ক্ষমতায়ন ছাড়া নারীর অবস্থান উন্নত হবে না - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ক্ষমতায়ন ছাড়া নারীর অবস্থান উন্নত হবে না


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন ধরনের সহিংসতা, অপুষ্টি, অশিক্ষা এবং অন্যসব মৌলিক চাহিদার ক্ষেত্রে নারীরা বঞ্চনার শিকার। যে কোনো সংঘাত ও দুর্যোগের সময় তাদের দুর্দশা বহুগুণ বেড়ে যায়। এটা প্রশ্নাতীত যে নারীরা সমাজের সবচেয়ে দুর্বল অংশ, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে। এ কারণে ক্ষমতায়ন ছাড়া সমাজে নারীর অবস্থান উন্নত হবে না। সোমবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের যৌথভাবে আয়োজিত দুদিনব্যাপী আন্তর্জাতিক নারী শান্তি ও নিরাপত্তা-ডব্লিউপিএস সেমিনার-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, নারীর শান্তি ও নিরাপত্তা সমস্যা সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১,৩২৫ নাম্বার প্রস্তাব গৃহীত হয়েছে। যা নারীর শান্তি ও নিরাপত্তা-ডব্লিউপিএস এজেন্ডা প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ এ প্রস্তাব প্রণয়নে অংশ নিতে পেরে গর্বিত। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জাতীয় জীবনের সর্বক্ষেত্রে নারীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর নির্দেশনায় প্রণীত বাংলাদেশের সংবিধানও নারীর সমান অধিকার নিশ্চিত করেছে। সংবিধানের ২৮ (১) অনুচ্ছেদে বলা হয়েছে-রাষ্ট্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করবে না। একই অনুচ্ছেদের (২) ধারায় বলা হয়েছে-নারীদের সমান অধিকার থাকবে, রাষ্ট্র ও জনজীবনের সব ক্ষেত্রে পুরুষদের সঙ্গে। তিনি বলেন, তার সরকার নারী নীতি ২০১১ প্রণয়ন করেছে এবং নীতিমালায় নারীর সামগ্রিক উন্নয়ন ও মূলধারার আর্থ-সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের ক্ষমতায়নের পথে সব প্রতিবন্ধকতা দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে।শেখ হাসিনা বলেন, রাজনীতি, প্রশাসন, শিক্ষা, ব্যবসা, খেলাধুলা, সশস্ত্র বাহিনী প্রভৃতি খাতে নারীদের বর্ধিত অংশগ্রহণ ও অবদান বাংলাদেশের আর্থ-সামাজিক দৃশ্যপটকে বদলে দিয়েছে। তিনি বলেন, আর্থ-সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর অধিকতর অংশগ্রহণের কারণে বাংলাদেশে সব ক্ষেত্রে লিঙ্গ সমতার উন্নতি হয়েছে। শান্তিরক্ষা, শান্তি প্রতিষ্ঠা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সহিংস উগ্রবাদ প্রতিরোধে নারীর অংশগ্রহণে বাংলাদেশ একটি রোল মডেল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে লিঙ্গ সমতায় বাংলাদেশের শীর্ষ অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে নারীরা এখন সরকারের সচিব, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং অনেক প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন।

রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সঙ্গে সেমিনারে অংশগ্রহণকারীরা মতবিনিময় করবেন জেনে আনন্দিত জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি। আমরা তাদের দুঃখ-দুর্দশা বুঝতে পেরেছি। কারণ ১৯৭১ সালে আমাদের একই রকম অভিজ্ঞতা ও ধাক্কা সহ্য করতে হয়েছিল। তিনি আশা করেন যে ইন্টারেক্টিভ অধিবেশনটি যুদ্ধ এবং সংঘাতের শিকারদের বুঝতে অংশগ্রহণকারীদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা হবে।যে কোনো যুদ্ধ-সংঘাত রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর আহ্বান জানান। তিনি বলেন, আমরা যুদ্ধ ও সংঘাতের ক্ষতি বুঝি। সে জন্য আমি বিশ্ব নেতাদের আহ্বান জানাই, দয়া করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামান। যে কোনো সংঘাত সংলাপ, রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। আমরা যুদ্ধ চাই না। আমরা চাই না কোন মানুষ উদ্বাস্তু হোক। কারণ আমার সব অভিজ্ঞতা আছে।অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান। শুরুতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

Top