বড় কোনো অঘটন ছাড়াই দেশের ৫৭ জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বড় কোনো অঘটন ছাড়াই দেশের ৫৭ জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :বড় কোনো অঘটন ছাড়াই দেশের ৫৭ জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কয়েকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ না মেলায় বিপাকে পড়েন ভোটাররা। এ কারণে নির্দিষ্ট সময় দুপুর ২টার পরও ভোট নিতে হয়েছে। গাইবান্ধা গোবিন্দগঞ্জ কেন্দ্রে ভোট শেষ হয়েছে নির্দিষ্ট সময়ের এক ঘণ্টারও পর। একইভাবে আরও কয়েকটি জেলায় এ ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।তবে নির্বাচন কমিশন জানিয়েছে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিয়েছেন। এদিকে সুষ্ঠু ভোট হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ভোটগ্রহণ শেষে তিনি বলেন, ‘ভোটকক্ষে কোনো দ্বিতীয় ব্যক্তি যায়নি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিয়েছেন।’ নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়জয়কার। যদিও নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত এ নির্বাচনে বিএনপিসহ বেশিরভাগ দল অংশ নেয়নি।

ইসি সূত্র জানায়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত ৬০ হাজার ৮৬৬ জনপ্রতিনিধি এ নির্বাচনে ভোটার ছিলেন। দেশের ৫৭ জেলার ৪৬২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯২ জন, সদস্য পদে এক হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৬০৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোট ছাড়াই ২৫ জন চেয়ারম্যান, ১৮ জন সংরক্ষিত সদস্য ও ৬৫ জন সাধারণ সদস্য আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। বাকি পদে সোমবার ভোট হয়। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়। কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। নির্বাচন ভবনে সিইসিসহ অন্য কমিশনাররা সিসি ক্যামেরায় সরাসরি ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। ভোটের সামগ্রিক চিত্র সন্তোষজনক হওয়ায় সেখানে তারা ফুরফুরা মেজাজে ছিলেন। নির্বাচনে অনিয়মের কারণে কোথাও কোনো কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধের তথ্য পায়নি কমিশন। ফলে ভোটগ্রহণ শেষে হাসিমুখে বের হয়ে দুপুর ২টা তিন মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ করেছি। আমরা সন্তুষ্ট। অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও অনিয়ম, সহিংসতা, গোলযোগ বা গণ্ডগোলের তথ্য আমাদের কাছে আসেনি। আমরা টেলিফোনেও সংবাদ পেয়েছি নির্বাচনটি সুন্দর হয়েছে। সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ আমাদের জন্য নির্বাচন পরিচালনায় একটি নতুন অভিজ্ঞতা হয়েছে। এটি আগামীতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের সুযোগ করে দেবে।

নির্বাচন কমিশনের অবস্থানের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, প্রথম থেকেই বলে আসছি আমরা স্বচ্ছ নির্বাচন চাই। আমাদের দায়িত্ব হচ্ছে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিনা? আপনারা দেখেছেন, আজকে ভোটকক্ষে কোনো দ্বিতীয় ব্যক্তি যায়নি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিয়েছেন। আমরা পর্যবেক্ষণটাকে আরও সমৃদ্ধ করেছি। ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। অনিয়মের কারণে গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করে দিয়েছিল নির্বাচন কমিশন। ফলে এই নির্বাচন নিয়ে সারা দেশের মানুষের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। সিসিটিভিতে মনিটরিংকালে সিইসিসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টদের পারস্পরিক কথোপকথনেও উঠে আসে বিষয়টি। সেখানে তারা বলছিলেন, ‘নির্বাচনে সিসিটিভিতে মনিটরিংয়ের বিষয়টি সবার মাথায় আছে। গাইবান্ধার ঘটনার পর সবাই বুঝতে পারছে যে, তারা কী করছে, সেটা ইসি দেখছে।’ এমন কথোপকথনের সঙ্গে যোগ করে সিইসি তখন বলেন, ‘ইসি শুধু দেখছেই না, অ্যাকশনও নিচ্ছে- এটা সবাই বুঝতে পারছে।’ এ সময় জেলা পরিষদ নির্বাচনে সিসিটিভি দেখে কিছু অসামঞ্জস্যের আশঙ্কার পর ইসি থেকে সাভারের একটি কেন্দ্রে কল করে খোঁজ নেওয়ার বিষয়টিও উঠে আসে তাদের আলোচনায়।নির্বাচন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও এ প্রসঙ্গে কথা বলেন সিইসি। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হতে সিসিটিভি নিয়ামক হিসেবে কাজ করছে কিনা-এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা হতে পারে। কারণ অনাকাক্সিক্ষতভাবে যেটা হয়ে গেছে, গাইবান্ধায় সিসিটিভির মাধ্যমে তা আমাদের পর্যবেক্ষণে ছিল। তারপর বেশ গুরুতর অনিয়ম আমরা প্রত্যক্ষ করি। শেষ পর্যন্ত কমিশন বাধ্য হয়ে পুরো নির্বাচনটাকে বন্ধ করার সিদ্ধান্ত দিয়েছে। সেখান থেকে হয়তো একটা মেসেজ এসেছে। অনেকে দেখেছেন ক্যামেরা দিয়ে যেভাবে পর্যবেক্ষণ করা হয়, প্রার্থী বা ভোটার তারা যদি গুরুতর অনিয়ম করেন- নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। আমাদের মনে হয় একটি পজিটিভ ইমপ্যাক্ট এই নির্বাচনে পড়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে নির্বাচনি সংস্কৃতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিশ্লেষণে আমরা এখনো যাইনি। আর এটা আমাদের বিষয় নয়। এটা রাজনীতিবিদরা বুঝবেন। আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করব না। এমপিরা নির্বাচনি কেন্দ্রে যাওয়ার বিষয়ে ইসির কাছে কোনো তথ্য নেই বলেও জানান সিইসি।বড় পরিসরে সিসিটিভির সক্ষমতার প্রশ্নে তিনি বলেন, আমরা ছোট পরিসরে এবার সিসিটিভি ব্যবহার করেছি। বড় পরিসরে বড় সক্ষমতার দরকার হয় সেই ধরনের বড় সক্ষমতা তৈরির চেষ্টা আমাদের নিশ্চয় থাকবে। এটা তখনই দেখা যাবে।মনিটরিংয়ে থাকা সিসি ক্যামেরা হ্যাং করার বিষয়ে সিইসি বলেন, হ্যাং করলেও তা সংশোধন করা হয়েছে। এজন্য ভোট দিতে পারেনি তা নয়। হাজার হাজার ক্যামেরা বসানো হচ্ছে, সেখানে দু-একটা এমন হতে পারে। অনেকের যেমন আঙুলের ছাপ প্রথমে মেলেনি মন্তব্য করে তিনি বলেন, পরে মিলেছে। একজনও ভোট দিতে পারেনি-এমন হয়নি।

Top