দলমত নির্বিশেষে বাংলাদেশে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দলমত নির্বিশেষে বাংলাদেশে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলমত নির্বিশেষে বাংলাদেশে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। যেই গৃহহীন থাকবে তাকেই আমরা ঘর করে দেব, ঠিকানা দেব। জীবন-জীবিকার ব্যবস্থা করে দেব। দলমতে হয়তো ভিন্নতা থাকতে পারে, কিন্তু তাতে কিছু আসে যায় না। দেশটা তো আমাদের সবার। আমি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মানে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব আমার। মানুষকে আমি মানুষ হিসাবেই দেখি। প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে সেটাই আমি চাই। সেটাই আমার বাবার শিক্ষা। বৃহস্পতিবার সারা দেশে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহহীনদের মধ্যে আরও ২৬ হাজার ২২৯টি জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি ভূমিহীন-গৃহহীন মানুষের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আশ্রয়ণ প্রকল্প এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সবাইকে বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আজকে আমেরিকা, ইংল্যান্ডসহ উন্নত দেশগুলো সব জায়গায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার উদ্যোগ নিয়েছে। অনেক উন্নত দেশে খাদ্যের জন্য হাহাকার চলছে। এখনো আমরা দেশকে ভালোভাবে চালাতে পারছি। আমরা সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, সবাইকে অনুরোধ করব-বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে হবে। পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। আর এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে। খাদ্য উৎপাদন করতে হবে।করোনাভাইরাস সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রসঙ্গে সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, রাশিয়ার ওপর আমেরিকা নিষেধাজ্ঞায় দেওয়ায় আমাদের সার কিনতে সমস্যা হচ্ছে, খাদ্য কিনতে সমস্যা হচ্ছে। শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে মূল্যস্ফীতি বেড়েছে। জিনিসপত্রের দাম বেড়েছে। খাদ্যের জন্য উন্নত দেশগুলোয় পর্যন্ত হাহাকার দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, লন্ডনে এক লিটারের বেশি কেউ খাবারের তেল কিনতে পারেন না। আর আমাদের এখানে তো ইচ্ছা করলেই ৫ লিটার পর্যন্ত তেল কিনতে পারছি। কিন্তু প্রত্যেকেই সাশ্রয়ী হতে হবে। গৃহহীন ও ভূমিহীনদের উদ্দেশে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, ঘর-বাড়ি যা দিয়েছি-সেসব রক্ষা ও উন্নত করার দায়িত্ব আপনাদেরই। ঋণ দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে অনেকে কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পারছেন। আমরা চাই-এগুলো করে নিজের জীবনটাকে আরও উন্নত করবেন। সমাজকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রত্যেক মানুষকে নাগরিক সুবিধা দেওয়ার ব্যবস্থা আমরা করতে চাই। তিনি বলেন, আমাদের উদ্যোগের ফলে একটা প্রাথমিক সফলতা অর্জিত হয়েছে। এতে আমরা আনন্দিত। পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ সারা দেশে ৫২টি উপজেলা সম্পূর্ণভাবে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করা হয়েছে। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ঠিক এভাবে প্রতিটি জেলা-উপজেলাকে আমরা ভূমিহীন ও গৃহহীন মুক্ত করতে পারব। আমি বিশ্বাস করি-আমরা তা করে ফেলতে পারব।

