দায়িত্বজ্ঞানহীন কেউ যেন আগামী দিনে ক্ষমতায় না আসে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দায়িত্বজ্ঞানহীন কেউ যেন আগামী দিনে ক্ষমতায় না আসে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, দায়িত্বজ্ঞানহীন কেউ যেন আগামী দিনে ক্ষমতায় না আসে, সেজন্য সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় মোকাবিলায় বিএনপি-জামায়াত জোট সরকারের দায়িত্বজ্ঞানহীন মনোভাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ওই ঘূর্ণিঝড়ের পর যে দলটির (বিএনপি) প্রধান বলেছিলেন, ‘যত লোক মারা যাওয়ার কথা ছিল, তত লোক মারা যায়নি।’ প্রধানমন্ত্রী বলেন, আবারও ওই রকম কেউ যেন ক্ষমতায় না আসে এবং এমন দায়দায়িত্বহীনতার পরিচয় কেউ যেন ভবিষ্যতে না দেয়, সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ৫০টি মুজিব কেল্লা, ৮০টি বন্যা আশ্রয়কেন্দ্র ও ২৫টি জেলা ত্রাণ গুদাম-কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রেরও উদ্বোধন করেন।এর আগে সকালে সাভার সেনানিবাসে সিএমপি সেন্টার অ্যান্ড স্কুলে সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড, ১৫ ও ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) এবং ৯ ও ১১ বীরের (মেকানাইজড) পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। সেখানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সেনাবাহিনী দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে দাঁড়িয়েছে।দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ’৯১-এর ওই দুর্যোগে শুধু তৎকালীন বিএনপি সরকারের দায়িত্বে অবহেলার কারণে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল। আওয়ামী লীগ তখন বিরোধী দলে থাকলেও সেসময় দেশের উপকূলীয় অঞ্চলে ত্রাণ নিয়ে ছুটে যায়। পরবর্তী সময়ে সরকারে এসে সেই ঘূর্ণিদুর্গতদের জন্য খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প তৈরি করে তাদের পুনর্বাসন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, একটা কথা মনে রাখতে হবে-আমাদের দেশের ভৌগোলিক অবস্থানের কথা চিন্তা করে নিজেদের ব্যবস্থাটা (দুর্যোগ মোকাবিলায়) নিজেদেরই করে নিতে হবে। কাজেই উপকূলীয় অঞ্চলে বৃক্ষায়ণের মাধ্যমে যত বেশি আপনারা একে সবুজে আচ্ছাদিত করতে পারবেন, তত বেশি আমরা আমাদের দেশকে বাঁচাতে পারব।প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে গত কয়েক বছরে সারা দেশে ৪২৩টি বন্যা ও ৪২০০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আমরা নির্মাণ করেছি। দুর্যোগের সঙ্গে সঙ্গে যাতে স্বল্প সময়ে জেলা ও প্রান্তিক পর্যায়ে ত্রাণসামগ্রী পৌঁছানো যায়, সে লক্ষ্যে ৬৪ জেলায় ৬৬টি ‘জেলা ত্রাণ গুদাম-কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র’ স্থাপন কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশনও আমরা নির্মাণ করে দিচ্ছি।তিনি বলেন, আজ ২৫টি জেলায় ত্রাণ গুদাম-কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র, ৫০টি মুজিব কেল্লা ও ৮০টি বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হচ্ছে। আমি আশা করছি, দুর্যোগ ঝুঁকি হ্রাস তথা জানমালের সুরক্ষায় এগুলো কার্যকর ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী ভূমিকম্প ঝুঁকি প্রশমনে ঘরবাড়ি ও অট্টালিকা নির্মাণে অবশ্যই বিল্ডিং কোড ও আইন মানার এবং অগ্নিনির্বাপণের ব্যবস্থা রাখার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই আমরা এগিয়ে যাচ্ছি। একদিকে করোনা, তার ওপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং স্যাংশন (নিষেধাজ্ঞা)-এসব মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হচ্ছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনায় অনন্য কৃতিত্বের দাবিদার স্বেচ্ছাসেবকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ৮৩ জন স্বেচ্ছাসেবককে ১০ হাজার টাকা, সনদ এবং মেডেল প্রদান করা হয়। প্রতিমন্ত্রী ৮৩ জনের মধ্যে নির্বাচিত দুজন জয়শ্রী রানী দাস এবং মো. জসিম উদ্দিনের হাতে পদক তুলে দেন। প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান অনুষ্ঠানে বক্তৃতা করেন।যে কোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী-প্রধানমন্ত্রী : সাভার সেনানিবাসে সিএমপি সেন্টার অ্যান্ড স্কুলে সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড, ১৫ ও ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) এবং ৯ ও ১১ বীরের (মেকানাইজড) পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সেনাবাহিনী দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে দাঁড়িয়েছে। সম্প্রতি সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় আকস্মিক ভয়াবহ বন্যায় প্রশংসনীয় ভূমিকার পালনের জন্য আমি সেনাপ্রধানসহ এই বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, আমার দৃঢ়বিশ্বাস, সেনাবাহিনীর সব সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, পেশাগত দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সমন্বয়ে নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় কাজ করে যাবেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে। তিনি বলেন, ‘অপারেশন কোভিড শিল্ড’-এর মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা করোনা প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং বিভিন্ন বৈদেশিক মিশনে সেনাসদস্যরা তাদের আত্মত্যাগ, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারির মাধ্যমে দেশের জন্য বয়ে এনেছেন সম্মান ও মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে অত্যন্ত উজ্জ্বল করেছে।প্রধানমন্ত্রী বলেন, আবহমানকাল থেকেই যুদ্ধের ময়দানে জাতীয় মর্যাদার প্রতীক ‘পতাকা’ বহন করার রীতি প্রচলিত আছে। পতাকা হলো জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান এবং মর্যাদার প্রতীক। তাই পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব।প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক মন্দার কথা উল্লেখ করে দেশের প্রতি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনার মাধ্যমে সার্বিক উৎপাদন বাড়ানোর আহ্বান অনুষ্ঠানে পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীকে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Top