লোডশেডিংয়ের কারণে সবার কষ্ট হচ্ছে
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : লোডশেডিং থেকে মন্ত্রিসভার সদস্যরাও রেহাই পাচ্ছেন না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে সবার কষ্ট হচ্ছে। সোমবার আমার বাড়িতে রাত দেড়টার পর বিদ্যুৎ ছিল না। সবাই ধৈর্য ধরুন, এটা একটা বিশেষ পরিস্থিতি। সামনের বছর আরও খারাপের দিকে যেতে পারে। বিশ্বব্যাপী খাদ্যের অভাব দেখা দিতে পারে। এটা আমাদের কথা নয়, জাতিসংঘের কথা। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, গরমের তীব্রতা না কমলে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে না। তাপমাত্রা কমার দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। অর্থাৎ তাপমাত্রা কমলে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। এই সময় পর্যন্ত তিনি সবাইকে ধৈর্য ধরার আহবান জানান। লোডশেডিং নিয়ে আপাতত কিছুই করার নেই।প্রতিমন্ত্রী বলেন, শিল্পকারখানায় গ্যাস সরবরাহ করতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে। এ খাতে গ্যাস সরবরাহ করার কারণে সক্ষমতা থাকলেও বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। তিনি আরও বলেন, স্পট মার্কেটে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম বাড়ায় আমদানি করা যাচ্ছে না। এসব কারণেই মূলত মধ্যরাতেও লোডশেডিং হচ্ছে।
নসরুল হামিদ বলেন, জ্বালানি ঠিকমতো না পেলে এটা (লোডশেডিং) ম্যানেজ করা সম্ভব নয়। জ্বালানি পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ দরকার, সেই অর্থ আমাদের কাছে নেই। সেই পরিমাণ অর্থ নিয়ে যদি ডলার কিনতে চাই, তবে ডলারের ওপর চাপ সৃষ্টি হবে। সেখানে আমরা কন্ট্রোলে আছি। বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় পরিবর্তন করা হলো। এখন আরও বেশি লোডশেডিং হচ্ছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় খারাপের দিকে যাচ্ছে, তবে বেশি খারাপের দিকে যাচ্ছে না।প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের ধারণা ছিল অক্টোবরের দিকে বিদ্যুতের চাহিদা কমে আসবে। কারণ তখন আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে। কমের মধ্যে আমরা এটা ম্যানেজ করতে পারব। এছাড়া আমরা জ্বালানি আনতে পারছি না, আমাদের বিদ্যুৎকেন্দ্র বসে আছে। তাপমাত্রা কমলে চাহিদা কমে যাবে উল্লেখ করে তিনি বলেন, চাহিদা কমলে বিদ্যুৎ ম্যানেজ করতে পারব। এর আগে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নসরুল হামিদ বলন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়নে কাজ করতে হবে। সমন্বয়হীনতার জন্য অনেক অর্জনই ব্যর্থতায় পরিণত হতে পারে। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে টেক জায়ান্ট হুয়াওয়ে ও পাওয়ার সেলের যৌথ উদ্যোগে ‘টুগেদার ফর স্মার্ট অ্যান্ড গ্রিন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, গ্রিডের অটোমেশন করা সময়ের দাবি। এটা চাহিদা ও সরবরাহের মধ্যে স্বয়ংক্রিয়ভাবেই সমন্বয় করবে। তথ্যপ্রযুক্তি ও স্মার্ট ডিভাইসের সংযোজন বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে সুরক্ষিত রাখবে। বিদ্যুৎ ব্যবস্থাকে প্রচলিত গ্রিড থেকে স্মার্ট গ্রিডে রূপান্তরিত করতে প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট জনশক্তিকেও দক্ষ করে গড়ে তোলা আবশ্যক। ইলেকট্রিক ভেহিক্যাল পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। বাংলাদেশ ইতোমধ্যে চার্জিং গাইডলাইন সংক্রান্ত নীতিমালা প্রস্তুত করে ফেলেছে।
কর্মশালায় স্মার্ট গ্রিড, ইলেকট্রিক ভেহিক্যাল ও বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। স্মার্ট গ্রিড, সাইবার হামলা প্রতিরোধ, ডিজিটালাইজেশন, অটোমেশনের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ক্লিন এনার্জি এবং ইলেকট্রিক যানবাহন নিয়েও আলোচনা করা হয়। বিদ্যুৎ সচিব হাবিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান ঝানফেং বক্তব্য রাখেন।