কেউ গৃহহীন ও ভূমিহীন থাকলে আমাদের খবর দেবেন : প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার লোকজন, সরকারের বিভিন্ন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা খুঁজে দেখেন-একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন আছে কিনা? যদি থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিও তিনি একই আহ্বান জানান। একেবারে অবহেলিত প্রত্যেকটা মানুষের জন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সমাজের সব স্তরের মানুষের জন্যই আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করছি।৫২টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করার পেছনে যারা কাজ করেছেন প্রধানমন্ত্রী তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, এটা শুধু একটা ঘর নয়। এতে একটা পরিবার ও তাদের আগামী প্রজন্ম, ছেলেমেয়ে, নাতি-নাতনি সবার ভবিষ্যতের আশ্রয় ও ঠিকানা। স্বাধীন বাংলাদেশের যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, সেটা পূরণ করা আমার লক্ষ্য। সেজন্যই বোধহয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, কারণ মৃত্যুকে আমি বারবার সামনে থেকে দেখেছি। তবে কখনো আমি ঘাবড়ে যাইনি বা ভয় পাইনি। মৃত্যুর মুখোমুখি হয়েও সংগ্রাম চালিয়ে গেছি। শেখ হাসিনা বলেন, জাতির পিতার হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ মানুষের সংগঠন। কাজেই মানুষের জন্য আমাদের কাজ এবং সেটাই আমরা করে যাচ্ছি। সম্প্রতি সিলেট ও সুনামগঞ্জসহ কয়েকটি জেলায় বন্যা কবলিত মানুষের পাশে সরকার ও তার দল সহায়তার হাত বাড়িয়ে জনগণের পাশে দাঁড়িয়েছিল। শেখ হাসিনা বলেন, আগামীতে হয়তো দক্ষিণাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।স্পেন ও ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন জায়গায় বন পুড়ে যাচ্ছে। বিভিন্ন দেশে দাবানলের কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, কোনো কারণ ছাড়াই বনে আগুন জ্বলছে। বাড়ি-ঘর, রেললাইন সব গলে যাচ্ছে। ট্রেন চলতে পারছে না। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রানওয়ের পিচ গলে যাচ্ছে। প্লেন নামতে পারছে না। তিনি বলেন, জনগণকে সাশ্রয়ী হতে হবে। সেটা খাদ্য হোক বা অর্থ হোক। যাতে আপৎকালে পরিবার কষ্ট না পায়। আমরা সব সময় পাশে আছি, থাকব। নিজেদেরও ব্যবস্থা নিতে হবে। সতর্ক থাকতে হবে। খাদ্য উৎপাদন বাড়াতে কোনো জমি ফেলে না রাখার পরামর্শ দেওয়ার পাশাপাশি পশুপাখি পালনের তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, যে যা পারেন, কিছু একটা করেন; যেন আপনার নিজের খাবারের ব্যবস্থাটা আপনি নিজেই করতে পারেন। এর ফলে কারও কাছে আমাদের হাত পেতে চলতে হবে না।গণভবন প্রান্ত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। উদ্বোধনী বক্তব্য শেষে প্রধানমন্ত্রী পাঁচটি স্থানে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লক্ষ্মীপুরের রামগতির চড় পোড়াগাছা ইউনিয়নের চর কোলাকোপায় ভূমিহীনদের পুনর্বাসনের কাজ শুরু করেছিলেন, সেই রামগতিতে নতুন আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে মতবিনিময় করেন। বঙ্গবন্ধুর হাত থেকে আশ্রয়ণের জায়গা পাওয়া বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্দিন এ সময় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন।

জাতির পিতার দেওয়া জায়গায় শান্তিতে বসবাস করছি : লক্ষ্মীপুরের রামগতির বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্দিন বলেন, জাতির পিতার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম। স্বাধীন দেশে ভূমিহীন ও গৃহহীন ছিলাম। ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি চর পোড়াগাছা পরিদর্শন করেন বঙ্গবন্ধু। এ সময় ভূমিহীনদের পুনর্বাসনের জন্য বঙ্গবন্ধু আড়াই একর জমি দেন। সেখানে আমরা খুব সুখে-শান্তিতে বসবাস করছি। এরপর অনুভূতি ব্যক্ত করে নাসিমা আকতার বলেন, আমাদের মুখে এখন হাসি। আমরা সব সময় আপনার হাসিমুখ দেখতে চাই। আপনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন প্রধানমন্ত্রী হিসাবে বেঁচে থাকুন।

