালকা প্রকৌশল, সফটওয়্যার ও ওষুধ শিল্প অনেক এগিয়েছে। বর্তমানে গার্মেন্ট শিল্পে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম। চীনের পরেই আমাদের অবস্থান। এ গার্মেন্টই বিশ্বে ‘মেইড ইন বাংলাদেশকে’ পরিচিতি দিয়েছে।পরিমাণগত সূচকে অনেক অর্জন হলেও সীমাহীন বৈষম্য রয়েছে। গিনি কো-ইফিসিয়েন্ট (কোনো দেশের আয় ও সম্পদের অসমতা বোঝাতে ব্যবহৃত সূচক) অনুসারে উচ্চ আয়ের ৫ শতাংশ মানুষের কাছে দেশের মোট সম্পদের ৫১ দশমিক ৩২ শতাংশ। আর নিম্ন শ্রেণির ৫ শতাংশের কাছে দশমিক শূন্য ৪ শতাংশ। এছাড়া মোট আয়ের ২৭ দশমিক ৮৯ শতাংশই উচ্চ শ্রেণির ৫ শতাংশ মানুষের দখলে।আর নিম্ন শ্রেণির ৫ শতাংশ মানুষের মোট দশমিক ২৩ শতাংশ।এই ব্যবধান ক্রমেই বাড়ছে। সরকারই বিষয়টি স্বীকার করছে।দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে দুর্নীতিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১২তম। বিশ্লেষকরা বলছেন, উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছাতে এই দুর্নীতি রোধ করতে হবে।এছাড়া অর্থ পাচার নিয়ে কাজ করে এমন আন্তর্জাতিক সংগঠন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির তথ্য অনুসারে প্রতিবছর দেশ থেকে প্রায় ১ লাখ কোটি টাকা পাচার হয়। দেশের অর্থনীতির স্বার্থে এটি রোধ করা জরুরি। অন্যদিকে দেশের আর্থিক খাত অত্যন্ত দুর্বল। ব্যাংক ও পুঁজিবাজার দুই খাতের অবস্থাই খারাপ। দুই খাতে ব্যাপক সংস্কার জরুরি। দেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকবিদ্ধ। স্বাধীনতার ৫১ বছরে ক্ষমতা পরিবর্তনের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতিতে চূড়ান্ত করা যায়নি।

Top