ইভিএম ক্রয় প্রস্তাব প্রতিটির প্রাথমিক দাম ধরা হয়েছে দুই লাখ ৭৪ হাজার টাকা - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ইভিএম ক্রয় প্রস্তাব প্রতিটির প্রাথমিক দাম ধরা হয়েছে দুই লাখ ৭৪ হাজার টাকা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :বাজার দর যাচাই এবং যথাযথ সমীক্ষা ছাড়াই দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনতে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।এতে প্রতিটি মেশিনের প্রাথমিক দাম ধরা হয়েছে পৌনে তিন লাখ টাকা। আর প্রকল্পের সার্বিক ব্যয় ধরা হয়েছে ৭৭০০ কোটি টাকার বেশি।এতে মূলত চারটি মূল কম্পোনেন্ট রাখা হয়েছে। সেগুলো হচ্ছে-ইভিএম ক্রয়, সংরক্ষণ, জনবল ও প্রশিক্ষণ। মঙ্গলবার কমিশনের সভায় এ প্রকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে সঠিকভাবে ডিপিপি তৈরি না করায় ওই সভা মুলতবি করা হয়েছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।জানা গেছে, কঠোর গোপনীয়তার মধ্যে মঙ্গলবার ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশনের এ সভা হয়। এতে সিইসি ও তিনজন নির্বাচন কমিশনার অংশ নেন। নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা উপস্থিত ছিলেন না। এটি কমিশনের সপ্তম সভা। প্রায় ১ ঘণ্টার সভায় প্রচলন ভেঙে একাধিক যুগ্ম সচিবকে ডাকা হয়নি। এছাড়া ইসির যেসব কর্মকর্তাকে সভায় ডাকা হয়েছে তাদের কার্যপত্র দেওয়া হয়নি। শুধু নির্বাচন কমিশনার ও প্রকল্পসংশ্লিষ্ট কয়েকজনের কাছে ডিপিপির প্রস্তাব সীমাবদ্ধ ছিল। একাধিক যুগ্মসচিব বলেন, তাদের সভায় অংশ নিতে কোনো নোটিশ দেওয়া হয়নি। এ কারণে তারা সভায় অংশ নেওয়া থেকে বিরত ছিলেন।

ইভিএম প্রকল্প প্রস্তাবের বিষয়ে একাধিক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেন, ডিপিপির যে প্রস্তাব দেওয়া হয়েছে তা অপূর্ণাঙ্গ ও জোড়াতালির। সেখানে যেসব দর ধরা হয়েছে তার বেশিরভাগই আনুমাননির্ভর। এ কারণে প্রকল্প প্রস্তাব পুরোপুরি উপস্থাপন করার আগেই বৈঠক মুলতবি করা হয়। আগামী সপ্তাহের সোমবার এ সভা আবারও বসবে। এর মধ্যে ডিপিপির প্রস্তাবের ঘাটতিগুলো দূর করে ফের উপস্থাপনের নির্দেশ দেয় কমিশন।কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ইভিএমের বাজার দর যাচাইয়ের কমিটি আগেই করা হয়েছে। তারা এখনো কাজ শেষ করতে পারেনি। এ কারণে আজকের সভায় ইভিএম প্রকল্পর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। কমিশন এটি আরও পর্যালোচনা করবে। আমরা আশা করছি আগামী সপ্তাহের সোমবার সভা বসবে, সেখানে সিদ্ধান্ত হতে পারে।কমিশন সভার আলোচনার বিষয়ে তিনি বলেন, মূলত প্রতিটি ইভিএমের দর কত হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। বাজার দর যাচাইয়ের একটি কমিটি করা হয়েছিল। বাজার দর ওই কমিটি যাচাই করবেন। আগামী সভাতে এটি তুলে ধরবেন। তবে ইভিএম মেশিনের যন্ত্রাংশ কোন দেশ থেকে আমদানি করা হবে সে বিষয়ে কোনো কিছু বলতে রাজি হননি সচিব। জানাননি প্রকল্পের টাকার পরিমাণও।আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ভোটগ্রহণ সামনে রেখে দুই লাখ ইভিএম কিনতে এ প্রকল্প প্রস্তাবনা তৈরি করেছে ইসি। বর্তমানে ইসির হাতে দেড় লাখ ইভিএম রয়েছে। মাঠপর্যায়ে থাকা ৯৩ হাজার ৪১০টি ইভিএমের মধ্যে ৩০ শতাংশ অকেজো হয়ে গেছে বলে সম্প্রতি নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির এক ওয়ার্কশপে তথ্য তুলে ধরা হয়। এমন পরিস্থিতিতে নতুন ইভিএম কিনতে তোড়জোড় করছে ইসি।

বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেনকে প্রধান করে এর আগে একটি বাজার দর যাচাই কমিটি গঠন করা হয়। ইভিএম প্রচলিত মেশিন না হওয়ায় ওই কমিটি বাজার দর যাচাই করেনি। এছাড়া একেক দেশ একেক ধরনের ইভিএম করে থাকে, স্পেসিফিকেশনও ভিন্ন থাকে। এসব কারণে ওই কমিটি সুনির্দিষ্টভাবে প্রস্তাব দেয়নি। আরও জানা গেছে, সরকারের নিয়ম অনুযায়ী প্রতিটি ডিপিপির জন্য পৃথক সম্ভাব্য সমীক্ষা করার দরকার হয়। কিন্তু এ প্রকল্পের জন্য পৃথক কোনো সমীক্ষা করা হয়নি।এক কর্মকর্তা বলেন, সভায় নতুন প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক জনবল নিয়োগের প্রস্তাব করা হয়। আউটসোর্সিংয়ের মাধ্যমে এসব জনবল নিয়োগের কথা বলা হয়। এর যৌক্তিকতায় বলা হয়, বিদ্যমান ইভিএম প্রকল্পে মাত্র কয়েকজন জনবল রয়েছে, যা দিয়ে কাজ চালানো যাচ্ছে না। তবে বিপুলসংখ্যক জনবল আউটসোর্সিংয়ে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন এক নির্বাচন কমিশনার। তিনি বলেন, আউটসোর্সিংয়ের জনবল আজ আছে কাল থাকে না। এর বিকল্প কি হতে পারে তার প্রস্তাব দিতে বলা হয়েছে।সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার আরও বলেন, নির্বাচন কমিশন ইভিএম প্রকল্প নিয়ে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেন। অনেক বিষয় উনারা দেখেছেন ও নির্দেশনা দিয়েছেন। আগামী সপ্তাহে যে সভা হবে, সেই সভায় উনারা সিদ্ধান্ত নেবেন।

Top