কখনো ভাবিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারব : বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্পের সঙ্গে প্রধানমন্ত্রী যুক্ত হন। সেখানে জলদস্যু জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা উপকারভোগী আবদুল হান্নান নিজের অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, আমাদের ৯ সদস্যের পরিবারের খরচ চালাতে বাবা পারছিলেন না। সংসারের কথা বিবেচনা করে জলদস্যুতার জীবন বেছে নিয়েছিলাম। খেয়ে না খেয়ে সুন্দরবনে দুঃসহ জীবন কাটিয়েছি। আপনি (প্রধানমন্ত্রী) আমাকে সুন্দর জীবন দিয়েছেন। আপনার দেওয়া সাধারণ ক্ষমায় আমি সুন্দর জীবন পেয়েছি। এখন ঘর দিলেন। কখনো ভাবিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারব, গ্রামে আসতে পারব। সেই সুযোগ হয়েছে।

ঘর পাওয়ায় স্বামী ফিরে এসেছে : ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর ভেলামারী আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী জমিলা খাতুন বলেন, স্বামী আমাকে ফেলে চলে গিয়েছিল। প্রধানমন্ত্রী আপনি ঘর দেওয়ার পর স্বামী আবার আমার কাছে ফিরে এসেছে। আমি এখন অনেক সুখী। আরেক উপকারভোগী নাসিমা খাতুন বলেন, চার সন্তান রেখে স্বামী চলে যায়। এক সন্তানকে দত্তক দেই। অন্যের জমিতে থেকে সন্তানদের পড়ালেখা করিয়েছি। আমার কোনো ঘর ছিল না। আপনি ঘর দিয়েছেন। প্রধানমন্ত্রী আপনি আমাদের কাছে আসবেন, ডাল-ভাত খেয়ে যাবেন। উত্তরে শেখ হাসিনা বলেন, আসার চেষ্টা করব।

এখন নিজস্ব ঠিকানায় চিঠি পাব : মাগুরার জাঙ্গালিয়া আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী শাহীনুর বেগম, শিক্ষার্থী প্রিয়াংকা সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। শাহীনুর বলেন, ঘর পেয়ে অনেক খুশি। পদ্মা সেতু হওয়ায় অনেক খুশি হয়েছি। কারণ আমার বাবার বাড়ি নরসিংদীতে। ২০২০ সালে মা মারা যান। ফেরি ৩ ঘণ্টা দেরি করায় মায়ের মুখ দেখতে পারিনি। এখন বাবার বাড়ি যেতে আর ফেরির অপেক্ষা করতে হবে না। শিক্ষার্থী প্রিয়াংকা বলেন, বাবা একজন ভ্যানচালক। আমাদের কোনো ঠিকানা ছিল না। এখন ঠিকানা পেয়েছি। আগে মনে মনে বলতাম, আমাদের কী নিজস্ব ঠিকানা হবে না? নিজস্ব ঠিকানার অভাবে চিঠি পাব না? এখন আপনি ঘর দিয়েছেন। নিজস্ব ঠিকানায় চিঠি পাব।

পঞ্চগড়ে ‘প্রধানমন্ত্রীর জান্নাত’ : পঞ্চগড় সদরের মাহানা পাড়ার আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় শ্রেণির শিক্ষার্র্থী জান্নাতুন নাহার জান্নাত নিজের অনুভূতির কথা প্রধানমন্ত্রীকে জানায়। ইউনিয়ন পরিষদ নির্বাচনের পোস্টার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কেটে তা নিজের পড়ার টেবিলে সাজিয়ে রেখেছে রিকশাচালক রবিউলের মেয়ে জান্নাত। এলাকার সবাই তাকে ‘শেখ হাসিনার জান্নাত’ নামে ডাকে। আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে জান্নাত প্রধানমন্ত্রীকে জানায়, ‘ঘর পেয়ে অনেক খুশি। বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। আপনাকে অনেক ভালোবাসি। আপনার ছবি ঘরে টাঙিয়ে রেখেছি। প্রতিদিন পরিষ্কার করি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। তুমি অবশ্যই ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারবে। কান্নাজড়িত কণ্ঠে রিকশাচালক রবিউল বলেন, দীর্ঘদিন ঢাকায় রিকশা চালিয়েছি। বড় বড় দালান দেখে মনে মনে ভাবতাম, আমার কি একটা টিনের ঘরও হবে না? প্রধানমন্ত্রী আপনি সে ব্যবস্থা করেছেন। এক মা আমাকে জন্ম দিয়েছেন, আরেক মা আপনি ঘর দিলেন।

Top