এ নির্বাচনে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা ভোটের অনিয়ম দেখেছেন - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

এ নির্বাচনে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা ভোটের অনিয়ম দেখেছেন


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধের সিদ্ধান্ত এককভাবে নেননি। কমিশনের সদস্যরা আলাপ-আলোচনা ও চিন্তাভাবনা করে যৌথভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের এ সিদ্ধান্ত হঠকারী নয়। সিইসি দাবি করেন, এ নির্বাচনে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা ভোটের অনিয়ম দেখেছেন। ওই অনিয়ম বন্ধে গাইবান্ধার ডিসি ও এসপি এবং নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়। এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভোট বন্ধের সিদ্ধান্ত দেওয়া হয়। ঢাকায় বসেই গাইবান্ধার এ নির্বাচন বন্ধের সিদ্ধান্ত দেওয়ার আইনি ক্ষমতা নির্বাচন কমিশনের আছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ভোট হয় বুধবার। বুথে একজনের ভোট আরেকজন দেওয়াসহ নানা অপরাধের কারণে ভোট শুরুর ৬ ঘণ্টার মাথায় তা বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন মহল থেকে ইসির সমালোচনা শুরু হয়েছে। আবার অনেকেই ইসির প্রশংসাও করেন। এমন আলোচনা-সমালোচনার মধ্যে বৃহস্পতিবার এ সংবাদ সম্মেলন করেন সিইসি। এ সময় তার পাশে কমিশনার আহসান হাবীব খান, বেগম রাশেদা সুলতানা ও মো. আলমগীর উপস্থিত ছিলেন। এদিনও নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ইসিতে উপস্থিত ছিলেন না। ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে হইচইর জের ধরে সোমবার থেকে তিনি অফিস করছেন না।

নির্বাচন বন্ধে ইসির দেওয়া সিদ্ধান্তের বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছি। হঠকারী কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা দেখেশুনে-চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি। গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধে কমিশনের সিদ্ধান্ত নিয়ে জনমনে কিছু বিভ্রান্তি থাকতে পারে-এমনটি উল্লেখ করে তার ব্যাখ্যা দেওয়ার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ বিষয়ে সিইসি বলেন, টকশোতে শুনেছি আমাদের সিদ্ধান্তে কেউ আনন্দিত হয়েছেন, কেউ ব্যথিত হয়েছেন, কেউ প্রতিবাদ করেছেন, কেউ সমবেদনা জানিয়েছেন। আমাদের মনে হয়েছে, এতে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সেই বিভ্রান্তি অবলোপনের জন্য কিছু ব্যাখ্যা আমাদের দেয়া দরকার।এ নির্বাচন বন্ধের সিদ্ধান্ত কমিশন বসে আলাপ করে নিয়েছে। সিইসি কোনো সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করেন না, করতেও পারেন না। কমিশন সদস্যরা বসে আলাপ-আলোচনা ও চিন্তাভাবনা করে যৌথভাবে এ সিদ্ধান্ত নেন। এক্ষেত্রেও তাই হয়েছে, কোনো ব্যতিক্রম ঘটেনি বলে জানান সিইসি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকায় বসে সিসিটিভি দেখে ভোট বন্ধ করে দেওয়া কতটা যৌক্তিক-এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, আগেই বলেছি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে বসে প্রত্যক্ষ করতে পারতেন। অনেকের বক্তব্য শুনেছি, এটা কী করে সম্ভব হলো অফিসে বসে এতগুলো কেন্দ্র দেখা। তিনি বলেন, সিসিটিভি দেখে বিভিন্ন দেশে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণও করা হয়। সিস্টেমটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একটা জায়গায় বসে ২০০, ৪০০ জায়গার ফ্যাক্টস সম্পর্কে জানা যায়। আমরা মনে করি, এটা জুতসই একটা প্রযুক্তি। তিনি বলেন, আইনের ৯১ ধারায় বলা আছে-‘আমরা যদি মনে করি, ঢাকায় বসে মনে করব, না কুমিল্লায় বসে করব, না চট্টগ্রামে বসে করব বা আমরা জাহাজে বসে মনে করব, তা নয়; আমাদের কাছে যদি অনুমিত হয়, নির্বাচনটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, তাহলে নির্বাচন কমিশন যে কোনো কেন্দ্রের বা সব কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দিতে পারে।’সিইসি বলেন, কেউ কেউ বলার চেষ্টা করছেন আমরা কী করে এখানে বসে সিদ্ধান্ত নিলাম। কেউ বলছেন ইসি অফিসে বসে এতগুলো ভোট কিভাবে দেখল। অনেকে জানেন না-আমরা আধুনিক একটি পর্যবেক্ষণ কক্ষ তৈরি করেছি। সেখানে আধুনিকভাবে সিসি ক্যামেরার মাধ্যমে সংযোগ স্থাপন করে প্রতিটি কেন্দ্রে কীভাবে নির্বাচন হচ্ছে তা নিবিড়ভাবে প্রত্যক্ষ করার সুযোগ আছে। এখানে ঘটনাস্থলে থাকার চেয়ে আরও বেশি নিবিড়ভাবে দেখার সুযোগ আছে। এ বিষয়টি হয়তো অনেকের জানা নেই।

