শুধু উৎপাদন বৃদ্ধি নয়, ফসলের গুণগতমান নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

শুধু উৎপাদন বৃদ্ধি নয়, ফসলের গুণগতমান নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :শুধু উৎপাদন বৃদ্ধি নয়, ফসলের গুণগতমান নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন, বড় বড় ফল উৎপাদন করাটাই শেষ কথা নয়, এগুলোর পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে; যাতে পুষ্টিগুণ ঠিক থাকে। প্রয়োজনে বিদেশ থেকে প্রযুক্তি আমদানি করতে হবে। নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশের ক্ষতি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, ‘কোনোমতেই পরিবেশকে ডিস্টার্ব করা যাবে না। প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে খালগুলো ভরাট করা যাবে না। ঢাকার খালগুলো ঠিক রাখতে হবে। এ ছাড়া প্রকল্পে অহেতুক ভূমি অধিগ্রহণ করা যাবে না।’ গলাচিপা সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সেতুর নাম নদীর নামেই হতে হবে। এ ক্ষেত্রে গলাচিপা বাদ দিয়ে রাবনাবাদ নদীর নামে করতে হবে।আদালত থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার বিষয়ে পরিকল্পনামন্ত্রী নিজের মতামত তুলে ধরে বলেন, যেটা হয়েছে, সেটা গ্রহণযোগ্য নয়। এ ঘটনার ফলে মানুষজন এটা নিয়ে চিন্তায় আছে। এজন্য কারাগারে প্রকল্পগুলো নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। একটি গোষ্ঠীই আছে, তাদের অসৎ উদ্দেশ্যে নাছড়বান্দা। তারা আরও অনেক দূর যাবে, এজন্য আমাদেরও অনেক দূর যেতে হবে।

৮ প্রকল্প অনুমোদন : চট্টামে ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান তৈরিসহ ৮ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে সভায়। এগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে চার হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দুই হাজার ৩৪১ কোটি টাকা, বৈদেশিক ঋণ সহায়তা থেকে দুই হাজার ২০৭ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ২৭৮ কোটি টাকা।প্রকল্পগুলো হলো-কুমিল্লা সড়ক বিভাগাধীন চারটি জেলা মহাসড়ক যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া জেলা মহাসড়কের ৭০তম কিলোমিটারে রাবনাবাদ নদীর ওপর গলাচিপা সেতু নির্মাণ প্রকল্প। ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিটি স্টাডি ফর আরবান মেট্রো রেল ট্রানজিট কন্সট্রাকশন অব চিটাগাং মেট্রোপলিটন এরিয়া প্রকল্প। কোস্টাল টাউনস ক্লাইমেট রিজিলিয়েন্স প্রজেক্ট। তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন। কারা নিরাপত্তা আধুনিকায়ন, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ প্রকল্প। জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার তৃতীয় পর্যায়) প্রকল্প এবং কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প।ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আরও জানান, চট্টগ্রামের যোগাযোগব্যবস্থা উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। এতে মেট্রোরেলসহ আরও অনেক পরিবহণ যুক্ত করার পরিকল্পনা থাকবে। এই মাস্টারপ্ল্যান তৈরিতে ব্যয় হবে ৭০ কোটি ৬৩ লাখ টাকা। ২০২৫ সালের মার্চের মধ্যে এটি তৈরির কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, মূল্যস্ফীতির হার নিম্নমুখী এবং মজুরিহার ঊর্ধ্বমুখী। এটা ভালো লক্ষণ। আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে মূল্যস্ফীতি কমবে। ফেব্রুয়ারি ও মার্চে মূল্যস্ফীতির গতি ধীর হয়ে স্থিতিশীল হবে। এপ্রিল ও মে মাসের বিষয়টি পরে দেখা যাবে। তিনি আরও বলেন, এই মেয়াদে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি থাকবে। আমাদের গুদামে দুুই মিলিয়ন টন চাল আছে। মাঠে আমন ধান আছে। বাম্পার ফলন হবে বলে আশা করছি। সবজির উৎপাদন গত কয়েক বছরে ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। দেশি ফলের পাশাপাশি ড্রাগনসহ বিদেশি ফলের উৎপাদন ব্যাপক বেড়েছে। গরু, ছাগল ভেড়া, হাঁস, মুরগি, ডিম, দুধ সবকিছুর উৎপাদন বেড়েছে। সরবরাহ চেইন ভালো আছে। আমাদের রেমিট্যান্স ভালোর দিকে মোড় নিচ্ছে। কাজেই আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনা একটি দুর্ঘটনা। আমরা এটা আশা করি না। এর পরও কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। আমাদের কারাগারগুলোর নিরাপত্তা আরও শক্তিশালী হওয়া দরকার। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে প্রচুর আমদানির বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এ মাধ্যমে টাকা পাচার কতটা হয়েছে বা কারা করেছেন তা বাংলাদেশ ব্যাংক খুঁজে দেখবে। এটি প্রমাণিত হলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।সাংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, গত চার মাসে আমাদের দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৭ দশমিক ২ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭ বিলিয়ন ডলার। এতে দেখা যাচ্ছে রেমিট্যান্স বেড়েছে।পরিকল্পনা সচিব মামুন-আল রশিদ জানান, প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা কিভাবে হবে, কারা করবে এসব বিষয়ে একটি গাইডলাইন তৈরির কাজ চলছে। ইতোমধ্যেই সার্কুলার জারি করা হয়েছে।ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) সত্যজিত কর্মকার, আইএমইডির সচিব আবু হেনা মোর্শেদ জামান এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা।

Top