সংবাদ সম্মেলনের আগে সিইসির কার্যালয়ে একসঙ্গে বসেন তিন নির্বাচন কমিশনার। সেখান থেকে সিইসি ও নির্বাচন কমিশনাররা সরাসরি সংবাদ সম্মেলনে আসেন। তারা একটি লিখিত বক্তব্য নিয়ে আসেন, যা সংবাদ সম্মেলনে সিইসি পড়েন। এতে নির্বাচন বন্ধের কারণ ব্যাখ্য দেন কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনে স্থাপিত কন্ট্রোল রুমে বসে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই দেখি তিনটি কেন্দ্রের ভোটকক্ষে প্রার্থীর পুরুষ এজেন্টরা একই রকম গেঞ্জি পরে আছেন। যার বুকে ও পিঠে প্রার্থীর মার্কা ইত্যাদি প্রিন্ট করা। এছাড়া মহিলা এজেন্টরাও একই রকম শাড়ি পরিহিত। এগুলো আচরণ বিধিমালা ভঙ্গের মধ্যে পড়ে। এসব এজেন্ট ছাড়াও আরও অনেক অবৈধ লোকজন ভোটকক্ষে অবস্থান নিয়ে ভোটারদের প্রভাবিত করছেন। ভোটারদের কন্ট্রোল ইউনিটে আঙুলের ছাপ দেওয়ার পরপরই এজেন্টরা গোপন ভোটকক্ষে প্রবেশ করে ভোটারদের সুযোগ না দিয়ে নিজেই ভোট দিয়ে দিচ্ছেন। ভোটগ্রহণ কর্মকর্তাদের মধ্যেও কেউ কেউ একই কাজ করছেন। তখন কমিশন থেকে ফোন দিয়ে প্রিসাইডিং অফিসারদের ভোটকক্ষের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু ভোটকক্ষের শৃঙ্খলা ফিরিয়ে আনার কোনো কার্যকরী পদক্ষেপ তাদের গ্রহণ করতে দেখা যায়নি। তখন ওই তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করার নির্দেশনা কমিশন থেকে দেওয়া হয়। গাইবান্ধার ডিসি, এসপি ও রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়ার পর ভোটের পরিস্থিতির উন্নতি হয়নি বলে জানান সিইসি। এ কারণে পুরো নির্বাচন বন্ধ করা হয় জানিয়ে তিনি বলেন, একে একে দুপুর দেড়টা পর্যন্ত ৫০টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখা হয়। প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণের অবস্থা একই রকম দেখা যায়। আমি (সিইসি) এবং নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে টেলিফোনে কথা বলি। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। অন্যান্য কেন্দ্রগুলোতেও সিসিটিভি দেখার সময় পেলে দেখা যেত যে ওই কেন্দ্রগুলোতেও একই অবস্থা। কমিশন মনে করে যে, এ ধরনের একটি আইনবহির্ভূত ভোটপ্রদান বা ভোটগ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বেলা আড়াইটায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়। একটি নির্বাচন করতে গিয়ে এ পরিস্থিতি। বড় আকারে নির্বাচন হলে সেটা সামাল দেবেন কীভাবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা হতাশ হব না। আমাদের প্রচেষ্টা থাকবে। এই নির্বাচন দিয়ে আগামী দিনকে মূল্যায়ন করা ঠিক হবে না।

ইভিএম ও সিসি ক্যামেরা ব্যবহার করে সুফল পাচ্ছেন বলে জানান কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা কুমিল্লা সিটি করপোরেশন, ঝিনাইদহ পৌরসভা ও মেহেরপুর পৌরসভা নির্বাচনে প্রত্যেক ভোটকেন্দ্রের প্রতিটি ভোটকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করেছিলাম। সিসিটিভি স্থাপনের ফলে এ অপরাধ একেবারেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। তারই আলোকে গাইবান্ধা-৫ আসনে ইভিএমে ভোটগ্রহণ ও প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে সিইসি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন মাঠপর্যায়ে সীমিত ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারবে। নির্বাচন কমিশন পুরোপুরি এককভাবে দায়িত্ব পালন করতে পারবে না। সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো নির্বাচনকে পুরোপুরি ফলপ্রসূ করা যথেষ্ট কষ্টসাধ্য হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কারও বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Top